তেলুগু ছবির বিতর্কিত অথচ প্রভাবশালী পরিচালক রাম গোপাল বর্মা (আরজিভি) খুব একটা সহজে কারও প্রশংসা করেন না। বরং তাঁর তীক্ষ্ণ মন্তব্য ও অকপট সমালোচনার জন্যই তিনি বেশি পরিচিত। সেই আরজিভিই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন অখিল অক্কিনেনিকে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লেনিন’ দেখে তিনি শুধু ছবিরই প্রশংসা করেননি, অখিলকে অক্কিনেনি পরিবারের ‘সেরা অভিনেতা’ বলেও ঘোষণা করেছেন। এমনকি মন্তব্য করেছেন, অভিনয়ের নিরিখে অখিল তাঁর বাবা, তেলুগু সুপারস্টার নাগার্জুনকেও ছাপিয়ে গিয়েছেন।
ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সেই সাফল্যের জন্য প্রথমে সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অখিলকে অভিনন্দন জানান রাম গোপাল বর্মা। তিনি লেখেন, “হে অখিল, ‘লেনিন’-এর ব্লকবাস্টার সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন।”
আরজিভির এই বার্তার জবাবে অখিল বিনয়ের সঙ্গে পরিচালককে ছবিটি দেখার অনুরোধ জানান। তিনি লেখেন, “ধন্যবাদ স্যার। দয়া করে ছবিটা দেখবেন।”
অখিলের সেই অনুরোধ রাখতেই ‘লেনিন’ দেখেন রাম গোপাল বর্মা। এরপরই আসে তাঁর দ্বিতীয় পোস্ট, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখার পর আরজিভি লেখেন, “এইমাত্র ‘লেনিন’ দেখলাম। ছবিটি দুর্দান্ত তো বটেই, কিন্তু সবচেয়ে বড় উপলব্ধি হল—তুমি অক্কিনেনি পরিবারের সেরা অভিনেতা। এই কথা আমি নাগার্জুনের নাম নিয়ে শপথ করে বলছি।”
এই মন্তব্যেই থেমে থাকেননি তিনি। অখিলের অভিনয়ের সূক্ষ্ম দিকগুলিও আলাদা করে তুলে ধরেছেন। তাঁর কথায়, “যে দৃশ্যে আবেগ নেই, সেখানেও তোমার অভিনয় অসাধারণ স্বতঃস্ফূর্ত। আর আবেগঘন দৃশ্যগুলিতে তুমি একেবারে বাজিমাত করেছ।”
একই সঙ্গে ছবির পরিচালক মুরলী কিশোর আব্বুরি-রও ভূয়সী প্রশংসা করেন রাম গোপাল বর্মা। তিনি লেখেন, “অভিনেতা হিসেবে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যে দারুণ সুযোগ তিনি অখিলকে দিয়েছেন, তার জন্য তাঁকে বিশেষ অভিনন্দন।”
আরজিভির এই প্রশংসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তেলুগু চলচ্চিত্রমহলের একাংশ। কারণ, তিনি সাধারণত কোনও অভিনেতার প্রশংসা করতে অত্যন্ত সংযত। বিশেষ করে নাগার্জুনের মতো প্রতিষ্ঠিত সুপারস্টারের ছেলের অভিনয়কে তাঁর বাবার থেকেও এগিয়ে রাখা নিঃসন্দেহে বড় মন্তব্য।
অখিল অক্কিনেনি দীর্ঘদিন ধরেই নিজের আলাদা পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন। একাধিক ছবিতে অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য সবসময় পাননি। ফলে ‘লেনিন’ তাঁর কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। ছবিটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে।
এখন সেই তালিকায় যোগ হল রাম গোপাল বর্মার মতো নির্মাতার অকুণ্ঠ প্রশংসা। তাঁর মন্তব্যে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে মনে করছেন, ‘লেনিন’ অখিলের অভিনয়জীবনে সেই বহুল প্রতীক্ষিত ব্রেকথ্রু এনে দিতে পারে। আবার কেউ কেউ বলছেন, অক্কিনেনি পরিবারের অভিনয়-ঐতিহ্যের মধ্যে অখিলকে ‘সেরা’ আখ্যা দেওয়া নিঃসন্দেহে সাহসী মন্তব্য, যা নিয়ে আগামী দিনেও বিতর্ক চলবে।
তবে বিতর্ক যাই থাক, একটি বিষয় স্পষ্ট—‘লেনিন’-এ অখিল অক্কিনেনির অভিনয় দর্শক ও চলচ্চিত্রমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। আর সেই স্বীকৃতিকে আরও জোরালো করে দিলেন রাম গোপাল বর্মার মতো একজন নির্মাতা, যাঁর প্রশংসা সহজে মেলে না।