কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের প্রস্তাব ঘিরে সোমবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
রাজ্যের হয়ে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁকে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, “যে পুরসভার অস্তিত্বই নেই, তার সুপারিশ নিয়ে আপনারা ক্ষমতা প্রয়োগ করবেন কী ভাবে?”
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে ভি মোহনা ও বিচারপতি বাগচীর বেঞ্চে মেহতা জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করেছে রাজ্য সরকার। পুরসভা নিজে আলাদা ভাবে তা করেনি।
এই উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি বাগচী। তিনি বলেন, “এটা আসলে সিজ়ারের স্ত্রীর প্রশ্ন।” অর্থাৎ শুধু নিয়ম মানলেই চলবে না, প্রক্রিয়াকে সব রকম সন্দেহের ঊর্ধ্বেও থাকতে হবে। বিচারপতির কথায়, “কে কার নির্দেশে কাজ করছে? স্পষ্টই দেখা যাচ্ছে, একটি নির্দেশ জারি হয়েছিল। অথচ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজটা হয়েছে সুপারিশের ভিত্তিতে। ডিভিশন বেঞ্চের রায়ের মূল কথা এটাই। প্রস্তাব আসছে পুরসভার নামে, কিন্তু প্রশাসক তো পুরসভা নন।”
এই মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, পুরভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এই নিষেধ বহাল থাকবে যত দিন না হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করছে। ওই পুনর্বিন্যাসে কলকাতার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। ডিভিশন বেঞ্চের ওই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, সময়মতো পুরভোট না হলে বিজেপি থেকে কো-অর্ডিনেটর নিয়োগ করবে সরকার, যাতে কলকাতার বাসিন্দাদের নাগরিক পরিষেবায় ছেদ না পড়ে।
সলিসিটর জেনারেল জানান, ওয়ার্ড বাড়ানোর প্রস্তাবের উপর আপত্তি শোনার জন্য পুর ও নগরোন্নয়ন দফতর শুনানির বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই শুনানির জন্য ১০ জন আধিকারিককে নিয়োগ করা হয়েছিল। মেহতার যুক্তি, “মূল মামলাকারী নিজে কখনও আপত্তি জানাননি। এই প্রক্রিয়া চলার সময়েও তিনি কোনও আপত্তি দাখিল করেননি। আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী, পুরবোর্ড ভেঙে দেওয়া থাকলে কমিশনার রাজ্য সরকারের নির্দেশ মেনে কাজ করবেন। এই চিঠির তারিখ ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর। কোনও কিছুই তাড়াহুড়ো করে করা হয়নি।”
মেহতা আরও জানান, হাই কোর্টে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোকে চ্যালেঞ্জ করা হয়নি। চ্যালেঞ্জ করা হয়েছে সীমানা নির্ধারণের প্রক্রিয়াকে।
তাঁর বক্তব্য, “সুপারিশ রাজ্য সরকারের নির্দেশেই করা হয়েছিল। কারণ ১৭(১)(খ) ধারা অনুযায়ী কমিশনার রাজ্য সরকারের নির্দেশে কাজ করেন, স্বাধীন ভাবে নয়। কমিশনার নিজেই স্পষ্ট লিখেছেন, অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত সুপারিশ ও সংশোধিত দ্বিতীয় তফসিল জমা দেওয়া হচ্ছে। শুনানি করেছেন রাজ্য সরকারের আধিকারিকেরা। তাঁরাই আপত্তিগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিয়েছেন। তার পরে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”
বিচারপতি বাগচী জানান, ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর অধিকার রাজ্যের আছে। তাঁর কথায়, “ওই পর্যায়ে রাজ্যের এমন সংশোধনী আনায় কোনও বাধা নেই। সেটা রাজ্যের বিবেচনার বিষয়, এবং রাজ্য তা করেছেও। কিন্তু তার অবশ্যম্ভাবী ফল হল, ওয়ার্ডের সংখ্যা বদলালে পুরনো ওয়ার্ডগুলির সীমানাও বদলাতে হবে।”
বিচারপতি বাগচী আরও বলেন, “৩ জুলাইয়ের চিঠির শেষ দুই লাইন দেখে মনে হচ্ছে, আগেই ভেঙে দেওয়া একটি পুরসভার কাছে অনুরোধ পাঠিয়ে রাজ্য আইনের ভুল ব্যাখ্যা করেছিল। ওই চিঠি পৃষ্ঠা ১২-য় রয়েছে। তবে সেটা ভুল হলেও রাজ্যের আইনি এক্তিয়ার তখনও বহাল ছিল।”
বুধবার মামলার পরবর্তী শুনানি।
বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেন। তার পরেই কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। পুর কমিশনার স্মিতা পাণ্ডে এখন প্রশাসকের দায়িত্বে আছেন। প্রশাসক হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে ৭ ডিসেম্বর।
ডিসেম্বরের মধ্যে কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করাতে চাইছিল রাজ্য সরকার।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।