মুম্বইয়ের মাড আইল্যান্ডে নিজেদের দোতলা বাংলোটি মনের মতো করে সাজাতে এক বছরেরও বেশি সময় লেগেছে আর্যমান শেঠি ও তাঁর বাগ্‌দত্তা যোগিতা বিহানির। ঘরের নকশা করেছেন দু’জনে মিলে। আসবাব থেকে ঘর সাজানোর খুঁটিনাটি, প্রায় সবই তাঁদের নিজেদের পছন্দ করে কেনা। ইউটিউব চ্যানেল ‘আরি ভ্লগস’-এ দর্শকদের বাড়ি ঘুরিয়ে দেখাতে গিয়ে অর্চনা পূরণ সিংহের ছেলে আর্যমান বললেন, “একটা কথা বলতে চাই। আসবাবপত্র, অন্দরসজ্জা মিলিয়ে এই বাড়ি সংস্কারে যত টাকা খরচ হয়েছে, তার প্রতিটি পয়সাই যোগী আর আমার।”

এই স্বপ্ন পূরণে দর্শকদেরও যে বড় ভূমিকা আছে, সে কথা জানালেন আর্যমান। তাঁর কথায়, “ইউটিউব আমার জীবনটা বদলে দিয়েছে। এর সুবাদে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, নিজের একটা পেশা তৈরি করতে পেরেছি। গান ছাড়াও এখন আমার জীবনে আরও কত কী করার আছে। আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে ছাড়া এই বাড়ি এ ভাবে সাজানো সম্ভব হত না।” যাঁরা তাঁকে কটাক্ষ করেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, বিরূপ মন্তব্যেও ভিডিয়ো ঘিরে কথাবার্তা বাড়ে, দর্শক বাড়ে। আর তাতে তাঁর রোজগারও হয়।

ইটের মতো লাল রঙের সদর দরজা পেরোলেই বসার ঘর। দেয়াল অফ-হোয়াইট, মেঝে কাঠের। ভিডিয়ো দেখে অনেক দর্শকের মন্তব্য, নয়ের দশকের টেলিভিশন কমেডির চেনা বসার ঘরের সঙ্গে আধুনিক অন্দরসজ্জার মিশেল ঘটেছে এখানে। ঘরে রাখা টেবিল টেনিসের টেবিলটিতেই অতিথিরা খেতে বসতে পারেন। আর এক কোণে ১০০ ইঞ্চির ‘আর্ট মোড’ টেলিভিশন। চালু করলে ঘরে বসেই সিনেমা দেখার আয়োজন, আর দেখা শেষ হলে পর্দাটি দেখতে লাগে দেয়ালে টাঙানো ছবির মতো।

এমন একটি সোফার শখ যোগিতার বহু দিনের। ইনস্টাগ্রামে খোঁজ পেয়ে নিজেদের পছন্দমতো সেটি বানিয়ে নিয়েছেন তাঁরা। দিব্যি পাঁচ জন বসতে পারেন তাতে। পা ছড়িয়ে হেলান দিতে চাইলে সেটিই হয়ে যায় রিক্লাইনার। খাবার আর পানীয় রাখার জন্য মাঝখান থেকে বেরিয়ে আসে একটি ট্রে। অতিথি বেশি হলে জানলার ধারেও বসার জায়গা আছে। সেখানে গদি পেতে কুশন সাজিয়ে রেখেছেন দু’জনে।

বেশ কিছু আসবাব অর্ডার দিয়ে বানানো, কিছু কেনা হয়েছে আইকিয়া থেকে। সব কিছু মনের মতো করতে অবশ্য বিস্তর ঝক্কি পোহাতে হয়েছে। আর্যমানের কথায়, “কাজটা ভীষণ ঝক্কির। কী করে সব সামলাব, বুঝে উঠতে আমার আর যোগীর খুব কষ্ট হয়েছে। সময়ও লেগেছে অনেক। অর্ডার দিয়ে বানানো জিনিসগুলোর বেশির ভাগই ভাঙা ছিল।”

বাড়ির বিদ্যুতের ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো ঢেকে দেওয়া হয়েছে জানলার আদলে তৈরি পাল্লা দিয়ে। এখন সেখানে দাঁড়িয়ে সেলফিও তোলা যায়। ভবিষ্যতে পডকাস্ট করার জন্য আলাদা জায়গা রেখেছেন দু’জনে। ছোট্ট ঠাকুরঘরের প্রবেশমুখে হাতে আঁকা অর্ধনারীশ্বরের ছবি। তার নীচে ফায়ারপ্লেসের আদলে তৈরি বইয়ের তাক, সঙ্গে আলোর ব্যবস্থা। বাড়ির নানা জায়গায় রয়েছে গত কয়েক বছরে আর্যমানের নিজের আঁকা ছবিও। নতুন রান্নাঘর থেকে একটি রান্নার সিরিজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

শোওয়ার ঘর সাজানোর সময় দু’জনের আলাদা শখ আর প্রয়োজনও মাথায় রেখেছেন তাঁরা। যোগিতার সাজগোজের জন্য রয়েছে আলাদা কোণ, প্রসাধনী রাখার অঢেল জায়গা আর এমন একটি ওয়ার্ডরোব, যার ভিতরে ঢুকে পোশাক বেছে নেওয়া যায়। আর্যমান রেখেছেন তাঁর শখের পিয়ানো। গিটার রাখার জন্যও বিশেষ আলমারি বানিয়েছেন তিনি। গাছ, কার্পেট আর বাছাই করা টুকিটাকি ঘরের মৃদু রঙে বৈচিত্র্য এনেছে।

বিছানার অংশটুকু অবশ্য আগাগোড়া সাদা। খাট, চাদর, বালিশ থেকে টেলিভিশন রাখার ক্যাবিনেট পর্যন্ত সবেতেই সেই এক রং। জানলার ধারে নিচু আসন পাতা। সেখানে দু’জনে পাশাপাশি বসে খাওয়াদাওয়া করতে পারেন, কিংবা খানিকটা সময় কাটাতে পারেন আপন মনে। বাড়িতে বারান্দাও রয়েছে। পিছনের উঠোনে পাতা টেবিলে আবহাওয়া মনোরম থাকলে বন্ধুবান্ধবের সঙ্গে বেলা করে খাওয়া আর আড্ডা জমতে পারে।

একসঙ্গে বাড়ি সাজানোর অভিজ্ঞতা কেমন? আর্যমান বললেন, “আমাদের ঘরটা তৈরি করতে গিয়ে যোগী আর আমি আরও কাছাকাছি এসেছি। এটাই দারুণ লেগেছে।” অন্য যুগলদেরও এমন অভিজ্ঞতা নিতে বলবেন তিনি, তবে জানিয়ে রাখবেন ঝগড়াঝাঁটির কথাও। তাঁর মতে, পছন্দের অমিল নিয়ে মন কষাকষি হয় ঠিকই, আবার সেই মতভেদ মিটিয়ে উঠতে পারলে পরস্পরের সঙ্গে বোঝাপড়াও বাড়ে।

প্রায় এক বছর আগে আর্যমান নিজের চ্যানেলে রোজ একটি করে ভ্লগ প্রকাশের চ্যালেঞ্জ নিয়েছিলেন। এখন সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ।