ছাত্রীর করা যৌন হেনস্থা ও অসদচরণের অভিযোগের ভিত্তিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অধীনস্থ সত্যবতী কলেজের এক সহযোগী অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই অধ্যাপকের বিরুদ্ধে একটি ‘শো-কজ’ বা কারণ দর্শানোর নোটিশও জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে কলেজটির অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (ICC)।

উপলব্ধ তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর এক মহিলা শিক্ষার্থী ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেছেন যে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাঁকে ফোনে বিভিন্নভাবে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিচ্ছিলেন। এমনকি সিলেবাসের অংশ বলে দাবি করে তাঁকে একটি অশ্লীল পিডিএফ (PDF) ডকুমেন্টও পাঠিয়েছিলেন ওই অধ্যাপক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অসদচরমূলক আচরণ, যৌন হেনস্থা এবং অশালীন ভাষা ব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

সত্যবতী কলেজের অধ্যক্ষ সুভাষ কুমার সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, অভিযোগটি বর্তমানে আইসিসি (ICC)-র বিচারাধীন রয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর তা গভর্নিং বডি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। এদিকে অভিযুক্ত অধ্যাপক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌন হেনস্থা ও অসদচরণের একাধিক অভিযোগ সামনে আসায় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষক সমাজের নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।