International

দুই জাহাজ অপহৃত, বন্দি ২২ ভারতীয়

এক নজরে

যা জানা জরুরি

  • নিজস্ব সংবাদদাতা: সোমালিয়া ও ইয়েমেন উপকূলে চলতি সপ্তাহে সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে দু’টি বাণিজ্যিক জাহাজ।
  • বিষয়টি সম্পর্কে অবহিত সূত্র জানিয়েছে, জাহাজ দুটির পরিচালন সংস্থা ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
  • এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন।

বিস্তারিত প্রতিবেদন

নিজস্ব সংবাদদাতা: সোমালিয়া ও ইয়েমেন উপকূলে চলতি সপ্তাহে সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে দু’টি বাণিজ্যিক জাহাজ। ওই দুই জাহাজে মোট ২২ জন ভারতীয় নাবিক রয়েছেন। বিষয়টি সম্পর্কে অবহিত সূত্র জানিয়েছে, জাহাজ দুটির পরিচালন সংস্থা ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন।

অপহৃত জাহাজ দুটির একটি এরিত্রিয়ার পতাকাবাহী তেলজাত পণ্য পরিবহণকারী ট্যাঙ্কার ‘সিবু ১’। বৃহস্পতিবার ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। অন্যটি ক্যামেরুনের পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ ‘লুতুফ’। সোমবার, ১৭ আগস্ট সোমালিয়া উপকূলের অদূরে সেটি অপহৃত হয়।

‘সিবু ১’-এ মোট ২০ জন নাবিক রয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়। ‘লুতুফ’-এ থাকা ১০ জনের মধ্যে ভারতীয় নাবিকের সংখ্যা ছ’জন। জানা গিয়েছে, ‘লুতুফ’-এ তুরস্কের অস্ত্রশস্ত্র, যোগাযোগের সরঞ্জাম এবং উপগ্রহ-সংক্রান্ত যন্ত্রপাতি পরিবহণ করা হচ্ছিল।

‘সিবু ১’-কে ঘিরে রয়েছে আরও একটি তথ্য। জাহাজটির পূর্বতন নাম ছিল ‘সিগাল’। ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে আমেরিকা জাহাজটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।

ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার ছ’জন সশস্ত্র ব্যক্তি একটি ট্যাঙ্কারে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ইউকেএমটিও-র জারি করা সতর্কবার্তাটি ‘সিবু ১’-কে ঘিরেই ছিল বলে সূত্রের দাবি।

অন্য একটি সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, সোমালিয়া উপকূলের কাছে আটজন ‘সশস্ত্র অননুমোদিত ব্যক্তি’ একটি পণ্যবাহী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ দখল করেছে। পরে জানা যায়, সেটি ‘লুতুফ’।

শুক্রবার পর্যন্ত দুই জাহাজের কোনওটিই নিজেদের অবস্থান-সংক্রান্ত সঙ্কেত পাঠাচ্ছিল না। ফলে আশঙ্কা করা হচ্ছে, জলদস্যুরা জাহাজের অবস্থান শনাক্তকারী স্বয়ংক্রিয় প্রেরণযন্ত্র বন্ধ করে দিয়েছে।

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এমনিতেই চাপে। এর মধ্যেই ফের মাথাচাড়া দিয়েছে জলদস্যুতা। গত এক দশকে সোমালি জলদস্যুদের তৎপরতা অনেকটাই কমে এসেছিল। কিন্তু চলতি বছরে ফের একাধিক জাহাজ অপহরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জাহাজ চলাচল বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক নৌবাহিনীগুলি পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালীর দিকে তাদের নজরদারি ও সামরিক সম্পদের বড় অংশ সরিয়ে নেওয়ায় পূর্ব ও উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে নিরাপত্তার ফাঁক তৈরি হয়েছে। বিশেষ করে এডেন উপসাগর, লোহিত সাগর এবং সোমালিয়া উপকূলবর্তী এলাকায় সেই সুযোগেই জলদস্যুদের তৎপরতা বাড়ছে বলে তাঁদের ধারণা।

এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের ঝুঁকিও স্বাভাবিক ভাবেই বেশি। ‘বিমকো-আইসিএস সিফেয়ারার ওয়ার্কফোর্স রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, বিশ্ব জাহাজ পরিবহণ শিল্পে ৩ লক্ষ ১১ হাজার ৯৩৬ জন সামুদ্রিক পেশাজীবী সরবরাহ করে ভারত। নাবিক সরবরাহের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট নাবিকের ১২.২ শতাংশ ভারতীয়। এই তালিকায় ভারতের আগে রয়েছে শুধু ফিলিপিন্স। চিন, রাশিয়া ও ইন্দোনেশিয়া রয়েছে ভারতের পিছনে। ফলে বিশ্বের বিভিন্ন বাণিজ্যপথে নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি বাড়লে ভারতীয় নাবিকদেরও তার সরাসরি প্রভাব পড়ে।

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতেও সেই ঝুঁকি স্পষ্ট হয়েছে। একাধিক হামলার শিকার বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিক ছিলেন। কয়েকটি ঘটনায় জাহাজ ক্ষতিগ্রস্ত বা বিকল হয়ে যাওয়ার পর আঞ্চলিক সামরিক বাহিনীকে অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করতে হয়েছে। কয়েক জন ভারতীয় নাবিক প্রাণও হারিয়েছেন।

এ বার সোমালিয়া ও ইয়েমেন উপকূলে একসঙ্গে দু’টি জাহাজ অপহরণে নতুন করে প্রশ্ন উঠছে—বাণিজ্যপথে নিরাপত্তা কি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আপাতত নজর ২২ ভারতীয় নাবিকের নিরাপদ মুক্তির দিকেই।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

বাংলাস্ফিয়ার ডেস্ক

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles