জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-এর ঘরের অন্দরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শোয়ের অন্যতম পরিচিত প্রতিযোগী স্ককাউট ওপি (Scout OP) ওরফে তন্ময় সিংহ (Tanmay Singh)-কে নিয়ে সম্প্রতি একটি নতুন প্রমো প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রমোতে দেখা যায়, সহ-প্রতিযোগী লাভ গিলের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে নিজের মাথা মুড়িয়ে ফেলেছেন স্ককাউট। এই ঘটনার পরই ছেলের মানসিক স্বাস্থ্য ও শোয়ের সম্পাদনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্ককাউটের মা।

ঠিক কী অভিযোগ তুলেছেন স্ককাউটের মা?

স্ককাউটের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভয়েস নোট শেয়ার করেছেন তাঁর মা। সেখানে তিনি অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে অভিযোগ করেছেন যে, শোয়ের নির্মাতারা ইচ্ছাকৃতভাবে পুরনো ও বিচ্ছিন্ন ক্লিপগুলি জোড়াতালি দিয়ে এবং প্রেক্ষাপটের বাইরে গিয়ে এমন কিছু প্রোমো তৈরি করছেন যা দর্শকদের মনে ভুল ধারণার জন্ম দিচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, “একজন মা হিসেবে ছেলের এই মানসিক যন্ত্রণা দেখা খুব কঠিন। ও ইতিমধ্যেই প্রবল চাপের মধ্যে রয়েছে এবং একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তা সত্ত্বেও বারবার একই বিষয়কে টেনে এনে এডিট করা প্রোমোতে ফুটিয়ে তোলা হচ্ছে। কত দূর টানবে? আর কতটা মানসিকভাবে চাপ দেওয়া হবে (Kitna mentally push kiya jayega)?”

সঞ্চালক সলমন খানের অতীতের একটি উদাহরণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, অতীতেও অসম্পূর্ণ প্রোমো নিয়ে খোদ সলমন খানকে হস্তক্ষেপ করতে হয়েছিল, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তন্ময়ের ব্যক্তিগত জীবন, কেরিয়ার এবং শোয়ের বাইরের ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে তিনি দর্শকদের অনুরোধ করেছেন, শুধুমাত্র এডিটেড বা পক্ষপাতদুষ্ট প্রোমো দেখে যেন কেউ তন্ময়কে ভুল না বোঝেন।

পুরো বিতর্কের সূত্রপাত কোথা থেকে?

সম্প্রতি বিগ বসের ঘরে লাভ গিলের সঙ্গে স্ককাউট ওপির তীব্র বাকবিতণ্ডা হয়। জানা যায়, লাভের পায়জামা সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত ঘটে, যা লাভ অনুপযুক্ত বলে মনে করেন। যদিও প্রমোতে দেখা যায় স্ককাউট বারবার ক্ষমা চাইলেও লাভ তা গ্রহণ করতে নারাজ হন এবং তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। এর পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্ককাউট নিজের মাথা মুড়িয়ে ফেলেন বলে দেখানো হয়েছে। তবে ভক্ত ও পরিবারের দাবি, পুরো বিষয়টি যেভাবে সম্পাদনা করে দেখানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবের অনেকটা ফারাক রয়েছে।