সপ্তাহান্তে কী করবেন, কিছু ঠিক করেছেন? আমার অবশ্য সব ঠিক করা আছে। প্যাট কামিন্সের সেই সাংবাদিক বৈঠকটা পুরো দেখব—যেখানে তিনি স্যান্ডপেপার কাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। শুক্রবার সকালে সিডনিতে সরাসরি ধারণ করা সেই মহার্ঘ দৃশ্য এখন ইউটিউবে অক্ষত অবস্থায় সংরক্ষিত। কাটছাঁট নেই, কোনও অংশ বাদ দেওয়া নেই।
ভিডিয়োর গতি বাড়াব না। অধৈর্য হয়ে এদিক-ওদিক টেনে এগিয়েও যাব না—যাতে শেষ পর্যন্ত আটকে পড়তে হয় অন্তহীন সব বিজ্ঞাপনে: বুড়ো মোটা লোকেরা সেনাবাহিনীর কায়দায় শরীরচর্চা করছেন, কিংবা এমন সব বড়ি বিক্রি হচ্ছে, যা খেলে আমার পেটে নিশ্চিতভাবে বাসা বেঁধে থাকা জঘন্য কিলবিলে পরজীবীগুলো গলে নিশ্চিহ্ন হয়ে যাবে।
সাংস্কৃতিক বিচারে এ এক অপরিহার্য দলিল। কাজেই অন্তত পাঁচ বার দেখব। মাঝেমধ্যে সময় বরাদ্দ থাকবে গভীর চিন্তা, নোট নেওয়া এবং প্রয়োজনমতো ধারালো কাবাবের শিক নিজের চোখে গেঁথে দেওয়ার জন্য—যদি তাতে এই যন্ত্রণা কিছুটা ভোঁতা হয়।
কথাটা হল, এই কাজে হালকাভাবে নামা চলে না। বিরতি লাগবে। লাগবে আত্মপীড়নকে কর্তব্য বলে মেনে নেওয়ার এক কঠোর মানসিকতা। অনেকটা নিজেকে জোর করে এমন একটা গম্ভীর, একঘেয়ে আর্টহাউস ছবি দেখতে বসানোর মতো, যেখানে সবাই সারাক্ষণ ধূমপান করছে, কথা বলছে আর বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। এক ঘণ্টা আট মিনিটের এই কামিন্স-সম্মেলন ‘থ্রি কালার্স: হোয়াইট’-এর চেয়ে একটু ছোট। দৈর্ঘ্যে প্রায় ‘ব্যাটলশিপ পোটেমকিন’-এর সমান। আর সত্যি বলতে, ওই ছবিটা কেউই দেখতে চায় না।
তবে মিলও আছে। ‘ব্যাটলশিপ পোটেমকিন’-এর শুরুর পর্বগুলোর নাম ‘মানুষ ও পোকা’, ‘ডেকে নাটক’ এবং ‘এক মৃত মানুষের ন্যায়বিচারের ডাক’। হ্যাঁ, দারুণ তো! বন্ধুত্বের একেবারে সর্বোচ্চ নমুনা। ‘ব্যাটলশিপ পোটেমকিন’ আবার শ্রমজীবীদের এক বীরোচিত বিদ্রোহের গল্পও বলে। তার আড়ালে সারাক্ষণ একটা আশঙ্কা ঘোরাফেরা করে—এখানকার সবকিছুই হয়তো শেষ পর্যন্ত জোয়ার আর ইতিহাসের শক্তির কাছে ভেসে যাবে। সুতরাং আবারও বলি: এগিয়ে চলো, টিম প্যাট।
বলা হচ্ছে, টেস্ট ক্রিকেটের ধর্মে আগে থেকেই দীক্ষিত নন, এমন কারও কাছে এই কেলেঙ্কারির বিন্দুবিসর্গ অর্থ হবে না। তবু কুড়ি সেকেন্ডে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যাক। আট বছর আগে কেপ টাউনে একটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা নিজেদের সুবিধার জন্য শিরীষ কাগজ দিয়ে বলের গা ঘষে খসখসে করেছিলেন। তখন এ ধরনের নিষিদ্ধ কৌশলের চল ছিল ব্যাপক।
সমস্যা হল, পরিকল্পনাটা কার্যকর করা হয়েছিল মাঠে, টেলিভিশন ক্যামেরার চোখের সামনেই। ক্রিকেট একটি দলগত খেলা, যার সমস্ত মনোযোগ ওই বলটিকে ঘিরে। অথচ সম্পূর্ণ দায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার। তাঁদের কেরিয়ারের গতিপথ ওলটপালট হয়ে যায়। উসমান খোয়াজার নতুন বইয়ে দাবি করা হয়েছে, আসলে গোটা দলই ব্যাপারটা জানত। তারই জবাব দিতে কামিন্সের এই সাংবাদিক বৈঠক। পরবর্তী তদন্তগুলো কীভাবে যেন সেই তথ্য ধরতে পারেনি। তবে গোটা ব্যাপারটাকে চাপা দিতে পেরেছিল। ব্যস। এ বার একটু শ্বাস নিন।
এক ঘণ্টা আট মিনিটের সবচেয়ে ভাল অংশটা একেবারে শুরুতে। কামিন্সকে দেখতে সেই একই রকম: ছিপছিপে, অসাধারণ সুদর্শন, চোখে ঝিলিক—যেন ভবিষ্যতের আন্তর্নক্ষত্র মহাকাশবহরের সাইবর্গ অধিনায়ক। তবে অস্বাভাবিক রকম উত্তেজিতও। গোড়াতেই আগে থেকে তৈরি করে আনা কথাগুলো বলতে গিয়ে তাঁর গলা ভেঙে যাচ্ছে।
খোয়াজার বই তাঁর ভাষায় একগুচ্ছ ‘অভিযোগ’, যা তিনি এখনও ‘বোঝার চেষ্টা করছেন’। অবশ্য ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া ভাল: গোটা বইটা না পড়েই বোঝার চেষ্টা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কামিন্স বলছেন, খোয়াজা যদি বলতে চান, ‘আমরা জানতাম যে মাঠে শিরীষ কাগজ নিয়ে যাওয়া হচ্ছে, তা হলে তিনি একশো শতাংশ ভুল বলছেন।’ লক্ষ করুন, বাক্যের মাঝের অংশটি কীভাবে শেষের দাবিটির পরিধি বেঁধে দিচ্ছে। মাঠে নিয়ে যাওয়ার বিষয়টাই বরাবর মূল কথা। এ-ও খেয়াল করুন, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলারেরা যে বিবৃতি দিয়েছিলেন, এখানে ঠিক তারই পুনরাবৃত্তি। পরিকল্পনা কার্যকর করো। শৃঙ্খলা রাখো। প্রক্রিয়া মেনে চলো।
এর পর কামিন্স কিছু সাধারণ প্রসঙ্গে যান। আমরা একটা দলের সদস্য ছিলাম। উসমান বন্ধু। উসমান আবার শুধু আমার সঙ্গে নয়, গোটা অস্ট্রেলীয় ক্রিকেটের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। তার পর কিছুটা দূরত্ব তৈরি করতে মনে করিয়ে দেন, তখন তাঁর বয়স ছিল ২৪, খেলছিলেন নিজের তেরোতম টেস্ট। কথাটা সত্যি। কিন্তু কামিন্সের গোটা ভাবমূর্তিটাই তো তৈরি হয়েছে নিজেকে সেই মুহূর্তের সম্পূর্ণ বিপরীত হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে।
এ যে আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা, তা স্পষ্ট। কামিন্স বলছেন, এ নিয়ে তিনি আর কথা বলবেন না। কিন্তু পছন্দ করুন বা না-করুন, এমন কিছু মুহূর্ত আপনাকে বন্দি করে ফেলে। আমাদের সামনে এমন একজন মানুষ, যিনি মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন নিজেই একটা মিম হয়ে না যান। অথচ আমাদের চোখের সামনেই দৃশ্যত তা-ই হয়ে উঠছেন।
আসল ব্যাপারটা কী? অস্ট্রেলিয়ায় এই খবর কতটা বিরাট, তা বোঝাতে গিয়ে অতিশয়োক্তি করা কঠিন। আবার একই সঙ্গে মনে হয়, এ যেন কিছুই নয়। নিজের আবেগের গরম হাওয়া ছাড়া এর ভিতরে আর কোনও সারবস্তু নেই। শুক্রবার সকালে টকস্পোর্টে অ্যালান ব্রাজিল উইজডেনের সম্পাদক লরেন্স বুথকে জিজ্ঞেস করছিলেন, এই ঘটনায় অস্ট্রেলীয় দল কি নিজেদের মধ্যে ছিঁড়েখুঁড়ে যাচ্ছে? ইংল্যান্ড কি তার সুযোগ নিতে পারে? ইয়ে, আসলে না। ওই দিনই অন্য নামের ক্রিকেটারদের নিয়ে গড়া একটি অস্ট্রেলীয় দল পার্থে মহা আনন্দে ইংল্যান্ডকে ছিন্নভিন্ন করছিল। অভিষেকেই ছয় উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান—ডাকনামের প্রস্তাব: বব, জেকব, ‘অ্যান্ড মি’।
অবশ্য ঘটনাটা যখন ঘটেছিল, বিয়ার্ডম্যানের বয়স ছিল ১৪। পুরনো এই মহারথীরা দৃশ্যপট থেকে সরে গেলে তিনি নিশ্চয়ই খুশি হবেন। এই গোটা উপাখ্যানের, এমনকি খেলাটারও, একটি মূল চাবিকাঠি এখানেই। ক্রিকেটে আসলে আপনি নিজের সতীর্থদের ঘৃণা করেন। দলগত খেলার ছদ্মবেশে এ এক ব্যক্তিগত সাধনা। আপনারা একসঙ্গে জেতেন। কিন্তু সত্যি বলতে, পুরোপুরি তা-ও নয়। এখানে আছে নির্মম সংখ্যার হিসাব, প্রত্যেকের স্বতন্ত্র মূল্য, আর পরস্পরের সঙ্গে জুড়ে থাকা একের পর এক দ্বৈরথ।
স্যান্ডপেপার কাণ্ড সেই অদ্ভুত অভ্যন্তরীণ সম্পর্ককে প্রকাশ্যে এনে ফেলেছে। তবে তা শুধু অস্ট্রেলীয় ক্রিকেটের নয়, খোদ অস্ট্রেলিয়ারও এক নিখুঁত ক্ষুদ্র ব্যবচ্ছেদ। একটি জরুরি তথ্য: অস্ট্রেলিয়ার বাইরে আসলে কেউই স্যান্ডপেপার কাণ্ড নিয়ে মাথা ঘামায় না। প্রথমে আইসিসি এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। যথেষ্ট ন্যায্য বলেই মনে হয়েছিল। এদিকে অস্ট্রেলিয়া উত্তেজনায় ফেনিয়ে উঠল, দোষারোপে মেতে উঠল, সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের মতো হাস্যকর শাস্তি চাপাল। আর ডেভিড ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞা জারি হল—জীবনে আর কখনও, কোথাও, কারও অধিনায়ক হতে পারবেন না।
এমন সময়ে মনে পড়ে, সাংস্কৃতিকভাবে অস্ট্রেলিয়া কী আশ্চর্য স্বতন্ত্র এক দেশ। মঞ্চসজ্জার মতো সুন্দর। উপকূল ধরে সতর্ক ভঙ্গিতে সার দিয়ে দাঁড়িয়ে তার শহরগুলো। সমৃদ্ধ, স্বাধীন, অক্ষত সৌন্দর্যের এক ভূখণ্ড। অথচ আজও সে একই সঙ্গে কোনও কিছুকে আঁকড়ে ধরছে, আবার প্রত্যাখ্যানও করছে।
শুনে অবাক হতে পারেন, কিন্তু ইংরেজরা অস্ট্রেলীয়দের ভালবাসে। সত্যিই বাসে। এতটাই যে, ভালবাসাটা সব সময়ে সমানভাবে ফেরত আসে না বুঝতে পেরে প্রায়ই তারা ধাক্কা খায়। ওদিকে একটা খোঁচা আছে। এরা আসলে আপনার সেই আমুদে গাঁয়ের জ্ঞাতিভাই নয়। এ এক প্রাক্তন ঔপনিবেশিক বসতি, যার নিজস্ব গভীর কাঠামোগত পুনর্বিন্যাস এখনও চলেছে।
আর অবশ্যই ক্রিকেট—ওই উদ্ভট, খসখসে, আচারবদ্ধ নৃত্য—এর আদর্শ ক্রীড়াবাহন। অস্ট্রেলিয়ায় ক্রিকেটের চরিত্র গড়ে দিয়েছে এক স্বল্পভাষী অথচ ভ্রাতৃত্ববোধে বাঁধা রক্ষণশীলতা। ক্রিকেট মানে কঠোরতা, আঘাত সামলে উঠে দাঁড়ানোর ক্ষমতা, আপনার চরিত্রের সারবস্তু। সবচেয়ে বড় কথা, ক্রিকেট মানে সঠিকভাবে খেলা। আরও দৃঢ়প্রতিজ্ঞ হওয়া, আরও শৃঙ্খলাবদ্ধ হওয়া, আরও যোগ্য হওয়া—কার চেয়ে, বলেই ফেলা যাক: ইংরেজদের চেয়ে। সবার সামনে নিজেকে মেলে ধরা, আবার সেই সবার চেয়ে উন্নত ও খাঁটি হয়ে ওঠা।
অস্ট্রেলীয়রা শিরীষ কাগজের ঘটনাটাকে এত ঘৃণা করেন কেন, কেন তা তাঁদের এত গভীরে আঘাত করে—তার একটি কারণ, এর মধ্যে একটা লুকোচুরি আছে। ব্যাপারটা লজ্জার। হীন, তুচ্ছ, বুক-চুপসানো। মোটের ওপর বেশ ইংরেজসুলভ। অথচ ক্রিকেটের তো আপনাকে বলার কথা, আপনি ঠিক এর উল্টো। ক্রিকেটের তো আপনার হাতে তুলে দেওয়ার কথা রোদে ঝলমলে এক কঠিন আত্মপ্রত্যয়। তার উত্তর দেওয়ার কথা এই প্রশ্নগুলোর: আমরা এখন ঠিক আছি তো? আমরা ভাল তো? হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়েও আজও পশ্চিমের দিকে তাকিয়ে থাকা আমরা—এখনও আরও ভাল, আরও সোজা, আরও শক্ত হওয়ার চেষ্টা করে চলেছি তো?
এক অর্থে স্যান্ডপেপার কাণ্ড অস্ট্রেলিয়ার ‘বাজবল’। ক্রিকেটকে ঘিরে আর এক বিচিত্র কসরত, যার সমস্ত শক্তি প্রায় পুরোপুরি ভিতরের দিকে ঘুরে আছে। বাজবল ছিল একটা সাদামাটা কৌশল: দ্রুতগতিতে, আক্রমণাত্মক ঢঙে ক্রিকেট বলকে পিটিয়ে বেড়ানো এবং তাতেই নিজের পিঠ চাপড়ানোর তাড়না। কেবল ইংল্যান্ডেই ব্যাপারটাকে জরুরি, মোহময় এবং গভীর বলে মনে হয়েছিল। কয়েকটা মাথা-ঘুরিয়ে-দেওয়া মাসের জন্য। তার পর তা নিজের গোষ্ঠীগত আত্মমুগ্ধতার মধ্যেই গলে গেল। বাজবল কেন ঠিক ওই জায়গায় গিয়ে আঘাত করেছিল, কেন একই সঙ্গে এত রাগ আর আনন্দ তৈরি করেছিল, তার কারণ ইংল্যান্ডে ক্রিকেট আসলে শ্রেণি, বিশেষ সুবিধা ও উঁচু-নিচু অবস্থানের ব্যাপার। জায়গাটার মালিক কে? পরিবেশের মেজাজ ঠিক করবে কে?
বাজবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তা সংস্কৃতির গভীরে সঞ্চিত এক স্মৃতিকে জাগিয়ে তুলেছিল—ভদ্রলোক অপেশাদারের আদবকায়দা। লড়াইয়ের ধুলো-কাদার ওপরে থেকে জিতে যাওয়ার ধারণা। জেতা, আবার জিততে জিততে বলা: আরে ভাই, তুমি নিশ্চয়ই ভাবোনি ওই সব ব্যাপার সত্যিই কোনও গুরুত্ব রাখে!
এমনকি শরীরী ভাষাটাও ছিল মাথা গরম করে দেওয়ার মতো। বারান্দায় বেন স্টোকস—গেঞ্জি, রোদচশমা, চোয়ালের রেখা, পেশিবহুল এক বেপরোয়া নির্লিপ্ততা। পা তুলে বসে আছেন ব্রেন্ডন ম্যাকালাম; তাঁর সর্বাঙ্গ দিয়ে ঝরে পড়ছে নিশ্চিন্ত দলপতির দাপট। আমরা হারলেও জিতি। কারণ আমরাই তো আমরা। আর এটা আমরাই করছি।
বাইরের দুনিয়ায় অবশ্য এসব নিয়ে কারও বিশেষ মাথাব্যথা ছিল না। শুধু এটুকু ছাড়া যে, এর বিরুদ্ধে খেলাটা নিঃসন্দেহে বিরক্তিকর ছিল, আর একে হারাতে পারলে গভীর তৃপ্তি পাওয়া যেত। ইংরেজ ক্রিকেট এখানে নিজের সঙ্গেই কথা বলছিল। কথা বলছিল, নিজেকে অন্যের চোখে যেমন দেখতে চায়, সেই আকাঙ্ক্ষার সঙ্গে। বাজবল ছিল অর্জন ছাড়াই নিজেদের ব্যতিক্রমী ভাবার মানসিকতা, অপেশাদার আভিজাত্যের নকল সাজ। নতুন বলে দুঃসাহসী রিভার্স স্কুপ হাঁকিয়ে বাজবল আসলে বলছিল, ‘অনি সোয়া কি মাল ই পঁস’—যে এর মধ্যে মন্দ দেখে, লজ্জা তারই। এটি ছিল অন্তঃসারশূন্য এবং ব্যর্থ হতে বাধ্য। এগোনোর ক্ষমতা ছিল না, কারণ একটি ভঙ্গি ছাড়া আসলে এর আর কোনও অস্তিত্বই ছিল না।
কিন্তু সেটা ছিল ইংরেজ ক্রিকেটের নিজস্ব মনস্তাত্ত্বিক নাটক—সংকুচিত হয়ে আসার, ধার হারিয়ে ফেলার একটা সময়ে। আর এখন অস্ট্রেলিয়ার ভাগে জুটেছে এই নাটক।
কী হওয়া উচিত, তা যথেষ্ট স্পষ্ট। আর কোনও নিষেধাজ্ঞা নয়। আর অসহায় অনুশোচনার বিলাপ নয়। যেসব ক্রিকেটারকে অপরাধের তুলনায় অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছিল, তাঁদের কাছে ক্ষমা চাওয়া হোক। যখন এই উদ্ভট বিশৃঙ্খলা ঘটেছিল, তখন যেসব প্রশাসক গোটা ব্যাপারটা সামলাতে ব্যর্থ হয়েছিলেন, তাঁদের সরানো হোক। তার পর খেলায় ফেরা যাক।
হ্যাঁ, সে চেষ্টা করে দেখুন। শুভকামনা রইল।
বাস্তবে যুক্তি বা ঠান্ডা মাথার আপসে এর কোনও দিন মীমাংসা হওয়ার নয়। কারণ এর বিষয় পরিবর্তন, আত্মপরিচয়, কী থেকে যায় আর কোনটা মূল্যবান। এর বিষয় শিরীষ কাগজের এক কণার মধ্যে গোটা পৃথিবীকে দেখতে পাওয়া।
এক ঘণ্টা আট মিনিট। সত্যি বলতে, এ তো সবে শুরু।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।