সুমন নামা

ভয় দেখে যায় চেনা (২)

কলেজে উঠে, মানে যৌবন নিকুঞ্জে পাখি গেয়ে ওঠা শুরু করলে নতুন ভয়ের সন্ধান পাওয়া গেল। প্রেমে প্রত্যাখানের।

এক নজরে

যা জানা জরুরি

  • সুমন চট্টোপাধ্যায় কলেজে উঠে, মানে যৌবন নিকুঞ্জে পাখি গেয়ে ওঠা শুরু করলে নতুন ভয়ের সন্ধান পাওয়া গেল।
  • আমার এক সহপাঠী এ বিষয়ে ছিল অকুতোভয়, সে একের পর এক বান্ধবীকে প্রেম নিবেদন করে দিস্তা দিস্তা চিঠি লিখত, সব ক'টা টার্গেটের বাইরে ছিটকে…
  • সে তাতে ভেঙে পড়ত না, পৌরুষে ঘা লাগত না, চিঠির ভাষা সচেতন ভাবে শুধরে নিয়ে ফের পায়রার পায়ে প্রেমপত্র বেঁধে দিত।

বিস্তারিত প্রতিবেদন

সুমন চট্টোপাধ্যায়

কলেজে উঠে, মানে যৌবন নিকুঞ্জে পাখি গেয়ে ওঠা শুরু করলে নতুন ভয়ের সন্ধান পাওয়া গেল। প্রেমে প্রত্যাখানের। আমার এক সহপাঠী এ বিষয়ে ছিল অকুতোভয়, সে একের পর এক বান্ধবীকে প্রেম নিবেদন করে দিস্তা দিস্তা চিঠি লিখত, সব ক’টা টার্গেটের বাইরে ছিটকে পড়ত। সে তাতে ভেঙে পড়ত না, পৌরুষে ঘা লাগত না, চিঠির ভাষা সচেতন ভাবে শুধরে নিয়ে ফের পায়রার পায়ে প্রেমপত্র বেঁধে দিত।

ওর দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে বন্ধুকে বাতিল করা এক বান্ধবীকে আমি প্রেমপত্র লিখলাম বিশুদ্ধ বাংলায় যাতে সে প্রত্যাখ্যান করলেও ভাষাটা না বুঝতে পারে। ও মা, দিন কতক পরে ক্যান্টিনে যাওয়ার পথে দেখি সেই বান্ধবী আসছে বেশ হাসিহাসি মুখে। হাত নেড়ে সেই আমাকে দাঁড় করাল, শরীরের সব রক্ত সেই মুহূর্তে আমার মুখে জমা হয়েছে, ভূতগ্রস্তের মতো দমবন্ধ করে আমি দাঁড়িয়ে পড়লাম। ‘কী সুন্দর লিখেছিসরে তুই, তবে জায়গায় জায়গায় বড্ড কঠিন।’ শব্দতরঙ্গে এই বাক্য দু’টি উড়িয়ে দিয়ে, নীলাম্বরীর নীল যমুনায় যাওয়ার মতো ছন্দে সে অদৃশ্য হয়ে গেল।

সে দিনই আমি উপলব্ধি করলাম প্রেম ঠিক নিবেদন করার বিষয় নয়, ছিনতাই করার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাঁকাও। ধমকে, চমকে রাজি করাও। কী আশ্চর্য, এই উল্টো টোটকায় আমি হাতে গরম ফল পেলাম। বেশ কিছুদিন পিছলে পিছলে যাওয়ার পরে একদিন বঁড়শিতে মাছ গেঁথে গেল, গেল তো গেলই, আঁশের গন্ধে লাইফটাই হেল হয়ে গেল।

খাল কেটে কুমীর ডাকার পরে শুরু হল নতুন ভয়, প্রথমে বান্ধবী তারপরে গিন্নি হয়ে যাওয়া রমণীর কান ভাঙানোর ভয়। গাড়ি হয়তো বড় রাস্তা থেকে এদিক সেদিক খুচরো বান্ধবীর সন্ধানে সরু গলিতে ঢুকেছে, তাঁর কানে ঠিক খবর পৌঁছে দেবে আমার কোনও না কোনও হিতৈষী। নিজে না পারলে অন্যের পোঙায় কাঠি দেওয়া বাঙালি আর কী! বমাল পুলিশের হাতে ধরা পড়লে ছিঁচকে চোরের মুখের মতো মুখ করে থাক কিছুদিন, খোচরের সন্ধান করতে থাক। এই যে অরওয়েলিয়ান অস্তিত্ব, সারাক্ষণ ‘বিগ ব্রাদার ইজ ওয়াচিং’ মন্ত্র জপে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়া, ইহারই নাম বিবাহ, দুর্ভাগ্যবান পুরুষের স্থায়ী কয়েদখানা। আর পাঁচ রকম ভয় কেবলই ভয় আর এটা হল মহাভয়। একের বাঁকা দৃষ্টি মানে অন্যের আতঙ্ক, যার পোশাকি নাম প্যারানয়া।

অথচ যাদের ভয় পাওয়া উচিত ছিল, পেলে হয়তো দীর্ঘ কয়েদবাসের নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হতো না, তাদের আমি কখনও সে ভাবে ভয় পাইনি। একেবারে পাইনি বলাটা হয়তো বাতুলতা হবে, বলতে চাইছি ভয়ে পাগল হয়ে যাইনি। যখন ডেকেছে তখনই গোয়েন্দা সংস্থার অফিসে গিয়েছি, প্রতিবারই সময়ের আগে, যা তথ্যপ্রমাণ চেয়েছে সেটাই ওদের হাতে তুলে দিয়েছি, ওঁরা যা চেয়েছিলেন তার চেয়ে বেশি সহযোগিতা করেছি, আগাম-জামিন নিয়ে রেখে নিজেকে সুরক্ষিত করার দুর্ভাবনা মাথাতেই আসেনি। আমার মামলার কাগজে প্রথম যেদিন দেখলাম আমার লড়াই ‘রিপাবলিক অব ইন্ডিয়ার’ সঙ্গে বুকের ভিতরটা ছ‍্যাঁৎ করে উঠলেও অনতিবিলম্বে কিছুটা গর্ব বোধও হয়েছিল। একা কুম্ভ হয়ে লড়ার শিক্ষাটাই হল ভয় পাওয়া। আমি কিন্তু ভয় পাইনি এতটুকু, জামিনে বেরোনোর পরে ইতস্তত চোখা চোখা প্রশ্ন আর গালিগালাজের মধ্যে স্বভাববিরোধী ধৈর্য দেখিয়ে চলেছি ‘সত্যমেব জয়তে’ কবে আসে সেই দিনটির জন্য। দুধকা দুধ পানি কা পানি না হয়ে যাবে কোথায়?

অথচ আমার ভয় পাওয়া উচিত ছিল কেন না গ্রেপ্তার থেকে অতিবিলম্বিত জামিন এই দুর্গম রাস্তায় পদে পদে কী ভাবে হোঁচট খেতে হয়, আমাদের দেশের তদন্ত, আদালত, হাকিম, গুমঘরের অতি কদর্য চেহারা, সব কিছুই বড় কাছ থেকে দেখার ও ঠেকে শেখার অভিজ্ঞতা যার হয়েছে তার তো ভয়ে সেঁধিয়ে থাকারই কথা। আমার ততটা ভয় হয়নি কারণ নিজের বিবেকের কাছে আগাগোড়া আমি পরিষ্কার ছিলাম, শেষ বিচারে ওই বিবেকই মানুষের আয়না, সর্বশক্তিমানদের বিপক্ষে দাঁড়িয়ে সেই বিবেকই হয়ে দাঁড়ায় বটগাছের মতো নিপীড়িতের ছায়া সুনিবিড় আশ্রয়স্থল। বিবেক যার সঙ্গে থাকে, কয়েদখানার দুর্লঙ্ঘ পাঁচিল তাকে ভয় দেখাতে ভয় পায় যে! (চলবে)

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

বিষয়:
লেখক / সম্পাদকীয় ডেস্ক

সুমন চট্টোপাধ্যায়

<p data-path-to-node="3">সুমন চট্টোপাধ্যায় (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৭) একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাংবাদিক, সম্পাদক এবং লেখক, যিনি তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ ও অনন্য রচনাশৈলীর জন্য সুপরিচিত। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করে ১৯৮১ সালে <i data-path-to-node="0" data-index-in-node="239">আজকাল</i> পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর <i data-path-to-node="0" data-index-in-node="337">আনন্দবাজার পত্রিকা</i>-র কার্যকরী সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারত ও শ্রীলঙ্কার নির্বাচন, ভূ-রাজনীতি ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতার সাথে কভার করার পাশাপাশি স্টার আনন্দ, কলকাতা টিভি ও তারা বাংলার মতো টেলিভিশন মাধ্যমেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজস্ব সংবাদপত্র <i data-path-to-node="0" data-index-in-node="664">একদিন</i> চালু করেন এবং ২০১২ সালে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' গ্রুপের বাংলা দৈনিক <i data-path-to-node="0" data-index-in-node="738">এই সময়</i>-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি তাঁর নিজস্ব ব্লগ 'বাংলাস্ফিয়ার' (Banglasphere)-এ নিয়মিত বস্তুনিষ্ঠ লেখা ও মতামত প্রকাশ করে যাচ্ছেন এবং সাংবাদিকতার পাশাপাশি সমাজ ও রাজনীতি নিয়ে <i data-path-to-node="0" data-index-in-node="950">মাই ডেট উইথ হিস্ট্রি</i>, <i data-path-to-node="0" data-index-in-node="972">প্রথম নাগরিক</i>, <i data-path-to-node="0" data-index-in-node="986">সেদিনের সপ্তারোহী</i> ও <i data-path-to-node="0" data-index-in-node="1006">গুমঘর গুলজার</i>-এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।</p>

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles