পারস্য উপসাগরের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিপজ্জনক হরমুজ প্রণালী অতিক্রম করতে তাঁদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন একটি বাণিজ্যিক জাহাজে থাকা ১৬ জন ভারতীয় নাবিক। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তাঁরা ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ এবং দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘এএম পাইওনিয়ার’ জাহাজটির মালিক ও পরিচালকেরা জাহাজের ক্যাপ্টেনের উপর চাপ সৃষ্টি করছেন। তাঁদের দাবি, ১৬ জন ভারতীয় নাবিককে নিয়েই জাহাজটিকে হরমুজ প্রণালী পার করাতে হবে। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া এই অভিযোগ প্রকাশ্যে এনে বলেছে, বাণিজ্যিক স্বার্থে নাবিকদের জীবন বিপন্ন করা হচ্ছে।

সংগঠনের বক্তব্য, জাহাজটির নাবিকেরা স্পষ্টভাবে হরমুজ প্রণালী পেরোতে অস্বীকার করেছেন। যোগাযোগব্যবস্থা বন্ধ রেখে এবং জাহাজের পরিচয় গোপন করার মতো ‘অন্ধকার পরিস্থিতিতে’ তাঁরা যাত্রা করবেন না। ইউনিয়নের কথায়, কোনও জাহাজমালিকের লাভ বা সুবিধার জন্য নাবিকদের মৃত্যুর ঝুঁকি নিতে বলা যায় না।

জাহাজের এক ভারতীয় কর্মী অনিল রাজ জানিয়েছেন, ‘এএম পাইওনিয়ার’ গত মাসে সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাস আল খাইমা বন্দরে গিয়েছিল। কিন্তু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর নাবিকেরা আর হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করতে রাজি নন। তাঁদের আশঙ্কা, জাহাজটি হামলার লক্ষ্য হলে দ্রুত উদ্ধার বা চিকিৎসার সুযোগও মিলবে না।

নাবিক ইউনিয়ন অবিলম্বে ১৬ জনকে সম্পূর্ণ বেতন ও প্রাপ্য অর্থ মিটিয়ে দেশে ফেরানোর দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তরকে পরিস্থিতির কথা জানানো হয়েছে। ভারতের নৌপরিবহণ মহানির্দেশালয়, বন্দর-জাহাজ ও জলপথ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি ভারতীয় নাবিকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। গত কয়েক দিনে একাধিক বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে এবং নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগেও ওই অঞ্চলে হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে ভারতের নৌপরিবহণ নিয়ন্ত্রক সংস্থা জাহাজমালিক, পরিচালন সংস্থা এবং নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে ভারতীয়দের নিয়োগ না করার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও ‘এএম পাইওনিয়ার’-এর নাবিকদের উপর চাপ তৈরির অভিযোগ ওঠায় সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়নের দাবি, ভারতীয় নাবিকদের মতামত উপেক্ষা করে জাহাজ চালানো চলবে না। তাদের স্পষ্ট বক্তব্য—প্রত্যাবাসন, পূর্ণ বেতন ও সমস্ত পাওনা মেটানোর প্রশ্নে কোনও আপস গ্রহণযোগ্য নয়।