জিয়ান্নি ইনফান্তিনোর পরিচালনাধীন ফিফার কড়া সমালোচনা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুললেন জার্মানির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।
ফিফা সভাপতি হিসেবে দশ বছরের কার্যকালে ইনফান্তিনোকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। চলতি বছরের গোড়ায় মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের জন্য পাওয়া নির্বাসন তুলে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনোকে ফোন করার পরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিশ্বকাপ-সহ ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও প্রতিযোগিতা পরিচালনার ব্যবসায় অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়েও প্রবল সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থা এর তীব্র বিরোধিতা করে। উয়েফা জানিয়ে দেয়, তারা ফিফার প্রতিযোগিতা বয়কট করবে। শেষ পর্যন্ত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ পরিকল্পনা বাতিল করা হয়।
একের পর এক কেলেঙ্কারির পটভূমিতে ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো। এর পরে ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত হন তিনি। আগামী মার্চে আরও এক মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে চান ইনফান্তিনো। তাঁকে চ্যালেঞ্জ জানানোর ইচ্ছা ঘোষণা করেছেন টটেনহ্যাম হটস্পারের প্রাক্তন সেন্টার-ব্যাক রামন ভেগা এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমা। আর্সেনালের প্রাক্তন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকেও ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে মনোনয়ন ঘোষণার শেষ দিন ১৮ নভেম্বরের আগে তিনি প্রার্থী হওয়ার কথা ঘোষণা করবেন বলে আপাতত মনে করা হচ্ছে না।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে জার্মানির নেশনস লিগ ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে ক্লপকে ফিফার নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। ইনফান্তিনোর নাম সরাসরি না করলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংস্থার শীর্ষপদে পরিবর্তন চান।
লিভারপুলের প্রাক্তন ম্যানেজার বলেন, “সাধারণভাবে সকলেরই মত, একটা পরিবর্তন হলে তা যুক্তিসংগত হবে।”
তাঁর কটাক্ষ, “সেপ ব্লাটারের পরে আমরা ভেবেছিলাম, পরিস্থিতি এর চেয়ে খারাপ আর হতে পারে না। তার পরেও আমরা সেটাই করে দেখালাম।”
ক্লপ আরও বলেন, “নিশ্চয়ই এমন মানুষ আছেন, যাঁরা ফুটবলকে ভালোবাসেন এবং যাঁদের কোনও আর্থিক স্বার্থ নেই। তাঁদের মধ্যে কেউ দায়িত্ব নিলে তা অবশ্যই খুব উপকারে আসবে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে দ্য অ্যাথলেটিক।
চলতি বছরের গোড়ায় বালোগানের নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেছিলেন ক্লপ। বিশেষ করে, ওই ঘটনায় ট্রাম্পের আপাত হস্তক্ষেপ নিয়ে সরব হন তিনি।
জার্মানির দায়িত্ব নেওয়ার আগে জুলাই মাসে ক্লপ বলেছিলেন, “সত্যিই যদি তা হয়ে থাকে, তা হলে সেটা পাগলামি। সোজা কথায় বলি—এই খেলাটা আমাদের, ওঁদের নয়। এই দু’জন মানুষ—ট্রাম্প ও ইনফান্তিনো—যাঁদের কেউই ফুটবল সম্পর্কে কিছু জানেন না, তাঁদের এসব ব্যাপারে কোনও ভূমিকা থাকা উচিত নয়। ওটা লাল কার্ডই ছিল। এ নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।”
২০২৪-২৫ মরসুমের শেষে লিভারপুল ছাড়ার পর থেকে কোনও দলের দায়িত্বে ছিলেন না ক্লপ। বিশ্বকাপের শেষ বত্রিশের পর্বে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পরে তাঁকে জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।