ভারতে এত কাজ করার পরেও দেশে ফিরে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করেছেন আলি জাফর। এক ছবির প্রচারে অজয় দেবগনের কাছে এ নিয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। অজয় সে দিন আলির পক্ষ নিয়েছিলেন। পাকিস্তানি অভিনেতা ওয়াসিম আব্বাসের পডকাস্টে আলি জানালেন, অজয়ের উত্তরটা আজও তাঁর মনে আছে।

একটা সময় হিন্দি ছবিতে নিয়মিত সুযোগ পেতেন পাকিস্তানি শিল্পীরা। ফাওয়াদ খান, আলি জাফর, ইমরান আব্বাস, মাহিরা খান, মাওরা হোকেন, সজল আলি ও সাবা কামারকে দেখা গিয়েছিল বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে। দুই দেশের সম্পর্কে টানাপড়েনের প্রভাব পড়ে বলিউডেও। সেই বদলের কথা বলতে গিয়ে আলি ফিরে গেলেন ভারতে তাঁর প্রথম ছবির শুটিংয়ের দিনগুলোয়।

‘তেরে বিন লাদেন’-এর শুটিং তখনও দু’-তিন দিন বাকি

আলি বললেন, “রশিদ খোয়াজা সাহেবই আমাকে ‘তেরে বিন লাদেন’-এর জন্য ফোন করেছিলেন। বলেছিলেন, একবার চিত্রনাট্যটা শোনো। তখন আমার হাতে মহেশ ভাটের একটা ছবির প্রস্তাব ছিল। আর একটা স্টুডিয়োর ছবিতে রোম্যান্টিক নায়কের চরিত্রও পেয়েছিলাম। কিন্তু মুম্বইয়ে বসে এই চিত্রনাট্যটা পড়ে এমন ভাল লেগে গেল যে এটাই করতে চাইলাম। ঝুঁকি যে আছে, বুঝেছিলাম। তবু রাজি হয়ে গেলাম। আমি পাকিস্তানি, ভারতে কাজ করতে এসেছি, আর প্রথম ছবিরই নাম ‘তেরে বিন লাদেন’! বিষয়টা বেছে নিতে একটু সাহস লাগত।”

শুটিং চলাকালীনই মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলা হয়। আলির কথায়, “আর মাত্র দু’-তিন দিনের কাজ বাকি। সবাই বলছিলেন, দেশে ফিরে যাও। আমি ঠিক করেছিলাম, শুটিংটা শেষ করব। হায়দরাবাদের ফিল্ম সিটিতে বাকি কাজ সেরে তবেই বাড়ি ফিরলাম। ছবিটা মুক্তি পেতে দু’বছর লেগেছিল। ২০১০ সালে অল্প কয়েকটা হলে মুক্তি পেয়েও দারুণ সাড়া ফেলেছিল।”

‘ডিয়ার জিন্দেগি’-তে অন্য অভিনেতাকে নিয়েও শুটিং হয়েছিল

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠলে আলি বলেন, “তখন ভারতীয় টিভি চ্যানেলগুলো থেকে বিস্তর ফোন আসত। এক সপ্তাহ ধরে খবরের চ্যানেলে ঘুরেফিরে ফাওয়াদ, আমার আর মাহিরার ছবি দেখানো হচ্ছিল। ওখানে আমার শেষ ছবি আলিয়া ভাটের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’। শাহরুখ খান ছিলেন প্রযোজক। পুলওয়ামার হামলার পর রাজনৈতিক কারণে ওখানে আমার কাজের পর্ব শেষ হয়ে গেল।”

আলির দাবি, “এমনকি ‘ডিয়ার জিন্দেগি’-তে আমার গোটা অংশটাই আর এক জনকে নিয়ে ফের শুট করা হয়েছিল। আমি রুমির চরিত্রে অভিনয় করেছিলাম। রুমি একজন সংগীতশিল্পী। পরিচালক গৌরী শিন্ডে তখন জোর দিয়ে বলেন, ছবিতে আমাকেই রাখতে হবে। যত দূর জানি, শাহরুখও আমাকে রাখার অনুরোধ করেছিলেন। ওই সময় ওঁর নিজেরও মাহিরা খানের সঙ্গে কাজ চলছিল।”

বলিউডের কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে অবশ্য আলির আক্ষেপ নেই। “আমার খারাপ লাগে না। আমার বিশ্বাস, জীবনে সব কিছুরই একটা সময় আছে। নিষেধাজ্ঞা আমাকে খুব একটা ধাক্কা দেয়নি। ওখানে কাজ করার সময় মনেই রাখতাম, আমি পাকিস্তানি। আজ কাজ করতে পারছি, কাল হয়তো পারব না। তখন দেশে ফিরে যেতে হবে। বিশেষ করে সরকার বদলের পর থেকে এর জন্য মানসিক ভাবে তৈরি ছিলাম। শেষ পর্যন্ত সেটাই হল। আমি সহজে হতাশ হই না। বলিউডের ওই অধ্যায়টুকু আমার জীবনে বাড়তি পাওনা।”

অজয় দেবগনের উত্তর

দুই দেশের মধ্যে সংঘাতের সময় পাকিস্তানি শিল্পীরা নিজেদের সরকারের পাশে দাঁড়ালে অজয় দেবগনের মতো ভারতীয় অভিনেতারাও যে তাঁদের অবস্থানটা বুঝতেন, সে কথা মনে করে আলি বললেন, “একটা ছবির প্রচারে অজয় দেবগনের একটা ভিডিয়ো দেখেছিলাম। কখনও কখনও সাংবাদিকেরা ইচ্ছে করেই এ রকম প্রশ্ন তোলেন। ওঁকে জিজ্ঞেস করা হয়েছিল, আলি জাফর ভারতে এত কাজ করলেন, অথচ পাকিস্তানে ফিরে নিজের সরকার আর সেনাবাহিনীকে সমর্থন করলেন কেন? অজয় বলেছিলেন, ‘আলি জাফর পাকিস্তানি। ও নিজের দেশকে সমর্থন করবে, দেশের পক্ষে কথা বলবে, এটাই তো স্বাভাবিক।’ ওঁর কথাটা আমার ভাল লেগেছিল। আমার অবস্থানটাকে উনি যে ভাবে দেখেছিলেন, সেটাও। নিজের দেশের প্রতি তো বিশ্বস্ত থাকবই। শিল্পী হিসেবেও মানুষ আমার এই অবস্থানকে সম্মান করেছেন।”

বলিউডে প্রথম ছবি করার আগে ভারতে কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল আলিকে। ‘তেরে বিন লাদেন’-এর পরে তিনি অভিনয় করেন ‘লভ কা দ্য এন্ড’, ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক’, ‘কিল দিল’ ও ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’-এর মতো ছবিতে। তাঁর শেষ হিন্দি ছবি ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পায় ২০১৬ সালে।