দাড়ি ধরে বাস ছিনতাই!

যা জানা জরুরি
- ইংল্যান্ডের টেলফোর্ডে এক শিখ বাসচালককে মারধর করে তাঁর দাড়ি ধরে টেনে বাস ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
- বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারেন তিনি বলে জানিয়েছে পুলিশ।
- শেষ পর্যন্ত ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় ৩৩ বছরের ওই ব্যক্তিকে।
বিস্তারিত প্রতিবেদন
ইংল্যান্ডের টেলফোর্ডে এক শিখ বাসচালককে মারধর করে তাঁর দাড়ি ধরে টেনে বাস ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারেন তিনি বলে জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় ৩৩ বছরের ওই ব্যক্তিকে। চালককে নিগ্রহের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
ওয়েস্ট মার্সিয়া পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট নাগাদ টেলফোর্ডের মেডলি এলাকার কোর্ট স্ট্রিটে এক বাসচালকের উপর হামলার খবর আসে। অভিযোগ, প্রথমে চালককে বাস থেকে টেনে বার করে মারধর করা হয়। এর পর অভিযুক্ত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে রাস্তার উল্টো দিক ধরে চালাতে শুরু করেন। কিছুটা এগিয়েই একাধিক গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
বাসটি থামার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বাস ছিনতাই এবং বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধৃতের নাম আলি বালহাদ। তিনি ইয়েমেনের নাগরিক। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে টেলফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করার কথা।
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যায়, বচসার মধ্যে শিখ চালককে বারবার আঘাত করছেন অভিযুক্ত। এক সময় মাথা দিয়ে চালকের মাথায় আঘাত করেন তিনি। তার পর চালকের দাড়ি ধরে টানতেও দেখা যায় তাঁকে।
ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিলেন এক মহিলা। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “আপনি ওঁর গায়ে এ ভাবে হাত দিচ্ছেন কেন?” এ দিকে সাহায্যের জন্য ওই মহিলার কাছে আবেদন করতে শোনা যায় চালককে। তিনি বলেন, “দয়া করে পুলিশকে ফোন করবেন?”
পুলিশ জানিয়েছে, হামলায় চালক সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসাকর্মীরা তাঁর প্রাথমিক চিকিৎসা করেন।
ওয়েস্ট মার্সিয়া পুলিশের গোয়েন্দা বিভাগের সার্জেন্ট টাই ল্যানি বলেন, “আমরা বুঝতে পারছি, এ সন্ধ্যার ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে থাকতে পারেন। তাঁদের আশ্বস্ত করতে চাই, পুলিশ দ্রুত সাড়া দিয়েছে। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।”
তদন্ত এখনও চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে পুলিশ। বিশেষ করে কোর্ট স্ট্রিট, পার্ক ওয়ে বা হাই স্ট্রিট এলাকায় ঘটনার সময় কোনও গাড়ির ড্যাশক্যাম, সিসিটিভি, মোবাইল ফোন কিংবা বাড়ির দরজার ক্যামেরায় দৃশ্য ধরা পড়ে থাকলে তা পুলিশের কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সার্জেন্ট ল্যানি বলেন, ঘটনার কোনও ছবি বা ভিডিয়ো থাকলে তদন্তে তা গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তাই প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট ফুটেজের মালিকদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ওয়েস্ট মার্সিয়া পুলিশ।
সূত্র ও সম্পাদকীয় নোট
প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।



