‘সাকি সাকি’ গানে সঞ্জয় দত্তের সঙ্গে পর্দা মাতিয়েছিলেন কোয়েনা মিত্র। এক ছবিতে রহস্যময়ী মোহময়ী, পরের ছবিতেই একেবারে সাবেকি মরাঠি সাজে। বলিউডে নিজের জায়গা করে নিচ্ছিলেন কলকাতার মেয়ে কোয়েনা। সেই সময়েই নাকের একটি অস্ত্রোপচার তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

কলকাতায় জন্ম কোয়েনার। মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি ছিল তাঁর। ২০০২ সালে গ্ল্যাডর‌্যাগস সুপারমডেল প্রতিযোগিতা জিতে তিনি মুম্বই চলে আসেন। তখন এমন বড় মাপের প্রতিযোগিতা জিতলে সিনেমায় ঢোকার পথ অনেকটাই খুলে যেত। সে সময়ের বহু তারকাই মডেলিং থেকে সিনেমায় এসেছিলেন।

কোয়েনার কাছেও কাজের সুযোগ এল। প্রথমে রামগোপাল বর্মার ‘রোড’ ছবির ‘খুল্লম খুল্লা’ গানে দেখা গেল তাঁকে। তার পর আরও বড় সুযোগ। সঞ্জয় গুপ্তর ‘মুসাফির’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে ‘সাকি সাকি’ গানে নাচলেন কোয়েনা। গানটি তুমুল জনপ্রিয় হল। ‘এক খিলাড়ি এক হাসিনা’য় যে কোয়েনাকে দেখা গিয়েছিল বিপজ্জনক এক মোহিনীর চরিত্রে, ‘আপনা সপনা মানি মানি’তে তিনিই সাবলীল এক সাবেকি মরাঠি নারীর সাজে।

‘ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন’

২০০৬–০৭ সাল নাগাদ নাকের গড়ন বদলাতে রাইনোপ্লাস্টি করান কোয়েনা। ২০১৩ সালে ‘মুম্বই মিরর’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অস্ত্রোপচারের পর তাঁর মুখের হাড় ফুলতে শুরু করে। তাঁর কথায়, “এমনকি ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, এখন ওষুধ আর প্রার্থনাই ভরসা।”

তাঁকে বলা হয়েছিল, ছ’মাসের মধ্যে অবস্থার উন্নতি হবে। প্রথম দিকে কিছুদিন বাড়িতেই কাটিয়েছিলেন। পরে যখন আবার বাইরে বেরোতে শুরু করলেন, তাঁর চেহারার বদল দেখে সহকর্মী থেকে অনুরাগী, সকলেই চমকে গিয়েছিলেন। কোয়েনা বলেছিলেন, “আমি কিছুই লুকোইনি। অথচ আমাকে নিয়ে লোকে যা-তা বলেছে, যা-তা লিখেছে।”

পরে তাঁর মনে হয়েছিল, নিজের চেহারা নিয়ে বোধহয় একটু বেশিই খোলাখুলি কথা বলে ফেলেছিলেন। এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের কয়েক জনও তাঁর পাশ থেকে সরে গিয়েছিলেন। এর পর কয়েক দফা সংশোধনী অস্ত্রোপচারে কিছুটা উন্নতি হয়। কিন্তু সিনেমায় তাঁর পেশাগত জীবন আর আগের ছন্দে ফেরেনি। এর মধ্যে ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’ এবং ‘ঝলক দিখলা জা ৩’-এর মতো কয়েকটি রিয়্যালিটি শোয়ে দেখা যায় তাঁকে। ছবির প্রস্তাবও তখন কমতে শুরু করেছে।

হলিউডের আশায় লস অ্যাঞ্জেলেসে

২০১১ সালে হলিউডে কাজের আশায় লস অ্যাঞ্জেলেসে চলে যান কোয়েনা। সে বছর ‘রেডিফ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কয়েকটি ছবির জন্য অডিশন দিয়েছেন, শুটিংও করেছেন। শেষ পর্যন্ত সেই ছবিগুলির একটিও মুক্তি পায়নি।

লস অ্যাঞ্জেলেসে চার বছর কাটিয়েছিলেন কোয়েনা। ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী হয়ে আবার ক্যামেরার সামনে ফেরেন। তাঁর কাছে ছবির প্রস্তাব আসা বন্ধ হয়ে গিয়েছিল, এই ধারণা অবশ্য কোয়েনা মানতে চাননি। তিনি বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি তখনও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল। “কাজটা কী ভাবে হবে, তা নিয়ে মতের অমিল ছিল। কিংবা কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। সে জন্য কোনও কোনও প্রস্তাব হয়তো নিইনি।”

‘বিগ বস’-এর ঘরে তাঁর থাকার মেয়াদ ছিল অল্পই। সহ-প্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে কয়েক দফা বচসার পর শো থেকে বাদ পড়েন কোয়েনা। বেরিয়ে এসে সঞ্চালক সলমন খানের সমালোচনা করতেও দ্বিধা করেননি। তাঁর অভিযোগ ছিল, সলমন তাঁর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।

‘তিন বছর ধরে নির্যাতন’

একদিন যাঁকে বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে দেখা হত, তাঁর পরিচয় ক্রমে ওই একটি অস্ত্রোপচারেই আটকে গেল। প্রকাশ্যে এলেই বা কোনও সাক্ষাৎকার দিতে বসলেই কোয়েনাকে ঘুরেফিরে সেই নাকের অস্ত্রোপচার নিয়েই প্রশ্ন করা হত।

২০২১ সালে ‘জুম’কে দেওয়া সাক্ষাৎকারে কোয়েনা বলেন, অস্ত্রোপচারে কোনও ভুল হয়নি। “খুবই সাধারণ অস্ত্রোপচার ছিল। বড় কোনও ইমপ্লান্ট বসানো হয়নি। নাকের গড়ন একটু ঠিক করা হয়েছিল। কিন্তু আমার শরীর ও ভাবে প্রতিক্রিয়া দেখাল। আমার তো সেই প্রথম এমন অভিজ্ঞতা। শরীর কী ভাবে সাড়া দেবে, জানতাম না।” তার এক বছর পর ‘আজ তক’কে তিনি বলেন, অস্ত্রোপচারের পর “তিন বছর ধরে নির্যাতন” সহ্য করতে হয়েছিল তাঁকে।

আইএমডিবি-র তথ্য অনুযায়ী, কোয়েনাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল বাংলা ছবি ‘বেশ করেছি প্রেম করেছি’তে। হলিউডের কোনও কাজ শেষ পর্যন্ত মুক্তি পায়নি। ইনস্টাগ্রামে এখনও নিয়মিত পোস্ট করেন কোয়েনা। এর পর কী কাজ করবেন, সে কথা এখনও জানাননি।