চিত্রকূটের মহকুমাশাসক (বিচার বিভাগ) বাড়ির বসার ঘর থেকে ভিডিয়ো কনফারেন্সে শুনানিতে যোগ দিয়েছিলেন। বিষয়টিকে গুরুতর ভাবে নিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। ওই এসডিএম এবং সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে কৈফিয়ত চেয়েছে আদালত। হাই কোর্ট মনে করিয়ে দিয়েছে, সশরীরে হোক বা ভিডিয়ো কনফারেন্সে, আদালতে হাজিরার সময় “শিষ্টাচার” বজায় রাখা জরুরি।
একটি রিট পিটিশনের শুনানিতে বিচারপতি সৌরভ শ্যাম শমশেরীর একক বেঞ্চ গত ২০ নভেম্বরের নির্দেশে লিখেছে, “…চিত্রকূটের মহকুমাশাসককে (বিচার বিভাগ) অফিস থেকে নয়, নিজের বসার ঘর থেকে ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দিতে দেখে আদালত বিস্মিত। কারণ জানতে চাওয়া হলে এসডিএম জানান, তাঁর বাড়িতে ইন্টারনেট পরিষেবা ভাল, এবং তিনি সংশ্লিষ্ট জেলাশাসকের অনুমতি নিয়েই সেখানে বসেছেন।” বেঞ্চ আরও লিখেছে, “তার চেয়েও বেশি বিস্ময়ের কথা, যাঁকে এই আদালতে বক্তব্য পেশ করতে হবে, জেলাশাসক তাঁকে কেন বসার ঘর থেকে হাজিরা দেওয়ার অনুমতি দিলেন। অফিসে ইন্টারনেট পরিষেবা না থাকলেও জেলাশাসক তাঁকে নিজের অফিস থেকে হাজিরা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারতেন। ওই মহকুমাশাসক এবং সংশ্লিষ্ট জেলাশাসক, দু’জনের কাছেই কৈফিয়ত তলব করার নির্দেশ দিচ্ছে আদালত।”
রিট পিটিশনটি করেছেন মৈনপুরীর গ্রাম পঞ্চায়েত প্রধান তানিশা জাহাঙ্গির মনির। ওই আধিকারিক যখন মৈনপুরী জেলার ঘিরোরে এসডিএম ছিলেন, তখনকার তাঁর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা। ২০২৫ সালের জুলাইয়ের সেই নির্দেশে তৎকালীন এসডিএম রাজ্য নির্বাচন কমিশনের জেলা নির্বাচনী আধিকারিককে অচলপুর পঞ্চায়েতের ব্যালট বাক্স তাঁর আদালতে পেশ করতে বলেছিলেন। ২০২১ সালের পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েত থেকেই গ্রাম প্রধান নির্বাচিত হয়েছিলেন আবেদনকারী। ২০২৪ সালে এক মহিলা ঘিরোরের এসডিএম আদালতে উত্তরপ্রদেশ পঞ্চায়েত রাজ আইনের ১২-সি ধারায় (গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্বাচনকে চ্যালেঞ্জ করার ধারা) নির্বাচনী মামলা দায়ের করে ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করেন। এসডিএম আদালত প্রথমে আবেদন খারিজ করে দিলেও পরে রিভিশন পিটিশন মঞ্জুর করে এবং ৩০ জুলাইয়ের নির্দেশ জারি করে।
তানিশা জাহাঙ্গির মনিরের আইনজীবী জানিয়েছেন, ঘিরোরের এসডিএম থাকাকালীন ওই আধিকারিকের ২০২৫ সালের ৩০ জুলাইয়ের নির্দেশকে তাঁরা চ্যালেঞ্জ করার পরে আদালত বর্তমান চিত্রকূটের এসডিএম-কে ২০ নভেম্বর হাজিরা দিতে বলে। এসডিএম-এর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি শমশেরীর বেঞ্চ ২০ নভেম্বরের নির্দেশে জানিয়েছে, ২০২৫ সালের ৩০ জুলাইয়ের নির্দেশে ফের রিভিউ আবেদন মঞ্জুর করে ২০২৪ সালের ৫ জুলাইয়ের নির্দেশ খারিজ করা হয়েছে, যদিও এ বার কিছু কারণ দেখানো হয়েছে। শুনানিতে এসডিএম-এর কাছে জানতে চাওয়া হয়, যে নির্দেশ আগেই খারিজ হয়ে গিয়েছে, ৩০ জুলাইয়ের নির্দেশে তা আবার খারিজ করা হল কী ভাবে? আদালত জানিয়েছে, এসডিএম আইনের কোনও ধারা দেখাতে পারেননি, কারণ এমন কোনও ধারার অস্তিত্বই নেই।
২০ নভেম্বরের নির্দেশে হাই কোর্ট ২০২৫ সালের ৩০ জুলাইয়ের নির্দেশ খারিজ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিভিউ আবেদনের নতুন করে শুনানি করে চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। দুই পক্ষকেই ২৬ নভেম্বর আদালতে হাজির হয়ে নিজেদের “জবাব ও বক্তব্য” জমা দিতে বলেছে বেঞ্চ। আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, এসডিএম-এর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে, নির্দেশে উল্লিখিত পর্যবেক্ষণের ভিত্তিতে চিত্রকূটের এসডিএম-এর বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে কি না, সে বিষয়ে উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ দফতরের প্রধান সচিবকে সিদ্ধান্ত নিতেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।