প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বার রাজনীতি নয়, বইয়ের পাতা খুলে বসতে চলেছেন। তাঁর নতুন পডকাস্টের বিষয়—যে ছ’টি বই তাঁর বিশ্বদৃষ্টি, মানুষ এবং সমাজকে দেখার চোখকে গভীর ভাবে প্রভাবিত করেছে।
টনি মরিসনের Song of Solomon থেকে জন লে ক্যারের Tinker Tailor Soldier Spy—ওবামার পছন্দের তালিকায় রয়েছে বিংশ শতাব্দীর একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। আর সেই বইগুলি নিয়েই এবার অতিথিদের সঙ্গে আড্ডায় বসবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
পডকাস্টটির নাম ‘A Great Book with Barack Obama’। আগামী ২৪ সেপ্টেম্বর অডিবলে শুরু হবে ছ’পর্বের এই সিরিজ। অ্যামাজনের মালিকানাধীন অডিবল এবং ওবামা দম্পতির প্রযোজনা সংস্থা হায়ার গ্রাউন্ড যৌথ ভাবে অনুষ্ঠানটি তৈরি করছে।
প্রতিটি পর্বে একটি করে বই নিয়ে এক জন অতিথির সঙ্গে আলোচনা করবেন ওবামা। তবে সেই অতিথিদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।
কোন ছ’টি বই?
ওবামার নির্বাচিত তালিকায় রয়েছে—
- টনি মরিসনের Song of Solomon
- জন লে ক্যারের Tinker Tailor Soldier Spy
- জেমস বল্ডউইনের The Fire Next Time
- করম্যাক ম্যাকার্থির All the Pretty Horses
- মেরিলিন রবিনসনের Gilead
- রবার্ট পেন ওয়ারেনের All the King’s Men
ওবামার কাছে এগুলি শুধুই পছন্দের বই নয়। তাঁর কথায়, মহৎ সাহিত্য তাঁকে বারবার বুঝতে সাহায্য করেছে তিনি কে এবং কী বিশ্বাস করেন। নির্বাচিত ছ’টি বই তাঁর জীবনের বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে থেকেছে এবং মানুষের অভিজ্ঞতা সম্পর্কে তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে।
এই পডকাস্টে কয়েক জন বন্ধুকেও সঙ্গে নিয়েছেন ওবামা। আলোচনায় উঠে আসবে একটি বই কেন দশকের পর দশক পাঠকের মনে থেকে যায়, সাহিত্য কী ভাবে নিজের এবং অন্য মানুষকে বোঝার ক্ষমতা বাড়ায় এবং আজকের সময়ে সাহিত্যের প্রয়োজনই বা কতটা।
ওবামার আশা, শ্রোতারা হয়তো এই বইগুলির কয়েকটি নতুন করে আবিষ্কার করবেন, কিংবা বহু দিন পর আবার হাতে তুলে নেবেন। কারণ, তাঁর মতে, ভাল বই কখনও শুধু গল্প বলে থেমে থাকে না—কখনও কখনও তা মানুষকে নিজের এবং পৃথিবীকে দেখার চোখটাই বদলে দেয়।
বইয়ের সঙ্গে ওবামার পুরনো বন্ধুত্ব
সাহিত্যের প্রতি ওবামার টান অবশ্য নতুন নয়। বছরের পর বছর ধরে তিনি নিয়ম করে নিজের পছন্দের বইয়ের তালিকা প্রকাশ করেছেন। গ্রীষ্মের পাঠতালিকা থেকে বছরের শেষে ‘ফেভারিট’ বই—প্রাক্তন প্রেসিডেন্টের বইয়ের তালিকা প্রকাশ কার্যত একটি বার্ষিক রীতি হয়ে উঠেছে।
চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত তাঁর গ্রীষ্মকালীন পাঠতালিকায় ছিল টায়ারি জোনসের Kin, জর্জ সন্ডার্সের Vigil, এলিজাবেথ স্ট্রাউটের The Things We Never Say, বেন লার্নারের Transcription এবং কোলসন হোয়াইটহেডের Cool Machine।
তবে নতুন পডকাস্টের তালিকাটি কিছুটা আলাদা। সাম্প্রতিক বইয়ের বদলে এখানে জায়গা পেয়েছে মূলত বিংশ শতাব্দীর সাহিত্য। ব্যতিক্রম মেরিলিন রবিনসনের Gilead, যা প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে।
রবিনসনের সঙ্গে ওবামার বৌদ্ধিক সম্পর্কও দীর্ঘ দিনের। প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে হোয়াইট হাউসে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ওবামা। পরে দু’জনের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদানও শুরু হয়। ২০১২ সালে ওবামাই রবিনসনের হাতে তুলে দিয়েছিলেন ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল।
ফলে A Great Book with Barack Obama শুধু একজন প্রাক্তন প্রেসিডেন্টের ‘প্রিয় ছ’টি বই’ নিয়ে আড্ডা নয়। এই ছ’টি সাহিত্যকর্মের সূত্র ধরে উঠে আসতে পারে ওবামার ব্যক্তিগত চিন্তা, রাজনৈতিক বোধ এবং মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার গল্পও।
শেষ পর্যন্ত পডকাস্টটির আসল আকর্ষণ হয়তো সেখানেই—একজন প্রেসিডেন্টকে তৈরি করেছিল যে বইগুলি, এ বার সেই বইগুলির পাতাতেই ফিরছেন তিনি।