যত্রতত্র গোহত্যা বন্ধ করতে এবং প্রচলিত আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিধানসভার আসন্ন অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার। সোমবার এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন 'গো-সেবা' প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে অসুস্থ ও বয়স্ক গরুর দেখভালের জন্য নথিভুক্ত গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে অনুদান দেবে সরকার। পাশাপাশি রাজ্য জুড়ে রাষ্ট্রীয় গোকুল মিশন চালু করার কথাও ঘোষণা করেন তিনি। দেশি গবাদি পশুর প্রজাতির উন্নয়ন ও সংরক্ষণ, জিনগত মানোন্নয়ন এবং দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প।

নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "জোর করে গরু মারা যাবে না। এই রাজ্যে এমন কাজ আমি হতে দেব না। কেউ লুকিয়ে গোহত্যা করলে আমাকে তার বিস্তারিত তথ্য পাঠান। আমি তা বন্ধ করব। বাংলায় বিজেপি সরকার গড়ার পর থেকে গোহত্যা বন্ধ করা গিয়েছে। আইন কড়া হাতে প্রয়োগের জন্য আমার কাছে ১৯৫০ সালের পশু আইন এবং কলকাতা হাই কোর্টের রায় আছে। বেআইনি গোহত্যার খবর পাওয়ামাত্র অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আমরা নতুন বিল আনব।"

গোকুল মিশন প্রসঙ্গে তিনি বলেন, "বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গো-পালকেরা সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই আর্জিতে সাড়া দিয়েই সোমবার থেকে গোকুল মিশন প্রকল্প চালু হল।"

গো-সেবা প্রকল্পের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গো-পালক ছাড়াও যে কোনও ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান অসুস্থ ও বয়স্ক গরুর যত্ন ও রক্ষণাবেক্ষণ করলে তাঁদের বছরে এক লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। এ জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গরুর সংখ্যার ভিত্তিতে টাকার অঙ্ক ঠিক হবে। পর্যালোচনাও করা হবে।"

গত ছ'মাসে একাধিক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে সরকার বদলের পরেই ইদ পালিত হয়েছে। আমরা পশু আইন কার্যকর করেছি। কেউ লুকিয়ে গোহত্যা করলে তাকে তার ফল ভুগতে হবে। গরু পাচারের অভিযোগে খড়্গপুরে যারা গ্রেফতার হয়েছিল, তারা এখনও জেলে। হাওড়ার বাঁকড়ায় কয়েক জন ধরা পড়েছে। বারুইপুরে প্রকাশ্যেই দোকান চলছিল। সবগুলিই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও বেআইনি কাজ হলে সরকার ও পুলিশ ব্যবস্থা নেবে।"

মুখ্যমন্ত্রী আরও জানান, রাতের জীবনযাত্রায় উৎসাহ দিতে এবং রাতের শিফটে কাজ করা মানুষদের সুবিধার জন্য তাঁর সরকার একটি বিল আনবে। তাতে দোকানদারেরা সারারাত দোকান খোলা রাখতে পারবেন।

উল্লেখ্য, গত মে মাসে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করে গরু, ষাঁড় ও মহিষ-সহ সব গবাদি পশু জবাইয়ের আগে ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করেছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, অনুমোদিত স্থানীয় আধিকারিক ও সরকারি পশু চিকিৎসকের শংসাপত্র পাওয়ার পরেই কেবল নির্দিষ্ট কসাইখানায় পশু জবাই করা যাবে। প্রকাশ্য জায়গায় পশু জবাইও নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে ছ'মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা দুই-ই হতে পারে।

রাজ্য সরকারের মে মাসের ওই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিল কলকাতা হাই কোর্টও। আদালত জানিয়েছিল, বিজ্ঞপ্তিটি মূলত ১৯৫০ সালের আইন কার্যকর করা নিয়ে হাই কোর্টের আগের নির্দেশের উপরেই দাঁড়িয়ে।