পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যে ট্রাইবুনালগুলি সুপ্রিম কোর্ট গড়ে দিয়েছিল, সোমবার তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মামলা আগে শুনতে হবে। নাম বাদ দেওয়ার আবেদনগুলির শুনানি আপাতত মুলতুবি থাকবে।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, আবেদনগুলিকে দু'ভাগে ভাগ করতে হবে। এক ভাগে থাকবে নাম তোলার আর্জি, অন্য ভাগে তালিকায় আগে থেকে থাকা নাম বাদ দেওয়ার আর্জি। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাও। বেঞ্চ বলেছে, "দ্বিতীয় শ্রেণির আবেদনে কোনও তাড়া নেই। আপাতত সেগুলির শুনানি পিছিয়ে রাখা যেতে পারে। চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে প্রথম শ্রেণির আবেদনগুলি অগ্রাধিকার পাবে।"
বাদ পড়া ভোটারদের মধ্যে কলকাতা পুরসভা এলাকার ভোটারদের তথ্যও চেয়েছে আদালত। পুরসভায় ভোট আসন্ন বলে তাঁদের মামলা আগে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি চলছিল। সেখানেই নির্বাচন কমিশনকে আপিল ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে বলেছে শীর্ষ আদালত। সেটা করতে হবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে। আবেদনকারীদের সুবিধার জন্য কলকাতার বিভিন্ন প্রান্তে ট্রাইবুনালের বিকল্প জায়গা খুঁজতেও বলা হয়েছে। বিচারপতি বাগচী বলেন, "ট্রাইবুনাল শহরের একেবারে এক প্রান্তে বলে কিছু অসুবিধা হচ্ছে। নিউ টাউনের আশপাশে কোথাও হলে ভাল হয়। ওটা শহরের নতুন কেন্দ্র, বিমানবন্দরও কাছে। হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এমন কিছু ব্যবস্থা করা গেলে আবেদনকারীদের খুব সুবিধা হবে।"
আবেদনকারীদের পুরভোটে ভোট দিতে দেওয়া হোক: প্রশান্ত ভূষণ
মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান, প্রায় ৩৮ লক্ষ আপিল জমা পড়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি আপিলের নিষ্পত্তি হয়েছে। তার ৯৩ শতাংশই মঞ্জুর হয়েছে, অর্থাৎ ওই ভোটারদের নাম তালিকায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূষণ জানান, কলকাতা পুরসভা এলাকাতেই এমন ভোটারের সংখ্যা দু'লক্ষের বেশি। তাঁর আর্জি, আপিল ঝুলে থাকলেও পুরভোটে তাঁদের ভোট দিতে দেওয়া হোক, "না হলে দ্বিতীয় বার তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে সম্পূর্ণ অন্যায় ভাবে বঞ্চিত করা হবে।" তিনি আরও বলেন, "এঁদের ৯৩ শতাংশকেই যদি তালিকায় থাকার যোগ্য বলে দেখা যায়, তা হলে শুধু আপিল ঝুলে আছে বলে তাঁরা ভোটাধিকার হারাবেন, এটা সম্পূর্ণ অন্যায়।"
প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, ঝুলে থাকা মোট ৩৮ লক্ষ আপিলের মধ্যে ২২ লক্ষই অন্যায় ভাবে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের। তিনি বলেন, "বাকি ১৬ লক্ষ আপিল নাম বাদ দেওয়ার জন্য। আমাদের ধারণা ছিল, এগুলি সাধারণ মানুষ বা অন্যেরা দায়ের করেছেন, যাঁরা বলছেন 'ওই লোকটিকে ভোটার তালিকায় ঢুকতে দেবেন না'। এখন কমিশন নিজেই স্বীকার করছে, এই আপিলগুলি নির্বাচন কমিশনই দায়ের করেছে। নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী মুখ্য নির্বাচনী আধিকারিকের এগুলি দায়ের করার কোনও আইনি ভিত্তি নেই... ফলে কার্যত এ হল সিজ়ারের কাছেই সিজ়ারের আর্জি। কারও নাম নিয়ে নির্বাচন কমিশন নিজেই নিজের কাছে আপিল করবে, এর কোনও প্রশ্নই ওঠে না।"
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।