রাখঢাক করে কথা বলা জুডি ডেঞ্চের স্বভাবে নেই। মঞ্চ ও পর্দার এই অস্কারজয়ী কিংবদন্তি তাঁর নতুন স্মৃতিকথা ‘ইজ ইট টু লেট টু মেক আ রান ফর ইট?’-এ অভিনেতা ও পরিচালক ব্রেন্ডান ও’হিয়ার সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় ফিরে দেখেছেন নিজের বর্ণময় অভিনয়জীবনের উত্থান-পতন। ৩ নভেম্বর সেন্ট মার্টিনস প্রেস থেকে প্রকাশিত হয়েছে বইটি।
স্মৃতিকথার এই বিশেষ অংশে ৯১ বছরের অভিনেত্রী অকপটে বলেছেন জেমস বন্ডের ঊর্ধ্বতন গোয়েন্দাকর্তা ‘এম’-এর ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতার কথা। ১৯৯৫ সালের ‘গোল্ডেনআই’ দিয়ে শুরু। ২০১২ সালের ‘স্কাইফল’-এ তাঁর চরিত্রটির মৃত্যু হয়। পরে ‘স্পেক্টর’-এও অতি সংক্ষিপ্ত একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। সব মিলিয়ে আটটি বন্ড ছবিতে ‘এম’ হয়েছেন ডেঞ্চ।
প্রশ্ন: আমার ধারণা, ১৯৯২ সালে স্টেলা রিমিংটন এমআই৫-এর প্রধান হওয়ার ঘটনাই একজন নারীকে ‘এম’ করার ভাবনাটি উসকে দিয়েছিল।
জুডি ডেঞ্চ: ওহ্, নিঃসন্দেহে। প্রযোজকেরা সময়ের পরিবর্তনটা তুলে ধরতে চেয়েছিলেন। একেবারে ঠিকই করেছিলেন। তবে আমি স্টেলা রিমিংটন হয়ে ওঠার চেষ্টা করিনি। যদিও আমি নিশ্চিত, অনেকেই দু’জনের মধ্যে তুলনা টেনেছেন। ওঁর সঙ্গে আমার মাত্র একবারই দেখা হয়েছিল—২০২৩ সালে, খুব অল্প সময়ের জন্য। ওঁর মৃত্যুর কয়েক মাস আগে আমাদের একসঙ্গে নৈশভোজে বসার কথা ছিল। দুঃখের বিষয়, সেটা আর হয়ে ওঠেনি।
‘এম’ হতে আমার দারুণ লাগত। এতগুলো পুরুষকে ধমক দিয়ে তাঁদের জায়গাটা বুঝিয়ে দিতে পারাটা খুব উপভোগ করতাম। পিয়ার্স ব্রসনানের সঙ্গে প্রথম সাক্ষাতেই সে বলে, ‘তুমি একটা লিঙ্গবৈষম্যবাদী, নারীবিদ্বেষী ডাইনোসর।’ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে গিয়েছিলাম আমি। তা ছাড়া বেশ কিছু চমৎকার স্যুট পরতে পেতাম। এমন ভাব করতাম, যেন যা বলছি, তার সবটাই বুঝি। নানা যন্ত্রপাতি নিয়েও নাড়াচাড়া করার সুযোগ পেতাম—অথচ বাস্তবে আমি ইস্ত্রি করার বোর্ডটাও ঠিকমতো সামলাতে পারি না!
প্রশ্ন: ‘এম’-এর মতো একজনকে অভিনয়ে ফুটিয়ে তুলতে কীভাবে এগিয়েছিলেন? আপাতদৃষ্টিতে তো তিনি একটি নির্দিষ্ট দায়িত্বে থাকা কর্মকর্তা, তাই না?
জুডি ডেঞ্চ: হ্যাঁ। তাঁর কাজ বন্ডকে অভিযানের দায়িত্ব দেওয়া, দর্শককে গল্পটা বুঝিয়ে দেওয়া আর গোটা ব্যবস্থাটা চালানো—অন্তত এমন দেখানো যে তিনিই চালাচ্ছেন। কিন্তু অন্য যে কোনও চরিত্রে অভিনয়ের সময় যা করি, এ ক্ষেত্রেও তা-ই করেছিলাম। কল্পনা করে নিয়েছিলাম, তাঁর অতীত জীবনটা কেমন হতে পারে। দর্শকের সেই নেপথ্য ইতিহাস জানার দরকার নেই। কিন্তু তা আপনাকে একটা ভিত দেয়, ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেয়।
তাঁর সম্পর্কে কয়েকটি বিষয় আমরা জানি। তিনি পুরুষদের দুনিয়ায় কাজ করছেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছতে নিশ্চয়ই অনেক বাধা পেরোতে হয়েছে, প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। তিনি কঠোর, সরাসরি কথা বলেন, বাজে কথা বরদাস্ত করেন না। বহু মানুষ তাঁকে শ্রদ্ধা করেন। কর্তৃত্বের আসনে তিনি স্বচ্ছন্দ।
আটটি ছবিতে কাজ করতে করতে, আর বিভিন্ন ছবির গল্পের প্রয়োজনেই, তাঁর সম্পর্কে আরও অনেক কিছু জেনেছি। তিনি অক্সফোর্ডে আইন পড়েছেন, তাঁর দুই মেয়ে আছে, এক গ্লাস হুইস্কি খেতে ভালোবাসেন। ‘ক্যাসিনো রয়্যাল’-এ হঠাৎ আবিষ্কার করলাম, আমি বিবাহিত! কারণ, একটা দৃশ্যে দেখা যাচ্ছে, আমি স্বামীর পাশে বিছানায় শুয়ে আছি। ‘স্কাইফল’-এ পৌঁছতে পৌঁছতে আমি বিধবা। তত দিনে এ-ও জেনে গিয়েছি, আমার প্রয়াত স্বামী কবিতা ভালোবাসতেন।
‘এম’-এর মৃত্যুর পরে বন্ডের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয়। তিনি সেটি বন্ডের জন্য রেখে গিয়েছেন। বাক্সের নীচে একটি লেবেল। তাতে লেখা, ‘অলিভিয়া ম্যানসফিল্ড’। ব্যাপারটা আমার দারুণ লাগে—ছবির একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর আসল নাম প্রকাশ করা হয় না। আমার নিজের নামের মাঝের অংশটিও অলিভিয়া। কে জানে, সেখান থেকেই ওঁরা নামটা ভেবেছিলেন কি না!
প্রশ্ন: এত বড় একটি চলচ্চিত্রমালায় একই চরিত্র বারবার অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
জুডি ডেঞ্চ: প্রথমেই বলি, এই বিশেষ চলচ্চিত্রমালাটি আক্ষরিক অর্থেই একটি পারিবারিক ব্যাপার। কারণ, দুই প্রযোজক বারবারা ব্রকোলি আর মাইকেল জি উইলসন ভাইবোন। কীভাবে আপনার যত্ন নিতে হয়, ওঁরা খুব ভালো জানেন। সবার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেন যে ওঁদের জন্য নিজের সেরাটুকু দিতে ইচ্ছে করে। একই কলাকুশলীদের ধরে রাখতেও ওঁরা খুব পারদর্শী। ফলে ব্যাপারটা একটা নাট্যদলের মতো হয়ে ওঠে। প্রতিটি নতুন ছবির সেটে গিয়ে অনেক চেনা মুখ দেখতে পান। যেমন নাওমি ডান, যিনি আমার মেকআপ করতেন। আবার পিয়ার্স আর ড্যানিয়েলের মতো কয়েকজন অভিনেতাকেও ফিরে পান।
কাজটা কতটা উপভোগ করব, তা অনেকটাই নির্ভর করত চিত্রনাট্যের উপরে। বিশেষ করে চরিত্রটির অন্য কোনও দিক দেখানোর সুযোগ থাকলে খুব ভালো লাগত।
পরিচালকের উপরেও নির্ভর করত। মাইকেল অ্যাপটেড আর মার্টিন ক্যাম্পবেলের সঙ্গে কাজ করতে অসাধারণ লেগেছিল। তুলনায় ‘টুমরো নেভার ডাইজ’-এ কাজ করাটা অনেক বেশি কঠিন মনে হয়েছিল। চিত্রনাট্য বড্ড বেশি বদলানো হচ্ছিল। একটা ছবি তৈরি এমনিতেই যথেষ্ট স্নায়ুচাপের ব্যাপার—অন্তত আমার কাছে। তার উপরে শেষ মুহূর্তে একগাদা বদলে-যাওয়া লেখা ধরিয়ে দিলে ভারসাম্যটাই নড়ে যায়। সম্পূর্ণ নতুন নতুন তথ্য মাথায় ঢোকাতে হয়। নতুন সংলাপ মুখস্থ করার কথা তো ছেড়েই দিলাম। অথচ সেগুলো খুঁটিয়ে বোঝার সময়ই পাওয়া যায়নি।
প্রতিদিন আমাদের হাতে নতুন দৃশ্য ধরিয়ে দেওয়া হত। একদিন রাত দশটায় বাড়ি ফিরেছি। দেখি, মোটরবাইকে এক কুরিয়ার এসে হাজির। সঙ্গে বারো পাতা নতুন লেখা। পরদিন ভোর পাঁচটায় আমাকে নিতে গাড়ি আসবে। তার আগেই সব মুখস্থ করতে হবে। মানে, কোন চুলোয় গিয়ে এত কিছু শেখার সময় পাব আমি?
ছবির কাজ চলাকালীন চিত্রনাট্য বদলানো অস্বাভাবিক নয়। কিন্তু ‘টুমরো নেভার ডাইজ’-এর চিত্রনাট্য যেন সারাক্ষণই বদলে চলেছিল। এর দায় পুরোপুরি পরিচালকের না-ও হতে পারে। কাজের সময়সূচি আর শেষ করার তাড়ার সঙ্গেও সম্পর্ক থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে একটা বিশৃঙ্খলার আবহ ছিল। আর এমনও নয় যে সংলাপগুলো শেখা সহজ ছিল। ‘এম’ হিসেবে আমাকে যা বলতে হত, তার অনেকটাই ছিল খুব প্রযুক্তিনির্ভর। কখনও কখনও নিজেই বুঝতাম না, কী নিয়ে কথা বলছি।
প্রশ্ন: আপনার সবচেয়ে প্রিয় বন্ড কে?
জুডি ডেঞ্চ: এ প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। শন কনারির প্রতি আমার একটা আলাদা দুর্বলতা চিরকালই থাকবে। কারণ, তিনিই প্রথম। কিন্তু সুন্দর ব্যাপার হল, পিয়ার্স আর ড্যানিয়েল দু’জনেই চরিত্রটাকে সম্পূর্ণ নিজের করে নিয়েছে। দু’জনেরই অসাধারণ রসবোধ। নিজেদের নিয়েও ঠাট্টা করতে পারে। মানুষের মধ্যে এই গুণটা আমার খুব ভালো লাগে। আর বন্ডের জন্যও এটি অপরিহার্য বলেই মনে করি।
আমার যা ভালো লাগে তা হল, অভিনেতার সঙ্গে সঙ্গে চরিত্রটার আদলও বদলে যায়। এতটাই বদলায় যে তখন আর ওই ভূমিকায় অন্য কাউকে কল্পনাই করতে পারি না। আমি যখন প্রথম ‘এম’ হলাম, বন্ড ছিল পরিশীলিত, মার্জিত। মার্টিনির অর্ডার দিত। প্রায় অনায়াসে মারামারি সেরে বেরিয়ে আসত। মুখে আঁচড়টিও পড়ত না বললেই চলে, স্যাভিল রো-তে তৈরি স্যুটেও প্রায় কোনও দাগ লাগত না।
তার পর ধীরে ধীরে—আমি যে আটটি ছবিতে কাজ করেছি, সেই সময়জুড়ে—বন্ডের গায়ে আরও ধুলো-কাদা লাগল, সে আরও বাস্তব হয়ে উঠল। কল্পনার জগতের মানুষ হিসেবে তাকে বোধ হয় একটু কম মনে হতে লাগল। আমার মনে হয় না, চিত্রনাট্যগুলোয় এখন আগের মতো তীক্ষ্ণ রসিকতা থাকে। সেটা হয়তো একটু আক্ষেপের। কিন্তু চরিত্রও তো এগিয়ে যায়। বন্ড তার সময়েরই প্রতিফলন।
প্রশ্ন: তার পর ২০১২ সালে ‘স্কাইফল’-এ আমরা আপনাকে শেষবার ‘এম’ হিসেবে দেখলাম।
জুডি ডেঞ্চ: পুরোপুরি ঠিক নয়। পরের ছবি ‘স্পেক্টর’-এও খুব ছোট্ট একটি দৃশ্যে ছিলাম। সেখানে আমাকে টেলিভিশনের পর্দায় দেখা যাওয়ার কথা। শুটিং করতে এক ঘণ্টার বেশি লাগেনি। কিন্তু আমাকে মেরে ফেলেছে বলে এখনও গাল ফুলিয়ে বসে আছি। তাই ছবিটা আজও দেখিনি। [হাসি]
প্রশ্ন: কখন জানতে পারলেন, ‘এম’ হিসেবে আপনার জায়গায় অন্য কেউ আসছেন?
জুডি ডেঞ্চ: বারবারা, মাইকেল আর স্যাম—পরিচালক স্যাম মেন্ডেস—আমাকে উলসলি রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন। ড্যানিয়েল ক্রেগ সেখানে ছিল বলে মনে হয় না। ওঁরা গল্পের মূল কাঠামোটা বললেন। জানালেন, আমাকে খতম করে দেবেন।
বোধ হয় দোষটা আমারই। ‘গোল্ডেনআই’-এর সময় পুরো ইউনিট মন্টে কার্লো আর সেন্ট পিটার্সবার্গে চলে গেল, আর আমার ভাগ্যে জুটল ওয়াটফোর্ডে মোটে তিন দিনের কাজ। তখন থেকেই ওঁদের কাছে কাকুতি-মিনতি করছিলাম, আমাকে ডেস্কের আড়াল থেকে একটু বেরোতে দিন।
শেষ পর্যন্ত ওঁরা আমাকে ডেস্কের আড়াল থেকে বের করলেন বটে… আর গুলি করে দিলেন! [হাসি]
শুনেছি, আমাকে মেরে ফেলার বুদ্ধিটা ড্যানিয়েলেরই ছিল। তবে তার আগে রাল্ফ ফাইনসের হাতে বরখাস্ত হওয়ার অপমানটাও সইতে হল। শালা! [হাসি]
সংবাদমাধ্যমে লেখা হয়েছিল, আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে শুনে নাকি আমি কেঁদেছিলাম। মোটেই কাঁদিনি। কুড়িটা দুর্দান্ত বছর আর আটটা বন্ড ছবির পরে কোন দুঃখে কাঁদব? আর বলে রাখি, আটটা কিন্তু রজার মুরের চেয়েও একটা বেশি—যিনি এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে ০০৭ হয়েছেন!
( দ্য ভ্যারাইটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে)
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।