Home তীর্যকবিনোদন বিড়ম্বনা ৫ জুলাই আইনি বিয়ে সারছেন আমির-গৌরী

৫ জুলাই আইনি বিয়ে সারছেন আমির-গৌরী

Authored By সৌমিক হালদার
59 views 2 minutes read
A+A-
Reset

বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই সাদামাঠাভাবে বিয়ে সারবেন অভিনেতা।

এর আগে একাধিক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আর কখনও বিয়ে করবেন বলে ভাবেননি। তবে গৌরীর সঙ্গে পরিচয়ের পর তাঁর সেই ভাবনায় পরিবর্তন আসে। অভিনেতার কথায়, গৌরীকে জীবনে পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে নিজেকে বিবাহিত বলেই অনুভব করেছেন।

কয়েক বছর আগে মেয়ে আইরা খানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর একাকিত্ব ও অবসাদের সময়ও পার করতে হয়েছিল তাঁকে। সেই কঠিন সময় থেকে বেরিয়ে এসে এবার নতুন করে সংসার জীবনে পা রাখতে চলেছেন তিনি।

সূত্রের খবর, ৫ জুলাই রবিবার আমিরের বাড়িতেই বসবে বিয়ের আসর। অতিথি তালিকাও থাকবে সীমিত। ঘনিষ্ঠ পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন আমির ও গৌরী। এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, তিনি এবং গৌরী দু’জনেই আড়ম্বর এড়িয়ে চলতে পছন্দ করেন। তাই অনুষ্ঠানটিকেও যতটা সম্ভব ব্যক্তিগত ও সাদামাঠা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁর জীবনের তিন গুরুত্বপূর্ণ নারী—প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাটকে। আমিরের প্রাক্তন ও বর্তমান সম্পর্কগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও নজর কেড়েছে অনুরাগীদের। কয়েক দিন আগেই কিরণ রাও ও তাঁর সন্তানকে গৌরীর সঙ্গে একই গাড়িতে দেখা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রেমিকা রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। দীর্ঘ দাম্পত্যের পর ২০০০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ‘লগান’ ছবির কাজ করতে গিয়েই কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। ২০০৫ সালে বিয়ে করেন কিরণকে। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এবার গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে জীবনের সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles