দলাই লামাকে লুটিয়েন্স দিল্লিতে একটি বাংলো দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলোটি সরকারের মূল প্রশাসনিক কেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে। খবরটি জানতে পেরেছে সংবাদ মাধ্যম।
বাংলোটির ঠিকানা ২০, পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেন। গত কয়েক মাস ধরে সেটির সংস্কার চলছিল। সোমবার সংবাদ সংস্থা সেখানে গিয়ে দেখেছে, প্রবেশপথে ‘গাদেন ফোডরাং’ লেখা নামফলক লাগানো হয়েছে, আর বাইরে নির্মাণের আবর্জনা পড়ে রয়েছে।
গাদেন ফোডরাং হল দলাই লামার দফতর। ২০১১ সালে তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখনই দফতরটিকে ট্রাস্ট হিসেবে নথিভুক্ত করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান দলাই লামা নিজেই।
দলাই লামার সরকারি ওয়েবসাইটে লেখা আছে, “২০১১ সালে পরমপূজ্য দলাই লামা স্বেচ্ছায় রাজনৈতিক ক্ষমতা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত তিব্বতি নেতৃত্বের হাতে তুলে দেন। এর পর তাঁর দফতর গাদেন ফোডরাংকে ১৯০৮ সালের ভারতীয় নথিভুক্তি আইনে বেসরকারি ট্রাস্ট হিসেবে নথিভুক্ত করা হয়। ভারতে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে আইনি সত্তার মর্যাদা দেওয়ার জন্য নথিভুক্তি হয়েছিল ধর্মশালার সাব-রেজিস্ট্রারের দফতরে। এই ট্রাস্টের কাজ দলাই লামা প্রতিষ্ঠান এবং তাঁর আধ্যাত্মিক কাজকে রক্ষা করা ও এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি তাঁর মানবিক ভাবনাকেও প্রসারিত করে এই ট্রাস্ট।”
সূত্রের খবর, বাংলোটি দলাই লামার জন্য দিয়েছে বিদেশ মন্ত্রক। গত বছর বিদেশ মন্ত্রক একটি বাংলো চেয়ে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছিল। তবে বাংলোটি কাকে দেওয়া হবে, তা চিঠিতে লেখা ছিল না। ২০২৫ সালের অক্টোবরে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ‘কাজের প্রয়োজনে’ টাইপ-৭ শ্রেণির এই বাংলোটি বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেয়।
সোমবার সংবাদ সংস্থা এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে ইমেল পাঠিয়েছিল। তিনি কোনও উত্তর দেননি।
বাংলোটির রক্ষণাবেক্ষণ করে কেন্দ্রীয় পূর্ত দফতর (সিপিডব্লিউডি)। চলতি বছরের জুলাই মাসে তারা নিরাপত্তা ব্যবস্থা বসানোর জন্য ৩৪.৯৪ লক্ষ টাকার টেন্ডার ডেকেছিল। এর মধ্যে ছিল পোর্টা কেবিন বসানো, চারপাশের সীমানা-প্রাচীর মজবুত করা, কনসার্টিনা কাঁটাতারের বেড়া দেওয়া এবং ফটক মজবুত করার মতো কাজ।
দলাই লামার ওয়েবসাইট অনুযায়ী, ২০২৫ সালের ২১ মে তিনি আবার জানিয়ে দেন যে দলাই লামা প্রতিষ্ঠান থাকবে। তাঁর উত্তরসূরি, অর্থাৎ পঞ্চদশ দলাই লামাকে চিহ্নিত করার প্রধান দায়িত্ব থাকবে গাদেন ফোডরাং ট্রাস্টের হাতে।
ওয়েবসাইটে আরও লেখা আছে, “তিব্বতি বৌদ্ধ ঐতিহ্য মেনে ভবিষ্যতের দলাই লামাদের চিহ্নিত করা, তাঁদের শিক্ষা এবং তাঁদের দেখভালের দায়িত্ব থাকবে এই ট্রাস্টের। আধ্যাত্মিক দায়িত্বের বাইরেও ট্রাস্টটি তিব্বতি জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়। শিক্ষা, মানবিক সহায়তা ও পরিবেশ রক্ষার নানা উদ্যোগেও এটি সক্রিয়ভাবে যুক্ত। এই সব কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় পরমপূজ্যের বিশ্বজনীন দায়বদ্ধতার ভাবনা।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।