Home SportsFIFA 2026 রাইসের অসুস্থতা কাটছে, আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে প্রস্তুত ইংল্যান্ড

রাইসের অসুস্থতা কাটছে, আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে প্রস্তুত ইংল্যান্ড

মেসিকে ঘিরে বাড়তি উত্তেজনা নয়, ‘মাথা ঠান্ডা রাখাই জয়ের চাবিকাঠি’— বার্তা জর্ডান পিকফোর্ডের

Authored By নির্ণয় চট্টোপাধ্যায়
14 views 3 minutes read
A+A-
Reset

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর— ডেকলান রাইসের অসুস্থতা অনেকটাই সেরে উঠেছে। বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিরুদ্ধে মহারণে আর্সেনাল মিডফিল্ডার প্রথম একাদশেই থাকবেন বলেই জানা যাচ্ছে।নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বিরতির সময় রাইসকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন কোচ টমাস টুখেল। পরে তিনি জানান, ম্যাচের আগে টানা তিন দিনের বেশির ভাগ সময়ই রাইস অসুস্থতার কারণে বিছানায় কাটিয়েছিলেন। তবে ইংল্যান্ড দল কানসাস সিটিতে ঘাঁটিতে ফিরে আসার পর থেকেই তাঁর অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। মঙ্গলবার দল আটলান্টার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সম্পূর্ণ অনুশীলন করেন এবং এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

তবে রাইসকে নিয়ে আশাবাদী হলেও ইংল্যান্ডের চিন্তা পুরোপুরি কাটেনি। নরওয়ে ম্যাচে পায়ে টান ধরায় মাঠ ছাড়তে হয়েছিল এজরি কনসাকে। তবু অ্যাস্টন ভিলার এই ডিফেন্ডার ডান প্রান্তে আবারও শুরু থেকেই খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে চেলসির অধিনায়ক রিস জেমসকে প্রথম একাদশে ফেরানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বদলি হিসেবে নেমে নরওয়ের বিরুদ্ধে দারুণ প্রভাব ফেলেছিলেন বুকায়ো সাকা। ফলে তাঁকেও শুরু থেকেই নামানো হতে পারে।

এদিকে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার বিরুদ্ধে বহু পুরনো প্রতিদ্বন্দ্বিতা বা আবেগে ভেসে গেলে চলবে না। তাঁর মতে, ইংল্যান্ডের সাফল্যের অন্যতম কারণই হল নিজেদের সংযত রাখা।

পিকফোর্ড বলেন, “এই টুর্নামেন্টে সবাই দেখেছে, আমরা শিরোপা জিততে কতটা মরিয়া। কিন্তু সেই আবেগের মধ্যেও আমরা কোনও অযথা ঝামেলায় জড়াইনি। কোনও সিদ্ধান্ত আমাদের পক্ষে যাক বা বিপক্ষে, আমরা দ্রুত পরিস্থিতি মেনে নিয়ে আবার খেলায় মন দিই। আমাদের মানসিকতার এটাই সবচেয়ে বড় শক্তি। আমরা উত্তেজনায় ভেসে যাই না, ফুটবলকেই কথা বলতে দিই।”এই সেমিফাইনালই হবে লিওনেল মেসির বিরুদ্ধে পিকফোর্ডের প্রথম ম্যাচ। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের মুখোমুখি হওয়ার উত্তেজনার চেয়ে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন পুরো আর্জেন্টিনা দলকে।

ইংল্যান্ড গোলরক্ষকের কথায়, “মেসির বিরুদ্ধে প্রথমবার খেলতে পারব, এটা অবশ্যই বিশেষ অনুভূতি। ছোটবেলা থেকে ওকে দেখে বড় হয়েছি। কিন্তু আমরা জানি, শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই অসাধারণ শক্তিশালী। তাই আমাদের মনোযোগ একজনের দিকে নয়, পুরো দলের দিকে থাকতে হবে।”আটলান্টার স্টেডিয়ামে বুধবার হাজার হাজার ইংল্যান্ড ও আর্জেন্টিনা সমর্থক উপস্থিত থাকবেন। অনেক আসনই আলাদা করে ভাগ করা নেই, ফলে নিরাপত্তা নিয়ে প্রশাসন বিশেষ সতর্ক। তবে পিকফোর্ড মনে করেন, মাঠের বাইরের আবহ নয়, মাঠের ভেতরের ফুটবলই শেষ কথা বলবে।

তিনি বলেন, “এটা শেষ পর্যন্ত একটা ফুটবল ম্যাচ। দুই দেশের উন্মুখ সমর্থক থাকবে, এটাই তো ফুটবলের সৌন্দর্য। আমরা দু’টোই গর্বিত ফুটবল জাতি। কিন্তু ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্স। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা চার দলের মধ্যে রয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্স। আমরা সবাই ফাইনালে ওঠার লড়াই করছি। আমাদের লক্ষ্য একটাই— আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছনো।”

২০১৮ বিশ্বকাপে গ্যারেথ সাউথগেটের অধীনে সেমিফাইনালে খেলেছিলেন পিকফোর্ড। ইউরো ২০২১ এবং ২০২৪-এও ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করতে হয়েছে। এখনও পর্যন্ত ক্লাব কিংবা দেশের হয়ে কোনও বড় ট্রফি জেতা হয়নি তাঁর। তবু তিনি এখনই ট্রফির স্বপ্নে বিভোর হতে রাজি নন।পিকফোর্ড বলেন, “অবশ্যই বিশ্বকাপ জেতাই আমাদের স্বপ্ন। কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে শুধু বুধবারের ম্যাচ। আর্জেন্টিনা অসাধারণ প্রতিপক্ষ। পুরনো প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভাবার সময় নেই। নিজেদের সেরা ফুটবল খেলেই ফাইনালে উঠতে হবে। এখন সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও যোগ করেন, “২০১৮ সালে আমাদের লক্ষ্য ছিল গোটা দেশকে একসঙ্গে আনন্দ দেওয়া। আবার আমরা বিশ্বকাপের সেমিফাইনালে। এবারও চাই ইংল্যান্ডের মানুষকে হাসির কারণ উপহার দিতে।”এদিকে ফিফা জানিয়ে দিয়েছে, আটলান্টার এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল পরিচালনা করবেন মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। মেজর লিগ সকারে নিয়মিত দায়িত্ব পালন করা এলফাথ এই বিশ্বকাপে এর আগে নরওয়ে ও ব্রাজিলের শেষ ষোলো ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles