সহপ্রতিযোগী ও সঙ্গী রাজবীর দে-কে চড় মারা ও আঁচড়ানোর ঘটনায় ‘বিগ বস বাংলা’র তৃতীয় মরসুম থেকে বহিষ্কৃত হলেন অভিনেত্রী নন্দিতা দত্ত। শনিবার ‘দাদার দরবার’ পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান নন্দিতা। আলাদা করে ক্ষমা চেয়েছেন রাজবীরের কাছেও।

নন্দিতা লিখেছেন, “এই যাত্রায় যাঁরা আমার সঙ্গী ছিলেন, তাঁদের সবাইকে বিগ বসের বাড়িতে কী ঘটেছিল, তা নিয়ে কিছু বলতে চাই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, আবেগও চড়ে গিয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে ব্যাপারটা এমন জায়গায় পৌঁছেছিল, যেখানে পৌঁছনো উচিত হয়নি। আমি সেটা স্বীকার করছি। নিজের আচরণের জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।”

তিনি আরও লিখেছেন, “আমার আবেগ বরাবরই আমার মুখে ফুটে ওঠে। মনে যা থাকে, মুখে তা-ই বলি। নিজের হয়ে রুখেও দাঁড়াই। তবে এটাও বুঝি, কিছু সীমা আছে, যা কখনও পেরোতে নেই।”

গোটা ঘটনায় রাজবীরকে কষ্ট দিয়ে থাকলে সে জন্যও দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রী। দর্শকদের উদ্দেশে লিখেছেন, “এই অভিজ্ঞতা ভোলার নয়। আপনাদের কাছ থেকে যত ভালবাসা, সমর্থন আর উৎসাহ পেয়েছি, তার সবটুকুর জন্য আমি কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা থেকে যা শিখলাম, তা সঙ্গে নিয়েই মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছি। পাশে থাকার জন্য ধন্যবাদ।”

বিগ বসের বাড়িতে কী ঘটেছিল?

বিগ বসের বাড়িতে নন্দিতা আর রাজবীরের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। এক সময় দেখা যায়, নন্দিতা রাজবীরকে বারবার চড় মারছেন, আঁচড়ে দিচ্ছেন। এর পরেই অনুষ্ঠানের নির্মাতারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেন। শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ জানিয়ে দেন, নিয়ম সব প্রতিযোগীর জন্যই সমান। গায়ে হাত তোলা অনুষ্ঠানের নিয়মে কঠোর ভাবে নিষিদ্ধ। সেই নিয়ম ভাঙায় নন্দিতাকে তখনই বাড়ি ছাড়তে হবে।

সিদ্ধান্ত শুনে কেঁদে ফেলেন রাজবীর। সৌরভকে অনুরোধ করেন, নন্দিতাকে যেন আরও একবার সুযোগ দেওয়া হয়। বিদায় নেওয়ার আগে নন্দিতা রাজবীরকে বলে যান, বাইরে তিনি তাঁর জন্য অপেক্ষা করবেন। রাজবীর যেন জিতে ফেরেন, সেই কথাও বলে যান তিনি।

সমাজমাধ্যমে দু’জনের পাশে দাঁড়িয়েছেন তাঁদের অনুরাগীরা। এক জন লিখেছেন, “‘রাজনন্দিনী’কে দেখে বুঝলাম, সত্যিকারের ভালবাসা দূরত্বের কাছে কখনও হার মানে না। জানতাম না, দু’জন মানুষ এত দূরে থেকেও মনে মনে এত কাছাকাছি থাকতে পারে। ওরা যে ভাবে পরস্পরের জন্য অপেক্ষা করেছে, একে অপরকে মনে রেখেছে, সব কিছুর পরেও পরস্পরকে আঁকড়ে থেকেছে, সেটা আমার মন ছুঁয়ে গিয়েছে।”

দীপাবলিতে রাজবীরের ছবির পাশে নন্দিতা:

প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, দীপাবলিতে, আরও একটি ছবি পোস্ট করেন নন্দিতা। তাতে দেখা যায়, রাজবীরের একটি আলোকচিত্রের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। রাজবীর এখনও ‘বিগ বস বাংলা’র তৃতীয় মরসুমে প্রতিযোগিতায় রয়েছেন।

এই ঘটনার আগেও বিগ বসের বাড়িতে দু’জনের ঘনিষ্ঠতা বারবার খবরে এসেছে। কখনও সকলের সামনে ভালবাসার প্রকাশ, কখনও গভীর রাতে কম্বলের নীচে দু’জনের কথাবার্তা দর্শকদের নজর কেড়েছে। একবার তাঁদের চুম্বনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও দু’জনের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন সৌরভ। মনে করিয়ে দিয়েছিলেন, বহু দর্শক সপরিবারে এই অনুষ্ঠান দেখেন।

‘বিগ বস বাংলা’র প্রথম মরসুম সম্প্রচারিত হয় ২০১৩ সালে। দ্বিতীয় মরসুম আসে ২০১৬-য়। প্রায় এক দশক পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ছোট পর্দায় ফিরেছে এই রিয়্যালিটি শো।