সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার (ইওডব্লিউ) মামলায় সরকারি পক্ষের সাক্ষী হিসেবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন নোরা ফতেহি। দু’বার সমন পাঠানোর পরে অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিংহের এজলাসে উপস্থিত হন তিনি।
এর আগে একদিন আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন নোরা। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে আদালত সতর্ক করেছিল, “আদালতকে হালকাভাবে নেবেন না।” অভিযুক্তপক্ষের দাবি, বুধবারও নোরা এসে পৌঁছনোর আগে আদালতের কাজকর্মে বিলম্ব হয়।
সাক্ষ্য দেওয়ার সময় নোরা তাঁর আগের বক্তব্যই পুনরায় জানিয়েছেন বলে খবর। তাঁর বক্তব্য, ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে একটি দাতব্য অনুষ্ঠানে শিল্পী হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। ওই অনুষ্ঠানের জন্য তিনি কোনও পারিশ্রমিক পাননি।
তবে এই বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্তপক্ষ। তাদের বক্তব্য, তদন্তকারী সংস্থাগুলিকে দেওয়া নোরার আগের বয়ান নিয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছিল, সেখানে একটি দামি হাতব্যাগ, একটি ফোন এবং একটি বিএমডব্লিউ গাড়ির উল্লেখ ছিল। ওই জিনিসগুলির সঙ্গে একই অনুষ্ঠানের যোগ ছিল বলে অভিযোগ।
অভিযুক্তপক্ষ জানিয়েছে, এই বিষয়গুলি এখনও জেরার মাধ্যমে যাচাই করা হয়নি। বিচারপ্রক্রিয়ায় সেগুলি তোলা হবে।
নোরার তরফে বরাবরই বলা হয়েছে, এই মামলায় তিনি কেবল সাক্ষী হিসেবে হাজির হচ্ছেন। এর জবাবে অভিযুক্তপক্ষ ফৌজদারি কার্যবিধির ৩১৯ ধারার উল্লেখ করেছে। তাদের বক্তব্য, বিচার চলাকালীন পেশ হওয়া প্রমাণে অন্য কোনও ব্যক্তির অপরাধে জড়িত থাকার ইঙ্গিত মিললে, ওই ধারায় বিচারিক আদালত তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করতে পারে। সাক্ষী হিসেবে হাজির হওয়া ব্যক্তির ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হতে পারে।
সুকেশ চন্দ্রশেখরের আইনজীবী অনন্ত মালিক এক বিবৃতিতে বলেন, “নোরা ফতেহিকে যে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে, তা নিয়ে কারও দ্বিমত নেই। কিন্তু সমন নির্দোষ হওয়ার শংসাপত্র নয়। আর আদালতের সময়কে নিজের ইচ্ছেমতো গুরুত্ব দেওয়া বা না-দেওয়ার ছাড়পত্রও তা অবশ্যই নয়। মাননীয় আদালতকেই তাঁকে মনে করিয়ে দিতে হয়েছে, আদালতকে হালকাভাবে নেওয়া চলবে না।”
মালিকের বক্তব্য, “জনসাধারণ আজ যা শুনেছেন, তা কয়েকটি মুখস্থ করা কথা। জেরার সময়ই সেই বিবরণের পরীক্ষা হবে। অভিযুক্তপক্ষ মাননীয় আদালতের সামনে নথি ও অন্যান্য উপাদান পেশ করবে। সেই উপাদান থেকে যদি দেখা যায়, তিনি যতটা স্বীকার করছেন, তাঁর ভূমিকা তার চেয়ে বেশি ছিল, তা হলে আমরা সম্পূর্ণ আইন মেনে উপযুক্ত নির্দেশ চাইব। তার মধ্যে ফৌজদারি কার্যবিধির ৩১৯ ধারায় নির্দেশ চাওয়াও থাকবে। তারকা হোন বা না-হোন, আইনের চোখে প্রত্যেক সাক্ষী সমান।”
অভিযুক্তপক্ষ আরও জানিয়েছে, আদালত ও বিচারপ্রক্রিয়ার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। প্রমাণ এবং জেরার মাধ্যমেই তারা নিজেদের যুক্তি পেশ করবে। মামলায় সুকেশের প্রতিনিধিত্বকারী আইনজীবী অনন্ত মালিকের দপ্তর থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।