মাত্র ৬০টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ‘হনুমান অংশ’। ৭ অগস্ট মুক্তির দিন ছবিটির আয় ছিল ৯ লক্ষ টাকা। তার পর দর্শকের মুখে মুখে ছবির সুখ্যাতি ছড়ায়। আড়াই কোটি টাকায় তৈরি ছবির বক্স অফিস আয় পৌঁছয় প্রায় ৪৫০ কোটি টাকায়। এ বছরের সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবিগুলির একটি ‘হনুমান অংশ’ এ বার দেখা যাবে ওটিটিতে। ২৭ নভেম্বর থেকে ছবিটি দেখাবে সোনি লিভ।

প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই ৯০ দিন পার করেছে ‘হনুমান অংশ’। ‘রামায়ণ’-এর মতো নতুন ছবি এসে পড়ায় শো কমেছে। তবু কয়েকটি প্রেক্ষাগৃহে এখনও চলছে নিম করোলি বাবার জীবনকাহিনি।

পরিচালক বিশাল চতুর্বেদীর পাশাপাশি ছবিটির প্রযোজনায় ছিলেন আরও তিন জন। তাঁদেরই এক জন অনুপ্রিয়া নাগর। মাত্র ২১ বছর বয়সে ছবি প্রযোজনা করে তিনি যখন সংবাদ শিরোনামে উঠে আসেন, তখনই প্রযোজকদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত বলে খবর। অন্য নির্মাতাদের বক্তব্য, শুটিং শেষ হওয়ার পরে, পোস্ট-প্রোডাকশনের সময় অনুপ্রিয়া প্রকল্পে যোগ দেন। তাঁদের একাংশের মনে হয়েছিল, ছবিতে তাঁর ভূমিকার তুলনায় তাঁকে ঘিরে প্রচার অনেক বেশি হচ্ছে।

এর পর পরিচালক বিশাল চতুর্বেদী ও গোড়া থেকে ছবির প্রযোজনায় যুক্ত নম্রতা সিংহ একটি বিবৃতি দেন। অনুপ্রিয়ার নাম না করে প্রযোজনা সংস্থা স্বয়ম্ভু মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড জানায়, “কৈঞ্চি ধাম থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত ভক্তেরা যাঁকে মহারাজজি বলে শ্রদ্ধা করেন, সেই নিম করোলি বাবার জীবন পর্দায় তুলে ধরেছে ‘হনুমান অংশ’। ভারত ও ব্রিটেন-সহ বিশ্বের নানা প্রান্তে তাঁর ভক্ত রয়েছেন। বাজারে ও সংবাদমাধ্যমে একাধিক খবর ছড়ানোর পরিপ্রেক্ষিতে সংস্থা তার অবস্থান স্পষ্ট করছে। আমাদের নজরে এসেছে, এক ব্যক্তি নিজেকে ছবির স্বত্ব নিয়ে লেনদেনের অধিকারী বলে পরিচয় দিচ্ছেন। একক ভাবে সেই ক্ষমতা কারও নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, দেশে ও বিদেশে ছবির প্রেক্ষাগৃহে প্রদর্শন, স্ট্রিমিং, সম্প্রচার, সংগীত, গেমিং ও লাইসেন্স প্রদান-সহ সমস্ত স্বত্বের বিষয়ে প্রযোজকদের পারস্পরিক চুক্তিতে নির্ধারিত পদ্ধতি মেনেই সিদ্ধান্ত নিতে হবে। সংস্থার হয়ে জনসংযোগ, বিপণন, পুরস্কার-সংক্রান্ত কাজ ও অংশীদারির বিষয়গুলি দেখার দায়িত্ব কেবল নম্রতা জি সিংহ ও ড. বিশাল চতুর্বেদীর। অংশীদার, বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমের সঙ্গে রোজকার যোগাযোগও তাঁদের মাধ্যমেই চলবে। সংস্থা বা ছবি নিয়ে কোনও পক্ষের সঙ্গে কথাবার্তা হলে শেয়ারহোল্ডার ও মেধাস্বত্বের মালিকদের প্রত্যেককে কার্যনির্বাহী পরিচালকদের তা জানাতে হবে।

‘হনুমান অংশ’ নিয়ে নির্মাতাদের মূল পরিকল্পনা ছিল তিন পর্বের। পরের দু’টি ছবিতে নিম করোলি বাবার জীবনের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরার কথা ছিল। প্রযোজকদের এই মতভেদের জেরে সেই পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়তে পারে।