ষাটের দশকে এম. জন হ্যারিসন যখন লিখতে শুরু করেন, তখন কল্পবিজ্ঞানকে সাহিত্যের জগতে অনেকেই খাটো করে দেখতেন। অন্য কল্পবিজ্ঞান লেখকদের সঙ্গে মাঝেমধ্যে এ নিয়ে তাঁর কথা হত। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন সেই দিনগুলির কথা মনে করে বললেন, “আমি জিজ্ঞেস করতাম, ভাল করে লেখা কল্পবিজ্ঞানকে কেন সাহিত্য বলে গণ্য করা হবে না?”
প্রায় ষাট বছর পেরিয়ে গিয়েছে। কল্পবিজ্ঞান সাহিত্যের শিখর ছুঁতে পারে না, এমন ধারণাও বহু দিন হল বিদায় নিয়েছে। সোমবার বুকার পুরস্কার পেল হ্যারিসনের ‘দ্য এন্ড অব এভরিথিং’। এই উপন্যাসে তিনি কল্পনা করেছেন এমন এক ব্রিটেনের কথা, যার দখল নিয়েছে ভিনগ্রহীরা।
বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উড এক বিবৃতিতে বলেছেন, এর আগে মার্গারেট অ্যাটউড বা কাজুও ইশিগুরোর মতো লেখকদের যে বইগুলি বুকার পেয়েছে, সেগুলিতে কল্পবিজ্ঞানের কিছু উপাদান ধার করা হয়েছিল। হ্যারিসনের উপন্যাসই “কল্পবিজ্ঞানের নিজস্ব জগৎ থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী বই”।
এ বারের বিচারকমণ্ডলীর সভাপতি, ধ্রুপদি গ্রিক ও রোমান সভ্যতার গবেষক মেরি বিয়ার্ডের কথায়, হ্যারিসন এমন নিপুণ হাতে উপন্যাসটি লিখেছেন যে তা “আপনাকে ওলটপালট করে দেয়, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটায়। আর এমন বিষয় নিয়ে লেখা বই পড়ে আশ্চর্যজনক ভাবে শেষটায় মনে এক চিলতে আশাও জেগে থাকে।”
একাশি বছরের হ্যারিসন বুকারের ইতিহাসে প্রবীণতম বিজয়ী। পুরস্কার নিতে উঠে দেখা গেল, তিনি স্পষ্টতই বিহ্বল। বললেন, “সত্যি বলছি, আজ সন্ধেয় এই মঞ্চে দাঁড়াব ভাবিনি। একেবারেই ভাবিনি। আর তা-ও কিনা সব কিছুর শেষে! অথচ এই যে আমি এখানে। জীবন পাল্টে যাওয়ার কথা কত সহজেই বলে ফেলি। সত্যিই যখন পাল্টায়, অনুভূতিটা বড় অদ্ভুত। এত দিনে নিজেকে সত্যিকারের লেখক মনে হচ্ছে। নিজের উপর আর ছিটেফোঁটা আস্থা নেই।”
উপন্যাসে ব্রিটেন দখল করে নিয়েছে ‘আইগেটি’ নামে একদল ভিনগ্রহী। গল্পের কেন্দ্রে যে মানুষটি, সে সমুদ্রসৈকতে ঘুরে ঘুরে ভেসে আসা জিনিস কুড়োয়। একদিন ঢেউয়ের মধ্যে সে ভিনগ্রহীদের তৈরি একটি বস্তু খুঁজে পায়। তারপর সেটি নিয়ে উপকূল ধরে ঘুরে বেড়ায়। বস্তুটিও ক্রমে বড় হতে থাকে। কখনও সে ওটিকে বিদেয় করার চেষ্টা করে, কখনও আবার মনে হয় ওটার সঙ্গে তার একটা মায়ার সম্পর্ক গড়ে উঠছে। আইগেটিরা কী চায়, তার আশপাশের কেউ জানে না। এমনকি ওরা এল কী করে, তা-ও অজানা।
হ্যারিসন লিখেছেন, “সবচেয়ে বেশি লোকের ধারণা ছিল, ওরা ‘ইন্টারনেট থেকে বেরিয়ে এসেছে’। বস্তুত, ইন্টারনেটের নিজেরও এই তত্ত্বটাই সবচেয়ে পছন্দের ছিল। মাধ্যমটি তখনও দৃঢ় বিশ্বাসে নিজেকেই বার্তা বলে চালিয়ে যাচ্ছিল, যদিও চেষ্টাটার মধ্যে খানিকটা মরিয়া ভাব এসে গিয়েছিল।”
মহাপ্রলয়, দুঃস্বপ্নের সমাজে বেঁচে থাকা, ভিনগ্রহীদের মুখোমুখি মানুষ—কল্পবিজ্ঞানের বহু পরিচিত বিষয়ই রয়েছে ‘দ্য এন্ড অব এভরিথিং’-এ। অথচ এই ধারার প্রচলিত রীতিগুলি হ্যারিসন খুব কমই মেনেছেন। অচেনা এক জগতে পাঠক যাতে পায়ের তলায় মাটি পান, সে জন্য কল্পবিজ্ঞানের লেখকেরা সাধারণত খুঁটিনাটি দিয়ে সেই জগৎ গড়ে তোলেন। হ্যারিসন তার অনেকটাই ছেঁটে ফেলেছেন। তাঁর বর্ণনা কখনও অস্পষ্ট, কখনও এক বর্ণনার সঙ্গে অন্যটি মেলে না। পাঠক বারবার ভারসাম্য হারান।
হ্যারিসন সাক্ষাৎকারে বলেছেন, “সমাজে যা ঘটছে, তার ব্যাখ্যা দিতে আমরা কী ভাবে ব্যর্থ হই”, তা নিয়েই উপন্যাস লিখতে চেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, কোনও বিপর্যয় দিয়ে শুরু করলে ভাল হয়। বিয়ার্ডের মতে, উপন্যাসটির কৃতিত্ব এই যে তা দেখিয়েছে, মহাপ্রলয় যদি কোনও দিন সত্যিই আসে, “কী ঘটছে, তা বোধগম্যই হবে না”।
এ বারের দৌড়ে বেশি আলোচিত দু’টি বইকে পিছনে ফেলেছে হ্যারিসনের উপন্যাস। দু’টিরই লেখক আগে বুকার জিতেছেন। একটি মার্লন জেমসের ‘দ্য ডিসঅ্যাপিয়ারার্স’, অন্যটি ডগলাস স্টুয়ার্টের ‘জন অব জন’। চূড়ান্ত তালিকায় আরও ছিল এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’, লুক কেনার্ডের ‘ব্ল্যাক ব্যাগ’ এবং রেবেকা পেরির ‘মে উই ফিড দ্য কিং’।
বিচারকদের অন্যতম প্যাট্রিশিয়া লকউড জানালেন, বইটি হাতে নেওয়ার আগে হ্যারিসন কে, তা-ই জানতেন না। অথচ তাঁর লেখা পড়ার অভিজ্ঞতা কেমন? লকউডের কথায়, “যেন নিজের বাকি জীবনটার সঙ্গে দেখা হয়ে গেল।” তিনি আরও বললেন, “বইটা পাঁচ বার পড়েছি। এ নিয়ে দুটো প্রবন্ধ লিখেছি। একটা কবিতাও।”
সাহিত্যের জগতে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান বুকার। ইংরেজিতে লেখা এবং সংশ্লিষ্ট বছরে ব্রিটেন বা আয়ারল্যান্ডে প্রকাশিত উপন্যাসগুলির মধ্যে বিচারকদের বিচারে সেরা বইটিকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, প্রায় ৬৬ হাজার ৭০০ ডলার। পুরস্কার পাওয়ার পর সাধারণত বইয়ের বিক্রিও বহুগুণ বেড়ে যায়। হ্যারিসনের আগে সর্বশেষ বুকার পেয়েছিল ডেভিড স্যালয়ের ‘ফ্লেশ’।
আমেরিকায় হ্যারিসনের পরিচিতি তুলনামূলক ভাবে কম। ব্রিটেনে অবশ্য বহু দিন ধরেই তিনি সমালোচকদের প্রিয়। তাঁদের কেউ কেউ তাঁকে বলেছেন, “আপনি কখনও নাম শোনেননি, এমন লেখকদের মধ্যে সেরা।” লন্ডনের ‘দ্য টাইমস’-এ ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর আলোচনা করতে গিয়ে জন সেল্ফ লিখেছেন, পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে হ্যারিসন “এমন সব দুর্দান্ত বই লিখে চলেছেন, যা পাঠককে ধাঁধায় ফেলে দেয়।” শুরু ১৯৭১ সালে, তাঁর প্রথম উপন্যাস ‘দ্য কমিটেড মেন’ দিয়ে। বুকারজয়ী উপন্যাসটির মতো সেই বইয়েরও পটভূমি দুঃস্বপ্নের এক ব্রিটেন।
১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে হ্যারিসনের জন্ম। স্কুল পালিয়ে স্থানীয় গ্রন্থাগারে বসে উপন্যাস পড়তেন। এ ভাবেই সাহিত্যের প্রতি তাঁর টান আরও গভীর হয়। ষাটের দশকের মাঝামাঝি থেকে কল্পবিজ্ঞানের পত্রপত্রিকায় তাঁর গল্প বেরোতে শুরু করে।
এ বারের বুকারের বিচারকদের কথায়, ‘দ্য এন্ড অব এভরিথিং’ “থ্রিলার হিসেবে পড়া যায়, রহস্যকাহিনি হিসেবে পড়া যায়, ব্যঙ্গরচনা কিংবা দুঃস্বপ্নের সমাজের কাহিনি হিসেবেও পড়া যায়। একে পথযাত্রার উপন্যাস বলতে পারেন, আবার বাস্তববাদী সাহিত্যও বলতে পারেন।”
হ্যারিসনের বুকার জয়ে কল্পবিজ্ঞানের অনুরাগীরা নিশ্চয়ই উৎসব করবেন। তবে এই জয়কে শুধু ওই পরিচয়ে বেঁধে ফেললে হ্যারিসন নিজেই হয়তো বিরক্ত হবেন। সোমবার অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, “আমি কোনও সাহিত্যধারার প্রতিনিধি নই। আমি আমার মতো।”
তারপর বললেন, “কোন ঘরানার লেখক, সেই ছাপটা পড়ে গেলে লেখার ক্ষমতাই পঙ্গু হয়ে যায়। নিজের পাঠকের পরিধি নিজেই ছোট করে ফেলেন। আমি তা চাই না। আমি যে কোনও মানুষের সঙ্গে কথা বলতে চাই। সবার সঙ্গে।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।