Home Sports অ্যালেক্স ইলার ঐতিহাসিক জয়ে টেনিস-জ্বরে ফিলিপিন্স, তরুণীর সাফল্যে বদলে যাচ্ছে দেশের ক্রীড়া মানচিত্র

অ্যালেক্স ইলার ঐতিহাসিক জয়ে টেনিস-জ্বরে ফিলিপিন্স, তরুণীর সাফল্যে বদলে যাচ্ছে দেশের ক্রীড়া মানচিত্র

Authored By নির্ণয় চট্টোপাধ্যায়
16 views 4 minutes read
A+A-
Reset

ফিলিপিন্সে এখন যেন টেনিস-জ্বর। ২১ বছরের তরুণ টেনিস তারকা অ্যালেক্স ইলা ইতিহাস গড়ার পর গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে। তাঁর এই সাফল্যের স্বীকৃতি দিতে রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁকে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দিয়েছেন। একই সঙ্গে দেশে টেনিসের প্রতি আগ্রহও নজিরবিহীনভাবে বেড়ে গেছে।

সোমবার ইলা প্রথম ফিলিপিনো খেলোয়াড় হিসেবে উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) ট্যুর-স্তরের একক শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড় জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বৃষ্টির কারণে দু’দিন ধরে চলা সেই ম্যাচে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি।

রাষ্ট্রপতি মার্কোস সামাজিক মাধ্যমে ইলাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “তুমি আবারও ইতিহাস সৃষ্টি করলে। ফিলিপিন্সের টেনিসে কী সম্ভব, তার সংজ্ঞাই বদলে দিচ্ছ তুমি। অসংখ্য তরুণ-তরুণীকে সীমাহীন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছ।”

ফাইনালের পর পরাজিত পেগুলাও ইলার প্রশংসা করেন। তিনি বলেন, “সোমবারের কোনও ফাইনালে এত দর্শক আমি আগে দেখিনি। এত ফিলিপিনো সমর্থক এসে যে ভাবে সমর্থন করেছে, তা বিশ্বজুড়ে টেনিসের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করছে। বিশেষ করে নারী ক্রীড়াবিদ হিসেবে এটা দেখতে খুব ভালো লাগে।”

ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা যায় অসংখ্য ব্যানার। একটিতে লেখা ছিল, “অ্যালেক্স, তুমি আমাদের গর্বিত ফিলিপিনো করে তুলেছ।”

এর আগেই জুলাইয়ে উইম্বলডনে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন ইলা। কোনও ফিলিপিনো মহিলা খেলোয়াড় হিসেবে তিনি প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে এতদূর পৌঁছন এবং সেন্টার কোর্টে সরাসরি সেটে হারিয়ে দেন তৎকালীন চ্যাম্পিয়ন ইগা স্বিয়াতেককে

দেশে ফেরার পর তাঁকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ম্যানিলার মালাকানিয়াং প্রাসাদে রাষ্ট্রপতি নিজে তাঁকে সম্মান জানান। যে দেশে এতদিন টেনিস ছিল সীমিত আগ্রহের খেলা, সেখানে এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে।

ইলার সাফল্যের পর টেনিস শেখার ক্লাস, প্রশিক্ষণ শিবির এবং কোর্টের চাহিদা এত বেড়েছে যে বহু জায়গায় বুকিং পাওয়াই কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন ক্লাব পুরনো কোর্ট সংস্কার করছে, আর জাতীয় টেনিস সংস্থাও আগের তুলনায় বেশি সমর্থন পাচ্ছে।

এই পরিবর্তন নিয়ে ইলা বলেন, “আমি যখন ম্যানিলায় ফিরি, সবাই এসে বলে টেনিস কোর্ট পাওয়া খুব কঠিন হয়ে গেছে। আমি বলি, এটাই তো ভালো খবর। কারণ আমি ছোটবেলায় যখন খেলতাম, তখন কোর্টগুলো প্রায় ফাঁকাই থাকত।”

দীর্ঘদিন ধরে ফিলিপিন্সের ক্রীড়া সংস্কৃতি মূলত তিনটি ‘বি’-কে ঘিরেই আবর্তিত হয়েছে—বাস্কেটবল, বিলিয়ার্ডস এবং বক্সিং। কিন্তু এখন ইলার ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার আয়োজন হচ্ছে। সময়ের পার্থক্য সত্ত্বেও গভীর রাত পর্যন্ত জেগে তাঁকে সমর্থন করছেন হাজার হাজার মানুষ।

দেশের কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকিয়াওও সামাজিক মাধ্যমে ইলাকে অভিনন্দন জানিয়ে তাঁকে “আমাদের নতুন চ্যাম্পিয়ন” বলে উল্লেখ করেন। তাঁর মতে, ওয়াশিংটনের ফাইনালে ইলার প্রত্যাবর্তনই প্রকৃত “ফিলিপিনো হৃদয়ের” পরিচয় দিয়েছে।

ওয়াশিংটন টুর্নামেন্টের পরিচালক মার্ক আইন জানান, গত এক মাসে প্রতিযোগিতা নিয়ে দর্শকদের যত প্রশ্ন এসেছে, তার ৮০ শতাংশেরও বেশি ছিল একটাই—“অ্যালেক্স ইলা কবে খেলবেন?”

বিশ্ব টেনিসে সাধারণত সেই দেশগুলিই আধিপত্য বিস্তার করে, যাদের কাছে প্রতিভা গড়ে তোলার জন্য বিপুল অর্থ ও পরিকাঠামো রয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশের তুলনায় ফিলিপিন্সে সেই সুযোগ অনেক কম। দীর্ঘদিন ধরে টেনিস ছিল মূলত অভিজাতদের খেলা; বেশিরভাগ কোর্টই ছিল ধনী এলাকার মধ্যে সীমাবদ্ধ।

ইলা অবশ্য তুলনামূলকভাবে সচ্ছল পরিবার থেকে এলেও তাঁর টেনিস জীবনের শুরু হয়েছিল কুয়েজন সিটির রং করা বাস্কেটবল কোর্টে। মাত্র ১৩ বছর বয়সে বৃত্তি নিয়ে তিনি স্পেনে রাফা নাদাল অ্যাকাডেমিতেপ্রশিক্ষণ নিতে যান।

এখন তিনি চান, সাধারণ পরিবারের শিশুরাও যেন টেনিস খেলার সুযোগ পায়। তাঁর মতে, আরও বেশি সরকারি কোর্ট, উন্নত পরিকাঠামো এবং সহজলভ্য সরঞ্জামের ব্যবস্থা করা জরুরি।

রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনা অনুষ্ঠানে ইলা বলেন, “আমার সাফল্য দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। আমরা যেমন বলি—‘তাগুম্পাই নাতিং লাহাত’, অর্থাৎ এই জয় আমাদের সকলের।”

Description. online stores, news, magazine or review sites.

Edtior's Picks

Latest Articles