দেশে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন, অথচ কেউ কেউ এখনও সেই সাফল্যের কথা স্বীকার করতে দ্বিধা করেন। রবিবার এই মন্তব্য করে কার্যত বিরোধীদেরই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির পরে গুজরাতের ১৮২টি বিধানসভা কেন্দ্রেই ‘স্নেহ মিলন’ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেন মোদী। তাঁর দাবি, এই সাফল্য তাঁর সরকারের নীতি ও প্রচেষ্টারই ফল।

মোদী বলেন, “যাঁরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, যাঁরা স্বাধীনতার জন্য গোটা জীবন উৎসর্গ করেছেন, যাঁরা যৌবন কাটিয়েছেন জেলের কুঠুরিতে, তাঁদের আত্মা যেখানেই থাকুক, বিশ্বব্যাঙ্কের এই রিপোর্ট দেখে আজ তাঁরা সবচেয়ে খুশি হতেন। ভাবতেন, অবশেষে আমার দেশ থেকে দারিদ্র্য বিদায় নিচ্ছে।”

বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালে ভারতে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১ শতাংশ। ২০২৩ সালে তা নেমে এসেছে ২.৬ শতাংশে। এই সময়ে আনুমানিক ৪৯ কোটি ৬০ লক্ষ মানুষ দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে এসেছেন।

প্রধানমন্ত্রীর কথায়, “হাজার বছরের দাসত্ব আমাদের একেবারে নিঃস্ব করে দিয়েছিল। তার পরে এই প্রথম ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এলেন। জীবনে এর চেয়ে বড় তৃপ্তি আর হয় না, এর চেয়ে বড় কৃতিত্বও আর হয় না।” তবে কিছু মানুষ এখনও এই সাফল্য মেনে নিতে নারাজ বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে মোদী আরও বলেন, অনেকেই এই বিষয়ে কথা বলতে পছন্দ করেন না। তাঁর বক্তব্য, “আমাদের উদ্দেশ্য সঠিক, আমাদের নীতি সঠিক, আমাদের দিশা সঠিক, আর আমাদের চেষ্টাতেও কোনও খামতি নেই। এ দেশের প্রত্যেক নাগরিকের জীবনে এক নতুন যুগ শুরু হতে চলেছে। ৫০ কোটি মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসা সেই নতুন যুগেরই ইঙ্গিত। আমি দেখতে পাচ্ছি, যে স্বপ্নের কথা আমরা বলি, যে ‘স্বর্ণযুগে’র কল্পনা আমরা করি, আগামী প্রজন্ম তা নিজের চোখে দেখবে।”

রাজ্যের ১৮২টি বিধানসভা কেন্দ্রেই এ দিনের অনুষ্ঠান হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল নিজের কেন্দ্র ঘাটলোডিয়ায় বসে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনেন। মোদী জানান, এ বারের দীপাবলি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ২০০১ সালের অক্টোবরে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এ বছর তার ২৫ বছর পূর্ণ হল।

কর্মীদের উদ্দেশে মোদী বলেন, গত ২৫ বছরে গুজরাতের রূপান্তরে তাঁদের বড় ভূমিকা রয়েছে। উন্নত ভারত গড়ার কাজে গুজরাত যাতে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেই লক্ষ্যে মানুষের আস্থা আরও মজবুত করার সঙ্কল্প নিতেও তাঁদের আহ্বান জানান তিনি। কুড়ি মিনিটের বেশি দীর্ঘ ভাষণে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার দিনগুলির স্মৃতিচারণ করেন মোদী, তুলে ধরেন নানা উদ্যোগের মধ্যে দিয়ে রাজ্যের বদলে যাওয়ার কাহিনি। সম্প্রতি প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে টানা ২৫ বছর ক্ষমতায় থাকার মাইলফলক ছোঁয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোদী বলেন, “এই কর্মীদের বিপুল সমর্থন ও সহযোগিতা না পেলে আমরা এতখানি গুজরাতের সেবা করতে পারতাম না। তাই আজ এই কর্মীদের কাছে আমার ঋণও স্বীকার করছি। তাঁদের পরিশ্রমের জোরেই আজ আমরা গুজরাত, দেশ এবং আরও নানা রাজ্যের সেবা করতে পারছি।”

তাঁর মতে, এক সময় গুজরাতের পরিচয় ছিল শুধুই ‘ব্যবসা’। কিন্তু এখন উন্নয়নের পরিসর বহু দূর ছড়িয়েছে, কৃষি, দুগ্ধশিল্প, শিল্পোদ্যোগ, সেমিকন্ডাক্টর, সবুজ শক্তি, আধুনিক পরিকাঠামোর মতো নানা ক্ষেত্রে। মোদী বলেন, “উন্নত ভারত গড়ার পথে গুজরাত বিরাট লাফ দিতে চলেছে। মানুষের মনে আমাদের এই আস্থা আরও দৃঢ় করতে হবে যে, উন্নত ভারত নির্মাণে সবচেয়ে বড় অবদান রাখবে আমাদের রাজ্যই।”