Home সংস্কৃতি ও বিনোদন ভারতে কাটছাঁট, গ্রেট ব্রিটেনে অবিকৃত—‘যেমন বানানো হয়েছিল’, তেমনভাবেই মুক্তি পাচ্ছে বিজয়ের জনা নায়াগন

ভারতে কাটছাঁট, গ্রেট ব্রিটেনে অবিকৃত—‘যেমন বানানো হয়েছিল’, তেমনভাবেই মুক্তি পাচ্ছে বিজয়ের জনা নায়াগন

Authored By Diptyajit Roy Chowdhury
13 views 2 minutes read
A+A-
Reset

দীর্ঘ সাত মাসের অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জনা নায়াগন’। ছবিটি শুধু বিজয়ের শেষ অভিনীত সিনেমা বলেই নয়, তাঁর রাজনৈতিক জীবনে পূর্ণমাত্রায় প্রবেশের আগে শেষ বড় পর্দার উপস্থিতি হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে। কিন্তু মুক্তির আগেই ছবিটিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতে সেন্সর বোর্ডের নির্দেশে কাটছাঁটের পর ছবিটি মুক্তি পেলেও, গ্রেট ব্রিটেনের দর্শকরা দেখতে পাবেন ছবির সম্পূর্ণ অবিকৃত সংস্করণ।

গ্রেট ব্রিটেনে ‘জনা নায়াগন-এর পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট রবিবার এক্স (সাবেক টুইটার)-এ ঘোষণা করে যে, সেখানে ছবিটি ১৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য অনুমোদিত হয়েছে এবং কোনও ধরনের কাটছাঁট বা পরিবর্তন করা হয়নি। সংস্থাটি লিখেছে, “তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। জনা নায়াগন ২৪ জুলাই থেকে গ্রেট ব্রিটেনের প্রেক্ষাগৃহে—অবিকৃত, ১৫-রেটেড। সমস্ত অ্যাকশন, সমস্ত গণ-উন্মাদনা, সমস্ত থালাপতি আবেগ—যেমনভাবে ছবিটি নির্মিত হয়েছিল, ঠিক সেভাবেই দর্শকদের সামনে আসবে। শেষবারের মতো।

এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক অনুরাগীর প্রশ্ন, যদি গ্রেট ব্রিটেনে ছবিটি বিনা কাটছাঁটে মুক্তি পেতে পারে, তাহলে ভারতীয় দর্শকদের কেন পরিবর্তিত সংস্করণ দেখতে হবে?

ভারতে ‘জনা নায়াগন সম্প্রতি কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (সিবিএফসি)-র কাছ থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) শংসাপত্র পেয়েছে। তবে সেই অনুমোদন পেতে নির্মাতাদের একাধিক দৃশ্যে পরিবর্তন আনতে হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, কিছু সহিংস দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে এবং কয়েকটি সংলাপেও সংশোধন আনা হয়েছে। যদিও নির্মাতারা এখনও কাটছাঁটের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেননি।

পরিচালক এইচ ভিনোথের এই ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়ামণি, নারায়ণ, মমিতা বাইজু এবং মনসুর আলি খান। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

‘জনা নায়াগন শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, এটিই বিজয়ের ঘোষিত শেষ চলচ্চিত্র। রাজনীতিতে পূর্ণসময়ের ভূমিকা নেওয়ার সিদ্ধান্তের পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ফলে ছবিটিকে ঘিরে তাঁর অনুরাগীদের আবেগও তুঙ্গে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ভারতে সেন্সর-পরিবর্তিত সংস্করণ এবং বিদেশে অবিকৃত সংস্করণ মুক্তির ঘটনা নতুন নয়। বিভিন্ন দেশে চলচ্চিত্র শ্রেণিবিভাগের নীতি আলাদা হওয়ায় একই ছবি ভিন্ন ভিন্ন সংস্করণে মুক্তি পায়। তবে বিজয়ের মতো জনপ্রিয় তারকার শেষ ছবির ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।

২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জনা নায়াগন। এখন দেখার বিষয়, সেন্সর বিতর্ক ছবির বাণিজ্যিক সাফল্যে কোনও প্রভাব ফেলে কি না, নাকি বিজয়ের শেষ পর্দা-উপস্থিতির আবেগই সব বিতর্ককে ছাপিয়ে যায়।

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles