“আমরা অনেক খোঁজখবর নিয়েছিলাম। অতিথিদের খাওয়াদাওয়ার অভ্যাস কেমন, কতটা ঝালমশলা পছন্দ করেন, সে সবও জেনে নিয়েছিলাম। বম্বের হয়ে এই রান্নার দায়িত্বটা যে কত বড়, সেটা অনুভব করছিলাম। চেয়েছিলাম, শহরের প্রত্যেক সম্প্রদায়ের রান্না থেকে কিছু না কিছু পাতে থাকুক। চেনা পদে নতুন কিছু করব, অথচ তার আসল স্বাদটাও যেন অক্ষুণ্ণ থাকে,” বললেন শেফ আনন্দ মোরওয়ানি।
সেই ভাবনা থেকেই প্রিন্স অব ওয়েলসের মধ্যাহ্নভোজের জন্য তৈরি হল চোদ্দো পদের মেনু। তাতে মহারাষ্ট্রীয়, পারসি, সিন্ধি, গুজরাতি, মুসলিম, পঞ্জাবি ও জৈন রান্নার পাশাপাশি জায়গা পেল মুম্বইয়ের মৎস্যজীবী কোলি সম্প্রদায়ের রান্নাও। মুরগির নার্গিসি কোফতার সঙ্গে ছিল আনারস আর পোস্তর চাটনি। বিট আর ছাগলের দুধের চিজ দিয়ে তৈরি টিক্কির সঙ্গে পিন্ডি ছোলে ও দই। আর পারসি কিমা শাকশুকার সঙ্গী ছিল সেঁকা ক্যাপসিকাম আর গ্লুটেন-মুক্ত পাউরুটির মুচমুচে টুকরো। পরিবেশনায় নতুনত্ব থাকলেও স্বাদে যেন চেনা পদটিকে খুঁজে পাওয়া যায়, সেটাই ছিল উদ্দেশ্য।
অতিথিরা যতটা ঝালমশলা পছন্দ করেন, সে কথা মাথায় রেখে কয়েকটি পদে বদল এনেছিলেন শেফরা। তারই একটি ‘বাটার গার্লিক ক্র্যাব শু’। অনুপ্রেরণা জুগিয়েছিল সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত মুম্বইয়ের রেস্তরাঁ তৃষ্ণা। মাখন-রসুনে রান্না করা কাঁকড়া ভরা শু পেস্ট্রির উপর ছিল আমচুর মেশানো সরু সুতোর মতো কাটাইফি পেস্ট্রি।
মোরওয়ানি বললেন, “মেনুতে কোলিদের রান্নার ছোঁয়া রাখতে চেয়েছিলাম। প্রথমে কাঁকড়ার অন্য একটা পদ ভেবেছিলাম, পরে সেটা বদলাই। মুম্বইয়ের নানা সম্প্রদায়ের পরিচয় যাতে রান্নায় ফুটে ওঠে, সে দিকে আমাদের বিশেষ নজর ছিল।”
আর একটি পদে ফিরে এল পারসি বাড়ির সকালের জলখাবার। বম্বে রাস্কের উপর জ্যামের মতো ঘন টমেটোর চাটনি আর আকুরি, অর্থাৎ পারসি কায়দায় নরম করে রান্না করা মশলাদার ডিমের ভুর্জি। সবশেষে উপরে লবস্টার।
মুরগির নার্গিসি কোফতা ছিল শেফদের নিজস্ব কায়দায় তৈরি স্কচ এগ। ফলে ব্রিটিশ অতিথিরা তাতে পরিচিত একটি পদের আদল পেলেন। কোফতার উপর আনারস আর পোস্তর চাটনি মশলার সঙ্গে মেশাল টক-মিষ্টি স্বাদ। ধোঁয়ার গন্ধমাখা ভেড়ার কাঁধের মাংস ভরা হল ফরাসি ক্রোয়াসাঁয়। সঙ্গে খেজুর, তেঁতুল আর আখরোটের সস এবং মুচমুচে করে ভাজা ছোট পেঁয়াজ। এ ভাবেই ফরাসি পেস্ট্রিতে এল ভারতীয় রান্নার স্বাদ। শাকশুকাতেও ছিল খানিক খেলা। প্রাতরাশের এই পদে একসঙ্গে এল সিন্ধি ‘টমাটর আন্ডা’ আর পারসি কিমা।
মুম্বইয়ের পথের খাবার আর চিরচেনা পদের মধ্যে ছিল ছোট্ট বড়া পাও, ঢোকলা, কচুরি, জিলিপি আর ফাফড়া। মিষ্টির পাতেও ভারত আর ইউরোপের মেলবন্ধন। সেখানে ছিল গুলাবজামুন চিজকেক আর বেক করা কেশর-দুধের টার্ট।
যুবরাজের খাওয়ার ব্যবস্থা হয়েছিল আলাদা ঘরে। কোন পদটি তাঁর মনে ধরেছে, তার একটু আঁচ অবশ্য পেয়েছিলেন মোরওয়ানি। “সত্যি বলতে, উনি আলাদা ঘরে ছিলেন বলে খাবার সময় ওঁর সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। তবে দেখলাম, বাটার গার্লিক ক্র্যাব শু আর এক দফা গেল ওঁর ঘরে। তাই জানি, ওটা ওঁর সত্যিই ভাল লেগেছে,” বললেন তিনি।
এমন দিনে মোরওয়ানির মনে পড়ছিল তাঁর মায়ের কথা। “আজ মায়ের কথা ভাবছিলাম। মা যে কী খুশি হতেন! কেমব্রিজে পড়াশোনা করেছিলেন। কেমব্রিজ আর লন্ডনের প্রতি মায়ের খুব টান ছিল। ওখানে আমাদের বাড়ি আছে বলে আমরা প্রায়ই যেতাম। বারবার মনে হচ্ছিল, রাজপরিবারের জন্য আমি রান্না করেছি জানলে মা কতটা খুশি হতেন, কতটা গর্ব হত তাঁর।”
এই মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছিল প্রিন্স অব ওয়েলসের ধর্মা প্রোডাকশনস সফর উপলক্ষে। সেখানে তাঁকে স্বাগত জানান চলচ্চিত্র পরিচালক করণ জোহর, সংস্থার সিইও অপূর্ব মেহতা, সিওও মারাইকে ডি’সুজা এবং অভিনেতা সইফ আলি খান ও করিনা কপূর খান। ভারতীয় সিনেমা কী ভাবে ক্রমেই বৃহত্তর আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছচ্ছে এবং ব্রিটেনের সঙ্গে তার দীর্ঘদিনের সৃজনশীল সম্পর্ক নিয়েই মূলত কথা হয়। ব্রিটেনে ‘কভি খুশি কভি গম’-এর শুটিংয়ের স্মৃতিচারণ করেন করণ ও করিনা। যুবরাজকে ছবির কয়েকটি দৃশ্য ও শুটিংয়ের নেপথ্য মুহূর্তের ফুটেজ দেখানো হয়। ছবির বিখ্যাত গানগুলির সঙ্গে নাচও পরিবেশিত হয়। ছবির পঁচিশ বছর পূর্তি ঘিরে তাঁর কী পরিকল্পনা, সে কথাও জানান করণ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।