প্রথমে ধরা, দীর্ঘ যাত্রায় আহত হওয়া, সুস্থ হওয়ার আগেই জঙ্গলে মুক্তি, তারপর ফের ধরে আনা। বিহারের বাল্মীকি থেকে বক্সায় আনা তিন বছরের বাঘিনির এই যন্ত্রণার যাত্রায় এবার সামনে এল গর্ভপাতের খবর। অসমের কোকরাঝাড়ের কাছে গেলাগুড়ি গ্রাম সংলগ্ন এলাকায় ৩ নভেম্বর ঘুমপাড়ানি ওষুধ দিয়ে ধরার পরে তার তিনটি ভ্রূণ নষ্ট হয়। ভ্রূণগুলির আনুমানিক বয়স দু’মাস। গর্ভপাতের পরেই কর্তারা জানতে পারেন, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। সরকারি নথি ও বন দফতরের সূত্রের ভিত্তিতে তথ্যটি জানিয়েছে একটি সংবাদ সংস্থা।

বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। সংবাদ মাধ্যমের হাতে আসা জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর বাল্মীকিতে ধরার সময় প্রাণীটি সুস্থ ছিল; আঘাতের চিহ্নও ছিল না। কিন্তু পরিবহণের খাঁচায় ছটফট করতে গিয়ে সে আহত হয়। প্রথমে চার ঘণ্টার সড়কযাত্রায় গোরক্ষপুর, তারপর বায়ুসেনার বিমানে আড়াই ঘণ্টায় হাসিমারা, সেখান থেকে আবার সড়কপথে বক্সা। হাসিমারায় পৌঁছনোর সময় সে খাঁচার দরজায় বারবার ঝাঁপাচ্ছিল। ১ অক্টোবরের পরীক্ষায় সামনের দুই থাবার পায়ের তলায় ঘষা ক্ষত এবং নখ ক্ষয়ে যাওয়ার চিহ্ন মেলে।

এই অবস্থায় ৪ অক্টোবর তাকে জঙ্গলে ছাড়া হয়। ১৫ অক্টোবরের পর্যালোচনা বৈঠকে বিশেষজ্ঞ রাজেশ গোপাল তাড়াহুড়ো করে আহত বাঘিনি ছেড়ে দেওয়ার সমালোচনা করেন। আঘাতের মাত্রা নির্ধারণ ও চিকিৎসার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মুক্তি পিছিয়ে দেওয়ার প্রয়োজন ছিল বলে বৈঠকে মত ওঠে। দীর্ঘ পরিবহণপথ নিয়েও প্রশ্ন তোলা হয়। ভবিষ্যতে যাত্রার সময় ও ধকল কমাতে অসমের মানস অথবা কাজিরাঙা থেকে বাঘ আনার সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট রিপোর্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল ২৭ অক্টোবর। তবে এক আধিকারিক জানিয়েছেন, ঘেরাটোপ ছাড়ার পরে বাঘিনিটি বন্য তৃণভোজী প্রাণী ও গৃহপালিত শুয়োর শিকার করেছিল। বিশেষজ্ঞদের আপত্তি ছিল, আহত অবস্থায় তাকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্তের আগে চিকিৎসাগত মূল্যায়ন ও ব্যবস্থা নেওয়া নিয়ে।

ফের ধরে আনার পরেও বাঘিনিকে রাখার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, বক্সার ওই ঘেরাটোপ তৈরি হয়েছিল ২০১৬-১৭ সালে তৃণভোজী প্রাণীদের জঙ্গলে ছাড়ার আগে রাখার জন্য। পরে সেটিকেই বাঘের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জায়গায় বদলানো হয়। অসম থেকে ফেরার পরে বাঘিনিটি ঘেরাটোপের বিভিন্ন অংশ দিয়ে বেরোনোর চেষ্টা করেছিল। ৮ নভেম্বর সে বেরিয়ে যায়। ঘেরাটোপের ভিত এত দুর্বল কেন, তা নিয়ে বনমন্ত্রী মনোজ ওরাঁও দফতরের আধিকারিকদের প্রশ্ন করেন বলে সূত্রের খবর।

এরপর বাঘিনিকে বক্সার সীমানার মধ্যে রাখতে বনকর্মী, কুনকি হাতি, ঢাকি এবং বাজি ফাটানোর দল মোতায়েন করা হয়। জলদাপাড়া থেকেও অতিরিক্ত হাতি আনা হয়। সীমান্তের দিকে এগোলেই ঢাক, ঢোল, কাঁসর ও ঘণ্টার শব্দ তুলে তার গতিপথ বদলানোর চেষ্টা চলে। বন্যপ্রাণীকে নতুন আবাসে প্রতিষ্ঠিত করার এই উদ্যোগে পরিবহণ, চিকিৎসা, নিরাপদ ঘেরাটোপ এবং নজরদারির মধ্যে সমন্বয় কতটা ছিল, ঘটনাক্রমে সেই প্রশ্নই সামনে এসেছে।

গর্ভপাত প্রসঙ্গে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খতিয়ে দেখা হবে। প্রকল্পের বিজ্ঞানী কে রমেশও তদন্তের কথা বলেছেন। বনমন্ত্রী জানিয়েছেন, গর্ভপাতের খবর তাঁর জানা নেই। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অধিকর্তা জি এস ভরদ্বাজের বক্তব্য, প্রথমবার ধরার সময় গর্ভাবস্থার দৃশ্যমান লক্ষণ ছিল না; শনাক্ত করতে হরমোন পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড প্রয়োজন হতো।

ভরদ্বাজের মতে, অচেতন করার ওষুধ, পরিবহণ এবং নতুন পরিবেশের চাপ মিলিতভাবে প্রভাব ফেলতে পারে। আবার অল্পবয়সি বাঘিনির প্রথম গর্ভধারণে অকালপ্রসবও অস্বাভাবিক নয়। ফলে গর্ভপাতের নির্দিষ্ট কারণ এখনও প্রতিষ্ঠিত হয়নি। ভ্রূণগুলি সংরক্ষণ করা হয়েছে। এখন তদন্তেই স্পষ্ট হওয়ার কথা, কোথায় কী ত্রুটি হয়েছিল এবং এই পরিণতি এড়ানো সম্ভব ছিল কি না।