রাজধানীর রাস্তায় শুধুমাত্র বিএস-৬ নির্গমন-মানসম্পন্ন গাড়ি চলার অনুমতি দেওয়ার পক্ষেই মত দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লির বায়ুদূষণ মোকাবিলায় এটি কার্যকর পদক্ষেপ হতে পারে। প্রতি বছর রাজধানীর দূষণ-সঙ্কট নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে শুরু হওয়া মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। সেখানে বেঞ্চ এ কথাও উল্লেখ করে যে, এ বার দিল্লির শীত ছিল ‘সৌভাগ্যের শীত’, কারণ দূষণের মাত্রা এ বছর ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছয়নি।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ এপ্রিল থেকে সারা দেশে নতুন গাড়ির উৎপাদন, বিক্রি ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিএস-৬ মান বাধ্যতামূলক করা হয়েছে।
শুনানি চলাকালীন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “বিএস-৬ মান মেনে চলতেই হবে... এবং তা শুধু দিল্লিতে নয়, গোটা জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) বলবৎ করা দরকার। দূষণ কমানোর ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে।”
এক আইনজীবী এ দিন আদালতকে মনে করিয়ে দেন, ২০২৫ সালের ১৭ ডিসেম্বরের নির্দেশে সুপ্রিম কোর্টই জানিয়েছিল, বিএস-৪ গাড়ি চলতে পারবে এবং সেগুলির বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না। তাঁর অভিযোগ, “এখন এই গাড়িগুলির পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউসি) সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পিইউসি করার অনুমতি দেওয়া হোক।” প্রধান বিচারপতি অবশ্য বলেন, “...আগামী এক মাস বা তার কিছু বেশি সময় স্থিতাবস্থাই বজায় থাকুক।”
ওই আইনজীবী ফের আর্জি জানান, বিএস-৪ গাড়িগুলিকে পিইউসি-র অনুমতি দেওয়া হোক, কারণ “পিইউসি না থাকায় এই গাড়িগুলি জ্বালানি পাচ্ছে না।” এর জবাবে বিচারপতি বাগচী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “আমরা তো সেটাই চাই। আমরা চাই, দিল্লিতে, সম্ভব হলে এনসিআর-এও, শুধু বিএস-৬ গাড়িই চলুক।”
সোমবারের শুনানির গোড়াতেই বেঞ্চ, যেখানে বিচারপতি ভি মোহনাও রয়েছেন, মন্তব্য করে যে দিল্লির এ বারের শীত ‘সৌভাগ্যের’, কারণ দূষণ হঠাৎ বেড়ে গুরুতর পর্যায়ে পৌঁছয়নি। প্রধান বিচারপতিও বলেন, এ বার আবহাওয়া অনুকূল ছিল। আদালতবন্ধু তথা প্রবীণ আইনজীবী অপরাজিতা সিংহ জানান, হাওয়ার গতিবেগ ভাল ছিল। তাতে সায় দিয়ে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-এর হয়ে সওয়াল করা অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, মূলত প্রকৃতির জন্যই এমনটা হয়েছে, তবে কর্তৃপক্ষের প্রচেষ্টাও ফল দিয়েছে। বিচারপতি মোহনার মতে, এটি ‘সম্মিলিত প্রভাব’।
বিচারপতি বাগচী বলেন, “যা-ই হোক, মানুষের ফুসফুস এখনও পর্যন্ত কিছুটা হলেও নিরাপদ।” তিনি উল্লেখ করেন, এ বার দূষণ ‘গুরুতর’ স্তরে যায়নি। ভাটির সংযোজন, “হ্যাঁ, নইলে এই মাসটাই সবচেয়ে দূষিত থাকে।”
প্রধান বিচারপতি জানান, এই মামলায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি, দুই ধরনের আর কী কী নির্দেশ প্রয়োজন, তা আদালত বিবেচনা করবে। এর পরেই বিচারপতি বাগচী বিএস-৪ গাড়ির প্রসঙ্গটি তোলেন।
দিল্লির দূষণ নিয়ন্ত্রণের প্রচেষ্টায় প্রতিবেশী রাজ্যগুলি কেন সক্রিয় ভাবে যুক্ত না হয়ে নিতান্তই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, সে প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। আদালত নির্দেশ দেয়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের অ্যাডভোকেট জেনারেলদের পরবর্তী শুনানিতে হাজির থাকতে হবে এবং এনসিআর-এ দূষণ কমাতে প্রতিটি রাজ্য কী কী পদক্ষেপ করেছে, তা নিয়ে হলফনামা জমা দিতে হবে।
দিল্লি পুরনিগমের (এমসিডি) হয়ে প্রবীণ আইনজীবী সঞ্জীব সেন জানান, “ধর্মাবতারদের নির্দেশে এনভায়রনমেন্ট কম্পেনসেশন চার্জ (ইসিসি) বাড়ানোর অনুমতি পাওয়ায় প্রতিবেশী রাজ্যগুলি থেকে দিল্লিতে ঢোকা বাণিজ্যিক গাড়ির সংখ্যা ৩০ শতাংশ কমেছে, যা দূষণ কমাতেও বড় ভূমিকা নিয়েছে।”
প্রধান বিচারপতি কান্ত অবশ্য প্রশ্ন তোলেন, বাণিজ্যিক গাড়ি যাতে দিল্লিতে আদৌ না ঢোকে, তা কী ভাবে নিশ্চিত করা যায়? তবে তিনি এ-ও মনে করিয়ে দেন, রাজধানীর খাদ্যশস্য, মুদিখানার জিনিস ও আনাজপাতির চাহিদা মেটাতে বাইরে থেকেই পণ্য আনতে হয়। তাঁর প্রশ্ন, “তা হলে বিকল্প কী হতে পারে? সীমানায় গুদাম তৈরি করে সেখান থেকে ব্যাটারিচালিত গাড়িতে পণ্য দিল্লিতে আনা যায় কি?” এখনই না হলেও অন্তত পাঁচ বছরের মধ্যে এই ভাবনা বাস্তবায়িত করা সম্ভব কি না, সে প্রশ্নও তোলেন তিনি। প্রধান বিচারপতির কথায়, “এ বছর বা আগামী বছর হয়তো সম্ভব নয়, কিন্তু আগামী পাঁচ বছরে এটা কার্যকর করার চেষ্টা কেন হবে না?”
এরই মধ্যে সিএকিউএম-নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির জমা দেওয়া রিপোর্টের উপরে রাজ্যগুলিকে তাদের জবাব দাখিল করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি সম্ভবত ২৫ নভেম্বর।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।