ব্রাগার এস্তাদিও মিউনিসিপালের টানেলে একে একে সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিলেন তাঁরা। লাইনের একেবারে সামনে অবশ্য একটি পরিচিত মুখের অনুপস্থিতি চোখে পড়ছিল। কিন্তু অন্য অর্থে সেই মানুষটিই তখন সবার মনে। রাত যত গড়াচ্ছিল, হয়তো তাঁর মুখে ততই ফুটে উঠছিল হাসি, চোখে এক অনাবিল আত্মতৃপ্তির ঝিলিক।

উত্তর পর্তুগালের ব্রাগায় সেই রাতে পাহাড়ের পাথুরে গা কেটে তৈরি ইউরোপের অন্যতম দর্শনীয় স্টেডিয়াম হয়ে উঠেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শ্রদ্ধা জানানোর মঞ্চ। আর সেখানেই এমন একটি ফল হল, যা অন্য সব কিছুকে ছাপিয়ে মনে করিয়ে দিল তাঁর অনুপস্থিতি।

পর্তুগাল ১, ডেনমার্ক ৪। দেশের হয়ে খেলা থেকে রোনাল্ডোর অবসর নেওয়ার পর পর্তুগালের প্রথম ম্যাচের স্কোরই বলে দিচ্ছিল অনেক কিছু। বিস্ময়কর হলেও সত্যি, প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে নিজেদের মাটিতে এত বড় ব্যবধানে এর আগে কখনও হারেনি পর্তুগাল। আরও নির্দিষ্ট করে বললে, ১০৫ বছরের ইতিহাসে।

তিনি কি দেখছিলেন? আসলে অস্বস্তিকর প্রশ্নটা গোড়াতেই সেরে নেওয়া যাক। যাঁকে ঘিরে এত প্রশংসা, এত শ্রদ্ধার আয়োজন, তিনিই তা দেখতে উপস্থিত নেই—ব্যাপারটা অন্তত একটু অস্বাভাবিক নয় কি?

তবে সংশ্লিষ্ট কর্তারা সেসব সরিয়ে রেখেই এগিয়ে গিয়েছিলেন। সম্মান জানাতে চেয়েছিলেন এমন এক মানুষকে, যাঁর আন্তর্জাতিক ফুটবলজীবনের অবশেষে যবনিকাপাত হয়েছে। শুরুটা হয়েছিল ২৩ বছর আগে। বয়স তখন ১৮, দাঁতে ব্রেস, পায়ে জাদু।

ডেনমার্কের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচের আগে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থদের প্রত্যেকে মাঠে বেরিয়েছিলেন ৭ নম্বর জার্সি পরে। তাঁদের সঙ্গে থাকা শিশু মাসকটদেরও একই জার্সি। ২৩ জনেরই। বিশাল একটি ব্যানারে লেখা ছিল, ‘Obrigadao Capi7ao’—ধন্যবাদ, অধিনায়ক। ম্যাচের সপ্তম মিনিটে গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিল। কয়েকজন দর্শকের মুখে রোনাল্ডোর মুখোশ। বড় পর্দায় তখন ভেসে উঠেছে তাঁর সেই চিরপরিচিত গোল-উৎসবের ছবি।

এমনকি রোনাল্ডোর পুরনো জার্সির নম্বরটির নকশাও বদলে ফেলা হয়েছিল। সাতের মাঝ বরাবর টানা হয়েছে একটি ছোট আড়াআড়ি দাগ, ইউরোপের বহু মানুষ যে ভাবে সংখ্যাটি লেখেন। যেন চেনা চেহারার ‘৭’-কেও অবসর দিতে হবে! পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ব্যাখ্যা ছিল, ‘এবার নতুন এক ৭-এর অভিষেকের সময়। কারণ একটি ৭ চিরন্তন হয়ে থাকবে।’ ধন্যবাদ, অধিনায়ক—বটে!

কারও মনে হতে পারে, বাড়াবাড়ি হয়েছে। অনেকের বিশ্বাস, রোনাল্ডোকে যে সময় পর্যন্ত স্বাগত জানানো সংগত ছিল, তিনি তার পরেও থেকে গিয়েছিলেন। চল্লিশের কোঠায় পৌঁছে যাওয়ার পরে তাঁর সঙ্গে বিচ্ছেদটা আরও সহজ হওয়াই উচিত ছিল। বয়সটা তো এমন এক দিকে এগোচ্ছিল, যখন ব্রিটেনের প্রাক্তন টেনিস চ্যাম্পিয়ন এডওয়ার্ড গ্রের কথায়, সাধারণত খাঁটি খেলা বলতে আর একটিই অবশিষ্ট থাকে: ‘তার নাম নিজের চশমা খুঁজে বেড়ানো।’

তবু এই উপলক্ষে বিশেষ কিছু আয়োজন তো প্রাপ্যই ছিল। সৌদি প্রো লিগে আল নাসরের আক্রমণভাগে এখনও নেতৃত্ব দিচ্ছেন রোনাল্ডো। দেশের হয়ে তাঁর নামের পাশে ২৩৪টি ম্যাচ, ১৪৬টি গোল।

সোজা কথায়, এই সংখ্যাগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তুলনাটা বুঝতে হলে হ্যারি কেনের দিকে তাকান। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বাধিক গোল করার রেকর্ড তাঁর: ১২৬টি ম্যাচ, ৯২টি গোল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কাফু—১৪২টি। গোলের তালিকার শীর্ষে নেমার, ৮০টি গোল নিয়ে। পেলে নামে এক ভদ্রলোকের চেয়ে তিনটি বেশি।

লিয়োনেল মেসি অবশ্য আর্জেন্টিনার হয়ে ২০৮টি ম্যাচে ১২৬টি গোল করেছেন। কিন্তু বাকিরা রোনাল্ডোর গাড়ির পেছন-দেখার আয়নায় দূরের বিন্দুমাত্র। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের গোল ৬৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোজে করেছেন ৭১টি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের তালিকায় সবার উপরে দাভিদ ভিয়া, ৫৯টি গোল নিয়ে। আর যুক্তরাষ্ট্রের হয়ে ক্লিন্ট ডেম্পসি ও ল্যান্ডন ডোনোভান যুগ্মভাবে শীর্ষে—দু’জনেরই ৫৭টি করে গোল। রোনাল্ডো ওই সংখ্যায় পৌঁছে গিয়েছিলেন দশ বছর আগেই।

লোকটি নিজেই একবার বলেছিলেন, ‘এমন মানুষ আছে, যারা আমাকে ঘৃণা করে। বলে, আমি উদ্ধত, আত্মমুগ্ধ, আরও কত কী। এসবই আমার সাফল্যের অংশ। সেরা হওয়ার জন্যই আমাকে তৈরি করা হয়েছে।’

তাই ম্যাচের দিন বিকেলে ব্রাগার প্রধান চত্বর প্রাসা দা রিপাবলিকা দিয়ে হাঁটতে গিয়ে একাধিক রোনাল্ডো-সদৃশ মানুষের দেখা পাওয়া গেল। স্টেডিয়ামের কাছাকাছি এসে দেখা গেল, প্রায় প্রতি দু’টি পর্তুগাল জার্সির একটির পিঠেই সেই পরিচিত নাম। এত ভালবাসা উপভোগ করতে তিনি নিজে কেন এলেন না—সংশ্লিষ্ট কর্তাদের প্রশ্নটা করাও যেন একটু বেয়াদবি বলে মনে হচ্ছিল। ম্যাচের আগে একটিমাত্র ব্যাখ্যা মিলল: ‘তিনি সৌদি আরবে আছেন।’

একই প্রশ্ন করা হয়েছিল পর্তুগালের কোচকেও।

‘আমি জানি না,’ বললেন জর্জ জেসুস। ‘ওটা ওঁর ব্যাপার।’

আর ফুটবল? ও হ্যাঁ, ফুটবলও তো ছিল!

পর্তুগালের নতুন যুগের শুরুটা তাদের মনের মতো হয়নি—এ কথায় বিপর্যয়ের মাত্রা ধরা পড়বে না। এর চেয়ে খারাপ শুরু কী হতে পারত, কল্পনা করাই কঠিন। কাটা ঘায়ে নুন দিতে ডেনমার্কের সমর্থকেরা গলা ফাটালেন, ‘মেসি, মেসি।’

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোলের খাতা খুললেন ডেনমার্কের অধিনায়ক পিয়ের-এমিল হইবিয়ের্গ। নিখুঁত দু’টি ফিনিশে দ্বিতীয় ও তৃতীয় গোল করলেন রাসমুস হইলুন্ড। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন যখন চতুর্থ গোলটি করলেন, তখন স্বাগতিক সমর্থকদের গ্যালারি থেকে ভেসে এল তীক্ষ্ণ, জোরালো দুয়োর শিস।

ঘরের মাঠে কোনও ম্যাচে পর্তুগাল শেষ বার ০–৪ গোলে পিছিয়ে পড়েছিল ১৯৮৩ সালে। ব্রাজিলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ওই ব্যবধানেই হেরেছিল তারা। আর শনিবার রাতে প্রথম কটাক্ষটি ছুড়ে দিলেন এক ব্রাজিলীয়ই—জোয়াও ভিক্টর। বেনফিকার প্রাক্তন ফুটবলার ইনস্টাগ্রামে লিখলেন, ‘নিজের আদর্শকে সম্মান না করলে এমনই হয়।’

এসব দেখে সহজেই গল্পটা এই দিকে ঘুরে যেতে পারত: ‘কারও কাছে ক্রিশ্চিয়ানোর ফোন নম্বরটা আছে?’

বিশেষত পর্তুগালের নতুন চেহারার আক্রমণভাগ যখন মাঝেমধ্যে ঝলক দেখানো ছাড়া তেমন কিছুই করতে পারছিল না। বাঁ দিকে ব্রুনো ফের্নান্দেস, ডান দিকে পেদ্রো নেতো; গনসালো রামোসের ঠিক পিছনে জোয়াও ফেলিক্স।

কিন্তু এখানে একটি কথা মনে রাখা দরকার। পর্তুগালের আগের তিনটি ম্যাচেও রোনাল্ডো খেলেননি। আর ভুলে গেলে চলবে না, সেই তিনটি ম্যাচই তারা জিতেছিল। গত মাসে ডেনমার্কের মাঠে ৪–২ গোলের জয়ও তার মধ্যে রয়েছে। তাই এখনই তড়িঘড়ি কোনও রায় দিয়ে না ফেলাই বোধ হয় ভাল।

তবে এ কথাও ঠিক, ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতার সাহায্য আর চাওয়া যাবে না—এই বাস্তবতায় অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতেই পারে।

রোনাল্ডোর জায়গায় অধিনায়ক হওয়া বের্নার্দো সিলভা ম্যাচের আগে সেই কথাই বলেছিলেন। দেশের হয়ে এটি ছিল বের্নার্দোর ১১৬তম ম্যাচ। তবু রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার, যাঁর বয়স এখন ৩২, স্বীকার করেছিলেন, দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারের ভূমিকা নিতে তাঁর অদ্ভুত লাগবে।

‘অবশ্যই এটা দুঃখের মুহূর্ত,’ বলেছিলেন বের্নার্দো। ম্যাচের কার্যত শেষ শটে তিনিই পর্তুগালের সান্ত্বনার গোলটি করেন।

‘ক্রিশ্চিয়ানো জাতীয় দলের সঙ্গে ২৩ বছর কাটিয়েছে। আমি আছি ১২ বছর। ফলে আমি জাতীয় দলকে বরাবর ওকে নিয়েই চিনেছি। একদিন না একদিন এই দিনটা আসতই। কিন্তু আমার জন্য এটা দুঃখের, কারণ ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারাটা ছিল গর্বের, সম্মানের।’

আর ম্যাচের পরে?

স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময় ফুটবলারদের দেখে মনে হচ্ছিল, বিপর্যয়ের ধাক্কা তখনও কাটিয়ে উঠতে পারেননি। সাংবাদিক বৈঠকে জেসুস তুলনায় সংযতই ছিলেন। তবে তিনি বললেন, দর্শকেরা কেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তা তিনি বুঝতে পারছেন।

যে কোচ রোনাল্ডোকে দল থেকে বাদ দিয়ে ক্রমে প্রান্তে ঠেলে দিয়েছিলেন, তাঁকে একটি প্রশ্ন শুনতেই হত। বিশেষ এক জনের অভাব কি তাঁরা অনুভব করছেন?

‘কিসের অভাব?’ পাল্টা প্রশ্ন করলেন ৭২ বছরের কোচ। ‘ও তো আর এখানে নেই। সঙ্গী হিসেবে ওর অভাব অনুভূত হয়। কিন্তু ও আর খেলছে না, এখানে আর নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।’

তিনি কী বোঝাতে চাইছিলেন, সবাই বুঝেছিল। শুধু তাঁর দল যদি এমন জঘন্য একটি ম্যাচ না খেলত, তা হলে কথাটা প্রতিষ্ঠা করা অনেক সহজ হত।

ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ নেমে এখন সপ্তম স্থানে পর্তুগাল। রোনাল্ডো যত বছর এই দলে ছিলেন, কোনও দিন এ ভাবে হারেনি তারা। জেসুসেরও নিশ্চয়ই তা জানা ছিল।

আর রোনাল্ডো তো রোনাল্ডোই। পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী মানুষটিকে কল্পনা করা তাই কঠিন ছিল না—আরবের প্রাসাদোপম বাড়িতে বসে হাসছেন, সবটা দেখছেন, নিজেকেই আবার মনে করিয়ে দিচ্ছেন নিজের শ্রেষ্ঠত্ব। হয়তো ছোট্ট করে একবার ‘সিউউ’ও করে