বেকার যুবক-যুবতীদের ভাতা প্রকল্প ‘যুবসাথী’র নাম বদলে ‘ভরসা’ রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, জানুয়ারি থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি মকুব এবং মাসে মাসে বিদ্যুতের বিল চালুর কথাও ঘোষণা করেছেন তিনি।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা ভাতা পেতেন। নতুন ‘ভরসা’ প্রকল্পে জানুয়ারি থেকে বেকার স্নাতকেরা মাসে ২০০০ টাকা পাবেন। যাঁরা স্নাতক নন অথচ সরকারি বৃত্তিমূলক বা কারিগরি পাঠ্যক্রমে ভর্তি হয়েছেন, তাঁরা পাবেন মাসে ১৫০০ টাকা। আগামী অর্থবর্ষ থেকে বেকার স্নাতকদের ভাতা বেড়ে হবে ৩০০০ টাকা, স্নাতক নন এমনদের ২০০০ টাকা।” প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের তরুণ প্রজন্মের কাছে অনুরোধ, কিছু দিন ধৈর্য ধরুন। আমরা একগুচ্ছ নতুন প্রকল্প শুরু করেছি, বকেয়া মিটিয়েছি, বিপুল আর্থিক দায় কাঁধে নিয়েছি। প্রতিশ্রুতি আমরা রাখবই।” তিনি জানান, পূর্বতন সরকারের আমলের প্রকল্পে নথিভুক্ত ৫৪ লক্ষ উপভোক্তার যাচাইয়ের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। সেই আবেদন পাঠানো হবে যুবকল্যাণ দফতরে।
সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি মকুবের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রশাসনিক বৈঠক ও সরকারি অনুষ্ঠানের খরচ ছাঁটাই করেই চাকরিপ্রার্থীদের এই সুরাহা দেওয়া সম্ভব হয়েছে। শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার তুলনায় তাঁর সরকার প্রশাসনিক বৈঠকের খরচ ও সময় দুই-ই অনেকটা কমিয়েছে, সরকারি অনুষ্ঠানের জাঁকজমকেও রাশ টানা হয়েছে, আর তাতেই বেকারদের পাশে দাঁড়ানোর সুযোগ মিলেছে। তিনি বলেন, “আজ থেকে সরকারি চাকরির পরীক্ষায় কোনও আবেদন ফি লাগবে না।”
নতুন নিয়োগ নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তও জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬ জনকে নিয়োগ করা হবে। তাঁর কথায়, “এর মধ্যে ১০০০টি পদ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের জন্য নির্দিষ্ট।” মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ ও স্বাস্থ্য নিয়োগ বোর্ড এই নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করবে। পাশাপাশি জেলাশাসকদের মাধ্যমে প্রকল্পভিত্তিক কিছু চুক্তিভিত্তিক নিয়োগও হবে।
জানুয়ারি থেকে মাসে মাসে বিদ্যুতের বিল
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের জন্য জানুয়ারি থেকে মাসিক বিল চালু করছে রাজ্য সরকার। ফলে উঠে যাচ্ছে তিন মাস অন্তর বিল পাঠানোর কয়েক দশকের পুরনো ব্যবস্থা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ সংস্থার এলাকার বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই ত্রৈমাসিক বিলের বদলে মাসিক বিলের দাবি জানাচ্ছিলেন। একসঙ্গে তিন মাসের টাকা মেটাতে গিয়ে বহু পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছিল।
শুভেন্দু বলেন, “মাসে মাসে বিদ্যুতের বিল দেওয়ার দাবি গ্রাহকদের দীর্ঘ দিনের। জানুয়ারি থেকে আমরা সেটা কার্যকর করব।” সঙ্গে তিনি যোগ করেন, “নতুন সরকারের প্রথম ছ’মাসে গৃহস্থ ও বাণিজ্যিক, দু’ক্ষেত্রেই বিদ্যুতের চাহিদা বেড়েছে। আগের সরকারের সময় বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল, কিন্তু ডিসেম্বর থেকে আমাদের বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য দেব।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।