বাংলাস্ফিয়ার: টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে যে যুবকের বিরুদ্ধে, তাঁকে খুঁজছিল মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত সূত্র মিলল ইন্দোরের একটি হাসপাতাল থেকে। সেখানে অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার কথা ছিল ২২ বছরের ওই যুবকের। সেই খবরের ভিত্তিতেই ঠাকরানকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে পুলিশ জানিয়েছে, “তাঁর ভাই পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাঁর ভাইয়ের দেখাশোনা যিনি করছেন, তাঁকে গ্রেফতারির খবর জানানো হয়েছে।”
ঠাকরান হরিয়ানার সোনিপতের বাসিন্দা। এই মামলার অন্য অভিযুক্তদের কয়েক জনকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের বক্তব্য, ঠাকরানের বিরুদ্ধে আগেও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি জামিনে মুক্ত ছিলেন।
তদন্তকারীদের দাবি, অনিল পণ্ডিতের হয়ে এই প্রথম কাজ করেননি ঠাকরান।
ঠাকরান এবং অভিযুক্ত বন্দুকবাজদের অন্যতম রেহান আনসারি ওরফে সুক্খার প্রসঙ্গ তুলে আদালতে পুলিশ জানায়, “দুই অভিযুক্ত এর আগে পানিপতের একটি গুলিচালনার ঘটনায়ও জড়িত ছিলেন। সেখানেও একই কায়দায় হামলা চালানো হয়েছিল, অনিল পণ্ডিতের নির্দেশে।”
গত ১৮ অক্টোবর জুহুতে মোটরবাইকে আসা তিন হামলাকারী শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঠাকরানের গ্রেফতারির ফলে এই ঘটনায় হেফাজতে থাকা অভিযুক্তের সংখ্যা বেড়ে হল ১১।
পুলিশের অভিযোগ, “তিনি পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাঁর হয়ে অন্য অভিযুক্তদের অস্ত্র সরবরাহ করছিলেন।”
অর্থের লেনদেন এবং যোগাযোগের জন্য ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলির হদিস পেতে ঠাকরানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালতে তদন্তকারীরা বলেন, “অভিযুক্তেরা যোগাযোগের জন্য কোন কোন অ্যাপ ব্যবহার করেছিলেন, তা আমরা তদন্ত করে দেখতে চাই। পণ্ডিত তাঁদের কোনও আর্থিক সাহায্য করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।”
তবে ঠাকরানের আইনজীবী অজিঙ্ক্য মিরগলের দাবি, এই মামলার সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, “ইন্দোরে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন তিনি। পুলিশ তাঁকে হাসপাতাল থেকে তুলে নিয়ে এসেছে। ১৮ অক্টোবর যখন গুলি চালানোর ঘটনা ঘটে, তখন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।”
পুলিশি হেফাজতের আবেদনের বিরোধিতা করে মিরগল আরও বলেন, “ডিজিটাল তথ্য উদ্ধার করলেই আর্থিক লেনদেন এবং অন্যান্য যোগসূত্র যাচাই করা সম্ভব। সে জন্য তাঁকে পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন নেই।”
আদালত ঠাকরানকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।