বেঙ্গালুরু: কাবেরী নদীর জল-বণ্টন নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর পুরনো বিবাদ ফের উত্তপ্ত। আর তার আঁচ এবার পড়ল সিনেমা হলেই! জল-বিতর্ককে ঘিরে উত্তেজনার জেরে কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে বন্ধ করে দেওয়া হয়েছে তামিল তারকা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’-এর প্রদর্শন।
কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র পেতে দেরি হওয়ার পর মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী ছবিটির আয় পেরিয়ে গিয়েছে ২৫০ কোটির গণ্ডি। কিন্তু কাবেরী বিতর্কের জেরে কর্নাটকে আপাতত সেই সাফল্যের পথে বড় ধাক্কা।
কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (সিডব্লিউএমএ) কর্নাটককে তামিলনাড়ুর জন্য নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ার নির্দেশ দেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে কারণে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ ‘জন নায়াগন’-এর শো বাতিল করেছে।
কোথাও আবার সিনেমার পোস্টারও সরিয়ে ফেলা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মান্ড্য জেলার কয়েকটি সিনেমা হলে কন্নড়পন্থী সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বেঙ্গালুরুর সম্পিগে থিয়েটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিনের সমস্ত শো বাতিল করেছে। অন্যত্র বিজয়ের পোস্টার খুলে ফেলা হয়েছে কিংবা অন্য ছবির পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
ফের সুপ্রিম কোর্টের পথে কাবেরী?
কাবেরী জল-বণ্টন নিয়ে দুই রাজ্যের রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, সিডব্লিউএমএ-র নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আনুষ্ঠানিক আপত্তি জানাবে।
অন্যদিকে, তামিলনাড়ুর আইনমন্ত্রী সিটিআর নির্মল কুমার শুক্রবার জানিয়েছেন, কাবেরীর জলে রাজ্যের ন্যায্য অংশ নিশ্চিত করতে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
কাবেরী নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর বিবাদ অবশ্য নতুন নয়। কেরল ও পুদুচেরিকেও জড়িয়ে থাকা এই জল-বণ্টন সমস্যা বহু দশকের পুরনো। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের মামলার নিষ্পত্তি করলেও, বৃষ্টিপাত কম হলে জল ছাড়ার নির্দেশ ঘিরে দুই রাজ্যের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়।
বক্স অফিসে অবশ্য বিজয়ের দৌড় থামেনি
কর্নাটকে বিতর্কের মুখে পড়লেও বক্স অফিসে ‘জন নায়াগন’-এর দৌড় এখনও অব্যাহত। ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটির নিট আয় ছিল ৪২.৭০ কোটি টাকা। যদিও বৃহস্পতিবার, মুক্তির অষ্টম দিনে, স্যাকনিল্কের হিসাব অনুযায়ী ছবিটির দৈনিক আয় কমে দাঁড়ায় ৪.০৫ কোটি টাকা।
তবু বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ইতিমধ্যেই ২৬২.৩৩ কোটি টাকা। এই পরিসংখ্যানের জেরে ২০২৬ সালের এখনও পর্যন্ত সর্বাধিক আয়কারী ভারতীয় ছবির তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘জন নায়াগন’।
এইচ. ভিনোথ পরিচালিত ছবিতে বিজয়ের সঙ্গে রয়েছেন ববি দেওল, প্রকাশ রাজ ও পূজা হেগড়ে। গল্পে এক পুলিশ আধিকারিক দুর্নীতিগ্রস্ত কর্পোরেট ও রাজনৈতিক চক্রের বিরুদ্ধে লড়াই করেন এবং একইসঙ্গে নিজের দত্তক কন্যাকে রক্ষা করার চেষ্টা করেন।
তবে ছবিটির বক্স অফিস সাফল্যের বাইরেও ‘জন নায়াগন’কে ঘিরে আগ্রহের বড় কারণ অন্যত্র—এটিই বিজয়ের অভিনীত শেষ ছবি। রাজনীতিতে সক্রিয়ভাবে পা রাখার পর অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বিজয়ের ক্ষেত্রে তাই এই ছবির প্রতিটি ঘটনা বাড়তি গুরুত্ব পাচ্ছে। আর এবার সেই ছবিই কাবেরী বিতর্কের জেরে কর্নাটকে রাজনৈতিক উত্তাপের মুখে।