বৃহস্পতিবার আমাদের প্রতিবেদনে বলা হয়েছিল, প্যাট কামিন্সের সামনে এসে প্রশ্নের জবাব দেওয়া দরকার। তিনি তা করেননি—এ কথা ন্যায্য বিচারে কেউ বলতে পারবেন না। অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়কের সেই সাংবাদিক সম্মেলন ছিল সত্যিই শেষ পর্যন্ত ময়দানে দাঁড়িয়ে থাকার পরীক্ষা। এক ঘণ্টা আট মিনিট পোডিয়ামে দাঁড়িয়ে ২০১৮ সালের বল-বিকৃতি কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিয়ে গেলেন তিনি। থামলেন তখনই, যখন উপস্থিত প্রত্যেক সাংবাদিকের প্রশ্ন করার শক্তি ফুরিয়ে এসেছে। সতীর্থ উসমান খোয়াজা দলে প্রতারণার যে সর্বব্যাপী সংস্কৃতির ছবি এঁকেছেন, কামিন্স হয়তো তার কিছুটা অন্তত মেনে নেবেন—এমন প্রত্যাশা কারও থাকতে পারত। কিন্তু কামিন্স অনড়: তিনি যে জীবন দেখেছেন, তার সঙ্গে ওই বিবরণের মিল নেই। আবারও একই বক্তব্য, এবার আরও আবেগ নিয়ে। তবে তার চেয়েও বড় কথা, এবার অনেক বেশি খুঁটিনাটি তথ্যসহ।
সংবাদমাধ্যমের বয়ানে এবার কামিন্স ও খোয়াজাকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেওয়া হবে। কারণ, দুই বন্ধুর সম্পর্কের ভাঙন বড় রসালো গল্প; সেটাকে আরও ফুলিয়েফাঁপিয়ে পাঠকের অতৃপ্ত ভোজের টেবিলে পরিবেশন করা যায়। কিন্তু এ ভাবে দেখানো ন্যায্য হবে না। দু’জনেই তাঁদের বন্ধুত্বের গুরুত্বের কথা বলেছেন, যদিও সেই বন্ধুত্ব এখন প্রবল চাপের মধ্যে থাকারই কথা। দু’জনেই চিন্তাশীল মানুষ, তাঁদের দীর্ঘ যৌথ অতীতও রয়েছে। এই সঙ্কট পেরিয়ে পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা তাই অনেকের চেয়ে তাঁদের বেশি।
সেই সময়ের অস্ট্রেলীয় দল সম্পর্কে খোয়াজার বিবরণ কখনও নির্দিষ্ট ভাবে কামিন্সকে নিশানা করেনি। তখন কামিন্স ছিলেন দলের জুনিয়র সদস্য। ২০১৮ সালে শাস্তি পাওয়া তিন জন ছাড়া আর কোনও খেলোয়াড়কে খোয়াজা স্পষ্ট ভাবে অভিযুক্ত করতেও চাননি। তার বদলে তিনি এমন সব অস্পষ্ট মন্তব্য করেছেন, যার দায় গিয়ে পড়ে গোটা দলের উপরে। আর তার পুরোভাগে রয়েছে সেই কথাটি, যা এই বিতর্কে আগুন ধরিয়েছে: “আমরা সবাই এর মধ্যে ছিলাম।”
কামিন্স কিন্তু খোয়াজার বয়ান প্রত্যাখ্যান করতে গিয়ে নির্দিষ্ট কথাই বলেছেন। তাঁর বক্তব্য, কয়েক জন খেলোয়াড়ের হঠকারী একটি পরিকল্পনা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছনোর ঘটনাকে গোটা দলের তৈরি বৃহত্তর চক্রান্ত বলে দেখানো “একশো শতাংশ ভুল” এবং “সম্পূর্ণ অর্থহীন কথা”। কারা জড়িত ছিলেন, তা নিয়ে এই অনুমান যাঁরা জড়িত ছিলেন না, তাঁদেরও ক্ষতি করছে বলে তিনি জানিয়েছেন।
“গত কয়েক দিন ধরে এই বিষয়টা নিয়েই আমি আসলে নিজের মধ্যে লড়ছি। উসমান আমার বন্ধু। কিন্তু মানুষের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ে ও যে ভাবে এত হালকা চালে, এতটা দায়িত্বজ্ঞানহীন ভাবে কথা বলেছে, সেটা ঠিক বলে আমি মনে করি না। বন্ধুরা এমন করে বলেও মনে করি না।”
তাঁর এই দাবিগুলির চেয়েও বেশি কাজে লেগেছে সেগুলির সমর্থনে দেওয়া খুঁটিনাটি বিবরণ। ক্রিকেট বল বিকৃত করার যত রকম পদ্ধতির কথা তিনি শুনেছেন, কামিন্স তার প্রত্যেকটির বিস্তারিত উল্লেখ করেছেন। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় সেগুলির কোনওটি ব্যবহার করতে তিনি কখনও দেখেননি, কিংবা ব্যবহারে সম্মতিও দেননি। পেশাদার ক্রিকেটে বল বিকৃত করার যে একটি ঘটনার সাক্ষী হয়েছেন, সেটিও নির্দিষ্ট করে বলেছেন: শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে বোতলের ছিপি ব্যবহার করা হয়েছিল। আম্পায়াররা তা বন্ধ করে দেওয়ার সময়েই বিষয়টি তাঁর নজরে আসে।
নেটে অনুশীলনের জন্য স্যান্ডপেপার-সহ নানা সরঞ্জাম দিয়ে ক্রিকেট বল ঘষে, ক্ষতবিক্ষত করার প্রচলনের কথাও ব্যাখ্যা করেছেন তিনি। সেই কাজটিকে কোনও ম্যাচে নিয়ে যাওয়ার ভাবনা তাঁর কাছে কতটা অকল্পনীয় ছিল, তা-ও বলেছেন। দলের ঘর এবং অনুশীলনের সময়কার মেলামেশার ধরনও বুঝিয়েছেন: কী ভাবে ছোট ছোট দল তৈরি হয়, লোকজন এক দল থেকে অন্য দলে যায়, আবার একত্র হয়; আর কোনও কোনও কথোপকথন কী ভাবে সেই ছোট বৃত্তের বাইরেই কখনও পৌঁছয় না। তিনি নির্দিষ্ট করে জানিয়েছেন, দলের ঘরে তাঁদের ওই সতীর্থ সবাইকে একসঙ্গে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন—এমন কোনও স্মৃতি তাঁর নেই। এ নিয়ে তিনি আরও যাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁদেরও নেই। এমন কোনও উদ্যোগে কেউ বাধা দিয়েছিলেন বলেও তাঁদের মনে পড়ে না।
দুই বয়ান এসে মিশেছে শুধু একটি জায়গায়। খোয়াজা লিখেছেন, ২০১৭-১৮ সালের অ্যাশেজে বলের গতিপথে বাঁক আনতে খেলোয়াড়েরা বলের ‘কোয়ার্টার সিম’, অর্থাৎ চামড়ার অংশ জোড়া দেওয়ার গৌণ সেলাইয়ের ধার, তুলে দিতেন। অন্য দিকে কামিন্স বলেছেন, দেশের মাটিতে তাঁর সেই প্রথম সিরিজে কখনও কখনও তিনি বলের চামড়া উঁচু হয়ে থাকতে দেখেছিলেন। তখন সেটিকে স্বাভাবিক ত্রুটি বলেই মনে হয়েছিল। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধারণা নিয়ে নতুন করে ভেবেছেন।
অবশ্যই, তাঁর গোটা বক্তব্যটাই মিথ্যা হতে পারে। তা-ই যদি হয়, তবে এ এক অত্যন্ত বিশ্বাসযোগ্য অভিনয়। একজন মিথ্যাবাদী কিছুটা হলেও জায়গা ছাড়তেন; কামিন্স নিজের অবস্থান থেকে এক মিলিমিটারও সরেননি। এমন মানুষ আছেন, যাঁরা তাঁকে কখনও বিশ্বাস করবেন না। তাঁরা জোর দিয়ে বলবেন, প্রত্যেক বোলারই জানেন তাঁর পছন্দের অস্ত্রটি নিয়ে কী করা হচ্ছে। যুক্তিটা সঙ্গত। কিন্তু সবচেয়ে যুক্তিসঙ্গত বলে যা মনে হয়, বাস্তবে সব সময় সেটাই ঘটে না—এ-ও সত্যি। আমাদের জীবন এমন ব্যতিক্রমে ছড়িয়ে-ছিটিয়ে ভরা। বলের দেখভালের একচেটিয়া দায়িত্ব থাকে ব্যাটারদের হাতে। প্রতিটি ডেলিভারির পর বলের সেই চেনা আকাশপথের যাত্রা: উইকেটকিপার থেকে স্লিপ, স্লিপ থেকে কভার, সেখান থেকে মিড-অফ; অবশেষে তা ফেরে যিনি বলটি করবেন, তাঁর হাতে। রণকৌশল নির্ধারণেও ব্যাটারদের একাধিপত্য, কারণ অধিনায়কত্বও তাঁদেরই দখলে। মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ার অধিনায়ক পদে কামিন্সই প্রথম বিশেষজ্ঞ বোলার।
তাঁর নেতৃত্বে দলের পরিবেশের উন্নতি হয়েছে। খোয়াজা তাঁর বইয়ে লিখেছেন এমন এক মুহূর্তের কথা, যখন তাঁকে দলের প্রকৃত অংশ করে নেওয়া হয়েছিল। জয়ের পর শ্যাম্পেন ছিটিয়ে উৎসব করলে তাঁর মুসলিম সতীর্থটি যে নিজেকে বিচ্ছিন্ন বোধ করেন, কামিন্স তা বুঝতে পেরেছিলেন। খোয়াজা লিখেছেন, “প্যাটের ওই ছোট্ট একটি উদ্যোগই সব বদলে দিয়েছিল। গোটা পৃথিবীকে দেখিয়েছিল, আমাদের দলে সকলের জায়গা আছে। প্যাটকে আগে থেকেই পছন্দ করতাম। এর পরে ওকে ভালবেসে ফেললাম।”
শুক্রবার সেই প্রসঙ্গে কথা বলার সময় কামিন্সের দুঃখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। “উজি আমাকে কয়েক বার বলেছে, এই দলের অংশ হয়ে থাকতে ও কতটা আনন্দ পেয়েছে। আমার কাছে যে কোনও জয়ের চেয়েও এর মূল্য বেশি।”
মানুষ একজন খলনায়ক খুঁজে নিয়ে গোটা ব্যাপারটাকে সহজ করে ফেলতে চায়। এখানে তেমন কেউ নেই। খোয়াজার মিথ্যা বলার কোনও কারণ নেই। যদিও সারা জীবনের বন্ধু ওয়ার্নারকে রক্ষা করার ইচ্ছা হয়তো তাঁর বিচারবোধকে প্রভাবিত করেছে। তবে ঘটনাকে তিনি যে ভাবে সাজিয়ে দেখিয়েছেন, তার বিশ্বাসযোগ্যতা দুর্বল হয়ে পড়ে ওই একই অধ্যায়ের আর একটি অংশে। সেখানে তিনি লিখেছেন, স্মিথের জায়গায় তাঁকে অধিনায়ক না করায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। স্যান্ডপেপার ব্যবহার করতে দেওয়ার জন্য স্মিথকে সরিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা তিনি সদ্য দেখেছেন। অথচ নিজের স্বীকারোক্তি অনুযায়ী খোয়াজাও ঠিক একই কাজ করেছিলেন। তা হলে তিনি কী ভাবে বেশি উপযুক্ত হতেন?
এই অসঙ্গতি কামিন্সের নজর এড়ায়নি। “ও যে জানত কী ঘটছিল, ও যে ক্যামের [ব্যানক্রফ্ট] পাশে বসেছিল, আর ক্যামকে সাবধানে থাকতে বলেছিল—এ সব আমার কাছে নতুন তথ্য। হয়তো এই বিষয়টা নিয়েই ও আট বছর ধরে নিজের মধ্যে লড়ছে।”
শেষ পর্যন্ত তাই আমরা এসে দাঁড়াচ্ছি সেই শুরুর জায়গাতেই। একদল খেলোয়াড় রিভার্স সুইংয়ের পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন, আর একদল করছিলেন না। প্রত্যেক পক্ষই ধরে নিয়েছিল, সবাই একই ভাবে ভাবছেন। পরে যখন বোঝা গেল, বাস্তব তা নয়, তখন একের পর এক কঠিন ধাক্কা। কয়েক জন বন্ধু আঘাত পেয়েছেন, কিছু অনুরাগী দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছেন, আর অধিকাংশ মানুষ এখনও নিশ্চিত নন। তবে অবস্থানগুলি আরও স্পষ্ট হয়েছে। সংবাদবিজ্ঞপ্তির ফাঁপা কথার আশপাশে যে শূন্যস্থান ছিল, তার কিছুটা পূরণ হয়েছে। এই ঘটনায় জড়িত প্রত্যেকে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন কিছু না বলেই। অন্তত সেই জায়গাটুকু বদলেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।