ক্যারিবীয় অঞ্চলে স্পেনীয় গায়ক হুলিও ইগলেসিয়াসের বাড়িতে কাজ করতেন দুই মহিলা। তাঁদের অভিযোগ, সেখানে ইগলেসিয়াস তাঁদের যৌন নির্যাতন করেন এবং শারীরিক আঘাত করেন। সেই অভিযোগের তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় আদালত ‘আউদিয়েন্সিয়া নাসিওনাল’।
প্রায় ১১ মাস আগে স্পেনের সরকারি কৌঁসুলিরা ওই দুই মহিলার অভিযোগ নিয়ে আর এগোননি। তাঁদের যুক্তি ছিল, অভিযোগে যে সব ঘটনার কথা বলা হয়েছে, সেগুলি স্পেনের বাইরে ঘটেছে। ফলে বিষয়টি স্পেনের আদালতের এক্তিয়ারে পড়ে না।
দুই মহিলার হয়ে আইনি লড়াই চালাচ্ছে মানবাধিকার সংগঠন উইমেনস লিঙ্ক ওয়ার্ল্ডওয়াইড। গত ৩ সেপ্টেম্বর তাঁদের পক্ষে সংগঠনটি নতুন করে ফৌজদারি অভিযোগ দায়ের করে। তাদের যুক্তি ছিল, ইগলেসিয়াস স্পেনের নাগরিক। সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার স্পেনে হতে পারে এবং জাতীয় আদালতের সেই এক্তিয়ার রয়েছে। আদালত এই যুক্তি গ্রহণ করেছে।
অভিযোগগুলি প্রকাশ্যে আসে এ বছরের জানুয়ারিতে। স্পেনের সংবাদমাধ্যম এবং স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে তিন বছর ধরে অনুসন্ধান চালায়। তারা ইগলেসিয়াসের ১৫ জন প্রাক্তন কর্মীর বয়ান সংগ্রহ করে। এই কর্মীরা নব্বইয়ের দশকের শেষ দিক থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে তাঁর কাছে কাজ করেছেন। ইগলেসিয়াসের বয়স এখন ৮৩।
দুই অভিযোগকারিণীর একজন গৃহকর্মী, অন্যজন ফিজিয়োথেরাপিস্ট। তাঁরা ডোমিনিকান প্রজাতন্ত্র ও বাহামাসে ইগলেসিয়াসের প্রাসাদোপম বাড়িতে কাজ করতেন। তাঁদের অভিযোগ, ২০২১ সালে ইগলেসিয়াস তাঁদের অশোভনভাবে স্পর্শ করতেন, কটূক্তি করতেন এবং অপমান করতেন। তাঁদের কথায়, সেখানে কাজ করতে হত “সারাক্ষণ নিয়ন্ত্রণ আর হয়রানির মধ্যে”।
বুধবার এক বিবৃতিতে জাতীয় আদালত জানিয়েছে, যৌন স্বাধীনতা লঙ্ঘন, শারীরিক আঘাত এবং মর্যাদাহানিকর আচরণের অভিযোগে তদন্ত চলছে। তদন্তের দায়িত্বে থাকা বিচারক আন্তোনিও পিনিয়া জানিয়েছেন, দুই মহিলার মধ্যে একজন যে প্রাথমিক তথ্যপ্রমাণ পেশ করেছেন, তা তদন্ত শুরু করার পক্ষে যথেষ্ট।
বিচারক বলেন, “একটি ছবিতে অভিযোগকারিণীর এক বাহুতে কালশিটে দেখা যাচ্ছে। বাহু জোরে চেপে ধরলে এমন দাগ হতে পারে। একই ছবিতে তাঁর এক ঊরুতে দু’টি দাগ দেখা যাচ্ছে, যা মানুষের কামড়ের দাগও হতে পারে। অভিযোগে বলা হয়েছে, তাঁকে যৌনক্রিয়ায় অংশ নিতে বাধ্য করার ফলেই ওই দাগ হয়েছে।”
বিচারকের বক্তব্য, ওই মহিলার বিস্তারিত বয়ান ও প্রাথমিক তথ্যপ্রমাণ একসঙ্গে বিবেচনা করলে তদন্ত শুরু করার যথেষ্ট কারণ রয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, অভিযোগকারিণীর বয়ান কতটা বিশ্বাসযোগ্য, সে বিষয়ে আদালত এই পর্যায়ে কোনও মত দেয়নি।
মানবপাচার ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগগুলি খারিজ করেছেন বিচারক পিনিয়া। তিনি আরও জানিয়েছেন, কয়েকটি অভিযোগের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়ে থাকতে পারে। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি দুই মহিলাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে।
ছয় দশকের সংগীতজীবনে ইগলেসিয়াসের ৩০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, এ এক “গুরুতর অপমান”, যার বিরুদ্ধে তিনি নিজের পক্ষ সমর্থন করবেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।