হাইলাইটস
- ই-রিকশার ব্যাটারি দূর থেকে বন্ধ করার অভিযোগে ৭টি অ্যাপ সরাতে নির্দেশ কেন্দ্রের।
- ভাইরাল ভিডিওর পর নড়েচড়ে বসে তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
- ব্লুটুথের মাধ্যমে ব্যাটারির নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগে তদন্ত।
- চালক ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপের বার্তা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঘিরে বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। ই-রিকশার ব্যাটারি দূর থেকে নিয়ন্ত্রণ করে গাড়ি বন্ধ করার অভিযোগে ব্যবহৃত সাতটি মোবাইল অ্যাপ সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। ভাইরাল ভিডিওগুলিতে দেখা যায়, কিছু ব্যক্তি ব্লুটুথের মাধ্যমে ই-রিকশার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে (BMS) প্রবেশ করে চলন্ত বা দাঁড়িয়ে থাকা গাড়ি আচমকাই বন্ধ করে দিচ্ছেন। এতে চালকদের কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি সূত্রের দাবি, অভিযোগ খতিয়ে দেখার পরই অ্যাপল ও গুগলকে নোটিস পাঠানো হয়েছে। নির্দেশে সংশ্লিষ্ট সাতটি অ্যাপ দ্রুত অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে BAT-BMS, SMART BMS এবং LOSSIGY-সহ কয়েকটি ব্যাটারি-পরিচালনা অ্যাপের নাম সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু ই-রিকশার ব্যাটারি ব্যবস্থায় পর্যাপ্ত সাইবার সুরক্ষা ছিল না। অনেক ক্ষেত্রে ব্লুটুথ সংযোগে পাসওয়ার্ড বা শক্তিশালী পরিচয় যাচাইয়ের ব্যবস্থা না থাকায় যে কেউ সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করে ব্যাটারির নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পাচ্ছিল।
গত কয়েক দিনে ‘প্র্যাঙ্ক’ হিসেবে এমন বহু ভিডিও ছড়িয়ে পড়ে। কিন্তু তার খেসারত দিতে হয়েছে ই-রিকশা চালকদের। মাঝপথে গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় আয় নষ্ট হওয়ার পাশাপাশি কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণন জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অ্যাপ যাতে কোনওভাবেই অ্যাপ স্টোরে জায়গা না পায়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতেও ক্ষতিকর অ্যাপের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।
সাইবার বিশেষজ্ঞদের মতে, মালিকের অনুমতি ছাড়া কোনও ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ করে তার কার্যক্রমে হস্তক্ষেপ করা তথ্যপ্রযুক্তি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ধরনের ‘প্র্যাঙ্ক’ আদতে গুরুতর সাইবার অপরাধের সামিল বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।ভারতে দ্রুত বাড়ছে ই-রিকশার ব্যবহার। সেই প্রেক্ষাপটে এই ঘটনা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে নির্মাতাদের আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, বাধ্যতামূলক পাসওয়ার্ড এবং উন্নত সফটওয়্যার সুরক্ষার ওপর জোর দিতেই হবে।