বিলিয়নিয়ারদের তালিকায় নাম উঠল পল ম্যাককার্টনির। ফোর্বসের হিসাব অনুযায়ী, তাঁর নিট সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার।
‘দ্য বিলি’ নামে নতুন নিউজলেটার চালু করার সময় স্যার পলকে এই স্বীকৃতি দিয়েছে ফোর্বস। পত্রিকাটির মতে, তাঁর গানের স্বত্বভান্ডার, স্বত্বসংক্রান্ত আইনি পদক্ষেপ, কনসার্ট সফর এবং শিল্পসংগ্রহই এই বিপুল সম্পদের প্রধান উৎস। ১৪০ কোটি ডলারের নিট সম্পদ নিয়ে তিনি এখন বিশ্বের তৃতীয় ধনীতম সংগীতশিল্পী। তাঁর আগে রয়েছেন টেলর সুইফট ও জে-জি। তাঁদের নিট সম্পদের পরিমাণ যথাক্রমে ২০০ কোটি এবং ২৮০ কোটি ডলার।
ফোর্বস জানিয়েছে, ম্যাককার্টনির সম্পদের সবচেয়ে বড় অংশের উৎস তাঁর সংগীত প্রকাশনা সংস্থা এমপিএল কমিউনিকেশনস। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা তাঁর নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানের কপিরাইটও পরিচালনা করে। বাডি হলির মতো শিল্পীদের গানের স্বত্বভান্ডার কিনেছিলেন ম্যাককার্টনি। তাঁর সংগ্রহে রয়েছে ব্রডওয়ের সংগীতনাট্যের সুরসংগীতের স্বত্ব এবং ক্রিসমাসের বহু চিরপরিচিত গানের স্বত্বও। ফোর্বসের হিসাবে, এই অধিগ্রহণগুলির মূল্য প্রায় ২৫ কোটি ডলার—তাঁর মোট সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ।
বিটলসের চার সদস্যের একজন হিসেবে ব্যান্ডের হোল্ডিং কোম্পানি অ্যাপল কর্পসের আয়ের ২৫ শতাংশ পান ম্যাককার্টনি। স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড বিক্রি এবং ব্যান্ডের নামাঙ্কিত পণ্য থেকে সংস্থাটি বছরে পাঁচ কোটি ডলার আয় করে। ফোর্বসের অনুমান, এই আয়ের উৎসে বিটলসের প্রত্যেক সদস্য কিংবা তাঁর উত্তরাধিকারীদের প্রাপ্য অংশের মূল্য ১৫ কোটি ডলারের বেশি।
এ ছাড়া, বিটলসের গানের রচনাস্বত্বে নিজের অংশ থেকে ম্যাককার্টনি বছরে এক কোটি ডলার আয় করেন। এই স্বত্বের জন্য গত দুই দশক ধরে আইনি লড়াই চালিয়েছেন তিনি। তাঁর ওই স্বত্বের মূল্য অন্তত ২০ কোটি ডলার বলে হিসাব করেছে ফোর্বস।
ম্যাককার্টনির সম্পদের হিসাবে রয়েছে বিশ্বজুড়ে কনসার্ট সফর থেকে অর্জিত অর্থও। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ‘গট ব্যাক’ সফরে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৭৯টি অনুষ্ঠান করেছেন তিনি। পাশাপাশি রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর স্থাবর সম্পত্তি এবং শিল্পসংগ্রহ। সেই সংগ্রহে আছে ম্যাগ্রিত ও পিকাসোর আঁকা ছবিও।
সংগীতশিল্পী হিসেবে এখনও অত্যন্ত সক্রিয় ম্যাককার্টনি। গত মে মাসে প্রকাশিত হয়েছে তাঁর কুড়িতম একক অ্যালবাম ‘দ্য বয়েজ অব ডানজন লেন’। তাঁকে নিয়েই তৈরি হয়েছে মরগ্যান নেভিল পরিচালিত তথ্যচিত্র ‘ম্যান অন দ্য রান’। বিটলস ছাড়ার পর তাঁর জীবন এবং নিজের ব্যান্ড উইংস গড়ে তোলার কাহিনি তুলে ধরা হয়েছে সেই ছবিতে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।