এ বছর ইয়োম কিপুরের দিন নাদাভ ওয়াইম্যান প্রথম টের পেলেন, ইসরায়েলে ‘নাজা’ (NAZA) তথ্যচিত্রটি কতখানি সাড়া ফেলেছে। অথচ সেপ্টেম্বরে ইহুদিদের ওই পবিত্র দিনটি যখন এল, তখন হাতেগোনা কয়েক জন ইসরায়েলিই ছবিটি দেখেছেন।

গার্ডিয়ানের প্রযোজনায় তৈরি ‘নাজা’ ডিসেম্বরের গোড়ায় তাদের ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে। তেল আভিভের নানা বাড়ির ছাদে বসে, পরিচয় গোপন রেখে, ক্যামেরার সামনে কথা বলেছেন সামরিক গোয়েন্দা বিভাগের ২৪ জন অফিসার। গত তিন বছরে গাজায় কী ভাবে বিপুল সংখ্যক প্যালেস্তিনি অসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অন্দরে কোন গোপন প্রক্রিয়ায় তার অনুমোদন দেওয়া হয়েছে, সেই কথা বলেছেন তাঁরা। ইতিমধ্যেই সিনেমা হলে ছবিটি দেখেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। ছবির দুই ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও রেচেল শোর একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। ইসরায়েলের বেশ কয়েকটি পরিবেশক সংস্থা ও সিনেমা হলকে ছবিটি দেখানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রবল বিরোধিতার মধ্যে এখনও সে দেশে এর কোনও প্রদর্শনী হয়নি।

ওয়াইম্যান থাকেন তেল আভিভের শাপিরায়। ধর্মনিরপেক্ষ, বামঘেঁষা পাড়া। ইয়োম কিপুরের কয়েক দিন আগেই ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘নাজা’র প্রথম প্রদর্শনীর শেষে দর্শক উঠে দাঁড়িয়ে টানা পঁচিশ মিনিট হাততালি দিয়েছিলেন। ছুটির দিনটিতে ওয়াইম্যান এ বাড়ি ও বাড়ি ঘুরে বন্ধুবান্ধব, প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন। দেখলেন, প্রায় সকলের মুখে ওই ছবির কথা। মানলেন, প্রতিক্রিয়া প্রায় সর্বত্রই বিরূপ। এমনকি তাঁর উদারপন্থী বন্ধুমহলেও। আমাকে বললেন, “হ্যাঁ, ছবিটা নিয়ে প্রায় সকলেরই মনোভাব ছিল ভীষণ কট্টর। কিন্তু সকলেই তো ছবিটা নিয়ে কথা বলছিলেন।”

ইসরায়েলি সেনাবাহিনী কী করে, তা নিয়ে দেশে আলোচনা ও বিতর্কের পরিসর তৈরি করতেই জীবন কাটিয়েছেন ওয়াইম্যান। তিনি ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর কার্যনির্বাহী অধিকর্তা। প্রাক্তন সেনাদের পরিচালিত এই ইসরায়েলি স্বেচ্ছাসেবী সংগঠনটি কুড়ি বছরেরও বেশি সময় ধরে, তাদের নিজেদের কথায়, “অধিকৃত ভূখণ্ডের দৈনন্দিন জীবনের বাস্তবতা মানুষের সামনে তুলে ধরতে” চেষ্টা করছে। তাদের প্রধান কাজ গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে দায়িত্ব পালন করেছেন এমন সেনাদের সাক্ষ্য সংগ্রহ করা। বর্তমান ও প্রাক্তন সেনারা ওয়াইম্যানের সহকর্মীদের কাছে তাঁদের অভিজ্ঞতার কথা বলেন।

আচমকা ‘নাজা’কে নিয়ে দিকে দিকে এত কথা হচ্ছে দেখে ওয়াইম্যান অবাক হয়েছিলেন। ছবিটি দেখতে গিয়ে ধাক্কা খেতে হয়। যে গোপন ব্যবস্থায় গাজায় কয়েক দশ হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, আরও লক্ষ লক্ষ মানুষ ঘর হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন বা আহত হয়েছেন, ছবিটি তার খুঁটিনাটি তুলে ধরেছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলি-প্যালেস্তিনি পত্রিকা ‘+৯৭২’, একটি হিব্রু সংবাদমাধ্যম এবং গার্ডিয়ান প্রথম এই সব তথ্য প্রকাশ করে। গাজায় কর্মরত সাংবাদিক-সহ অনেকেই ইসরায়েলি সামরিক অভিযানের পরিণতি নথিবদ্ধ করেছেন। ‘নাজা’য় এ বার পর্দায় কথা বলছেন সেই অফিসারেরা, যাঁদের উপরে আদেশ কার্যকর করার ভার ছিল। তাঁদের সাক্ষ্যের কেন্দ্রে রয়েছে হিব্রু কথাটি, ‘নেজেক আগাভি’। তারই সংক্ষিপ্ত রূপ ‘নাজা’, সেখান থেকেই ছবির নাম। কোনও সামরিক হামলায় কত জন অসামরিক মানুষের মৃত্যু হতে পারে, সেই হিসাব বোঝাতে কথাটি ব্যবহার করা হয়। সামরিক পরিভাষায় ‘আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি’ বলে যে হিসাবটিতে আগাম সায় দেওয়া হয়, তার প্রতিটি সংখ্যাই এক-একটি মানুষের জীবন।

ইসরায়েলে ছবিটি কেন এমন সাড়া ফেলেছে, তার কয়েকটি কারণ স্পষ্ট। ওয়াইম্যান বললেন, “আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর ইংরেজিতে হলে বেশির ভাগ ইসরায়েলিই তা পড়েন না, দেখেনও না।” এ ছবি হিব্রু ভাষায়, পরিচালকেরাও ইসরায়েলি। সাক্ষ্য দিচ্ছেন সরাসরি সেনারাই। যে গোয়েন্দা ইউনিটগুলিতে তাঁরা কাজ করেছেন, সেনাবাহিনীতে সেগুলির বিশেষ কদর। বেশির ভাগেরই কাজ দপ্তরে বসে, যুদ্ধক্ষেত্রের সামনের সারি থেকে দূরে। “এঁরা তেল আভিভে থাকেন, ভোট দেন তুলনায় প্রগতিশীল দলগুলোকে, চাকরি করেন উচ্চপ্রযুক্তি শিল্পে… আকাশপথে হামলা চালিয়ে এঁরাই শত শত প্যালেস্তিনিকে মেরেছেন। অনেকেরই বোধহয় চোখের পাতা পর্যন্ত পড়েনি। এখানে ঠিক এই কথাটাই মর্মে ঘা দিয়েছে।”

দেশের রাজনৈতিক আবহও একটা কারণ। দেশ জুড়ে জাতীয় নির্বাচনের প্রচার চলায় গত কয়েক মাস ইসরায়েলে টানটান উত্তেজনা ছিল। “ইউভাল আর রেচেলকে আক্রমণ করতে পারলে দক্ষিণপন্থীদের খুব সুবিধে,” বললেন ওয়াইম্যান। “‘সবাই আমাদের পিছনে লেগেছে’ বলে ওরা যে কথাটা বলে বেড়ায়, তার সঙ্গে এটা দিব্যি মিলে যায়।”

অথচ এত দিন ওয়াইম্যানের অভিজ্ঞতা ছিল অন্য রকম। গাজার যুদ্ধে কী ঘটেছে, তা নিয়ে যত প্রতিবেদন বেরিয়েছে, ইসরায়েলে মোটের উপর কেউ সেগুলিকে আমলই দেননি।

‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এ পর্যন্ত এক হাজারেরও বেশি সাক্ষ্য সংগ্রহ করেছে। তার মধ্যে ওয়াইম্যানের নিজের সাক্ষ্যও রয়েছে। ৭ অক্টোবর হামাসের নৃশংস হামলার পর গত তিন বছরে কয়েকশো জন সংগঠনটির কাছে সাক্ষ্য দিতে এগিয়ে এসেছেন। ওয়াইম্যান জানালেন, অধিকাংশ ক্ষেত্রেই ইসরায়েলি পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেল তাঁদের কথা প্রকাশ করতে বা তা নিয়ে খবর করতে রাজি হয়নি।

তাঁর মতে, গাজার ভিতরে কী ঘটছে, ইসরায়েলি সংবাদমাধ্যম তা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। কখনও জেনেশুনেই মুখ ফিরিয়ে নিয়েছে। “গাজা ভূখণ্ড আর বাকি ইসরায়েলের মাঝখানে আজও একটা লোহার দেওয়াল দাঁড়িয়ে আছে,” বললেন তিনি। “পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আছে। আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেলেও সেখানে নিজের চোখে কিছু দেখতে পান। ইসরায়েলি সংবাদমাধ্যমে এখন বসতি স্থাপনকারীদের হিংসা নিয়ে খবরও হচ্ছে।”

তেল আভিভ থেকে গাজার দূরত্ব মেরেকেটে ৪০ মাইল, প্রায় ৬৪ কিলোমিটার। তবু, ওয়াইম্যানের কথায়, “এক জন ইসরায়েলি সারা দিন বসে টিভিতে খবর দেখেও গাজার হাল সম্পর্কে যতটুকু জানেন, ম্যাঞ্চেস্টারের এক কিশোর তার চেয়ে বেশি জানে। এখানে টিভিতে প্রথমে দেখি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রদের। তার পরে আসেন সামরিক সংবাদদাতারা। তাঁরা যেন এক-এক জন খুদে সেনা-মুখপাত্র। কোনও বিষয়ের জটিল দিকগুলো নিয়ে কথা শুনি না, ভিন্ন মতও শুনি না। মূলধারার সংবাদমাধ্যম থেকে তথ্য পাওয়ারও উপায় নেই। ‘আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি’ নিয়ে তো নেই-ই। আমাদের যা শোনানো হয় তা হল, ‘গাজায় সবাই সন্ত্রাসবাদীদের সাহায্য করছে।’”

বেশির ভাগ ইসরায়েলিরই যে গাজার পরিস্থিতি সম্পর্কে কোনও ধারণা নেই, ওয়াইম্যান তা জানতেন। “মানুষের কথাবার্তায় নেই, সংবাদপত্রে নেই, রাজনীতিকদের মুখেও নেই।” এখন তাঁর উপলব্ধি, ব্যাপারটা আরও গভীর। “ইসরায়েলিরা ধরে নিয়েছেন, গাজায় কী হচ্ছে তাঁরা যেমন জানেন না, বাকি দুনিয়াও তেমনই জানে না। তাঁরা বুঝতে পারছেন না যে, বছরের পর বছর ধরে গোটা দুনিয়ায় প্রকাশ্যে এ সব নিয়ে কথা হচ্ছে।” সেই কারণেই ‘নাজা’য় এত খুঁটিনাটি যখন একসঙ্গে চোখের সামনে আসে, তার মুখোমুখি হওয়া বিশেষ কঠিন।

প্রতিক্রিয়া এসেছে দ্রুত। তার তীব্রতাও কম নয়। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, ছবিটির বিরুদ্ধে “আমাদের হাতে যা যা উপায় আছে, সবই” কাজে লাগানো হবে। শোরের বাবা-মায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা তাঁর মৃত্যুদণ্ড দাবি করেছেন। ইসরায়েলের আশদোদ শহরে একটি দেওয়ালচিত্রে দুই পরিচালককে দেখানো হয়েছে বন্দুকের নিশানায়। বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তাঁদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবেন।

‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর বিরুদ্ধে আগেও এর অনেক ক’টি কৌশল ব্যবহার করা হয়েছে। ২০১৮ সালে ইসরায়েল সরকার আইন করে স্কুলে সংগঠনটির প্রবেশ নিষিদ্ধ করেছিল। তার আগে তাদের অর্থের জোগানেও হাত দেওয়া হয়েছিল। যে সব প্রাক্তন সেনা মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হয়েছে। ওয়াইম্যানের কথায়, এ সবের উদ্দেশ্য সমালোচক ও ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানো। “ওরা চায় সবাই চুপ করে থাকুক।”

অধিকাংশ ইসরায়েলির জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। পুরুষদের ৩২ মাসের জন্য সেনাবাহিনীতে নেওয়া হয়, মহিলাদের কাজ করার কথা দু’বছর। নিজের বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীর সম্পর্কে অস্বস্তিকর সত্য শুনতে কে চায়, বলছিলেন ওয়াইম্যান। জেনেশুনে চোখ বুজে থাকার এই প্রবণতা তাঁর সহকর্মীরা বারবার দেখেছেন। “সেনারা মুখ খুললেই তাঁদের গায়ে বিশ্বাসঘাতকের তকমা সেঁটে দেওয়া হয়। তাঁদের বলা হয়, তোমাদের কাজ হুকুম তামিল করা আর মুখ বুজে থাকা।” যাঁরা মুখ বুজতে রাজি হন না, তাঁদের উপরেই রাগটা বেশি। “এখানে লোকে বলে, এ সব কথা বন্ধ দরজার আড়ালে হওয়া উচিত, বাহিনীর ভিতরে… কিন্তু যাঁরা বলেন, খোদ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, কিংবা তার ভিতরেই পচন ধরেছে? সে কথা হজম করা ঢের কঠিন।”

‘নাজা’ ঠিক সেই কথাটাই বলেছে। ওয়াইম্যান বললেন, “ছবিটা দেখাচ্ছে, গলদটা ব্যবস্থার মধ্যেই। দু’-একটা নিয়ম ভাঙার কথা হচ্ছে না। কী আদেশ দেওয়া হয়, আমরা কী ভাবে যুদ্ধ করি, কোন শর্তে সেনাবাহিনী কাজ করে, প্রশ্নটা সেই সব নিয়ে।” এক-একটি অভিযোগকে সেনাবাহিনী বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে পারে। বলতে পারে, দু’-এক জন খারাপ লোকের কাজ। “কিন্তু ২৪ জন সেনা যখন আলাদা আলাদা ভাবে এই নিয়ে মুখ খোলেন, তখন সেটাই প্রমাণ করে যে গোটা ব্যবস্থাটা এ ভাবেই চলে। এতগুলো সাক্ষ্য উড়িয়ে দেওয়া যায় না, চোখ বুজেও থাকা যায় না।”

সাক্ষ্যদাতাদের নিরাপত্তার জন্য ‘নাজা’য় প্রত্যেকের পরিচয় গোপন রাখা হয়েছে। তবু বোঝা যায়, অন্তত কয়েক জন সেনা ডিউটিতে থাকাকালীন যা করেছেন, তার জন্য এখনও লজ্জায় ভুগছেন। সেই অনুশোচনার মুখোমুখি হতে কী লাগে, ওয়াইম্যান নিজের অভিজ্ঞতা থেকে জানেন। কুড়ি বছর আগে নাহাল পদাতিক ব্রিগেডের একটি সামরিক অনুসন্ধানী ইউনিটে তিনি স্নাইপার দলের সদস্য হিসেবে লড়াই করেছেন।

৭ অক্টোবরের পর থেকে গাজার এই যুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর কাছে সাক্ষ্য দিয়েছেন ২০০ জনেরও বেশি সেনা। যুদ্ধের একেবারে গোড়াতেই প্রথম কয়েক জন এগিয়ে এসেছিলেন। ওয়াইম্যান বললেন, “ওঁরা গিয়েছিলেন হামাসের সঙ্গে লড়তে আর পণবন্দিদের মুক্ত করে আনতে। কিন্তু গিয়ে বুঝলেন, আসলে তাঁদের দিয়ে যা করানো হচ্ছে তা অন্য কিছু। তাঁরা গাজাকে নিশ্চিহ্ন করছিলেন। যে সব হুকুম আসছিল, তাতে নিরাপত্তার চেয়ে প্রতিশোধের ছাপই বেশি। বাড়িঘর জ্বালানো, প্যালেস্তিনিদের মানবঢাল করা, নির্যাতন চালানো। সশস্ত্র জঙ্গিদের সঙ্গে তো তাঁরা লড়ছিলেন না।”

২০২৫ সালের জানুয়ারিতে প্রথম যুদ্ধবিরতি ঘোষণার পরে আরও কয়েক জন একে একে সাক্ষ্য দিতে এলেন। তার পরে শেষ পণবন্দিরা ফিরে আসতেই, ওয়াইম্যানের কথায়, “যা ছিল একটানা সরু জলধারা, তা যেন জলপ্রপাত হয়ে নামল।”

ইসরায়েলে ‘নাজা’কে ঘিরে এই উগ্র প্রতিক্রিয়ার আঁচ এসে পড়েছে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর কাজেও। নিজেদের দেশে বৈরিতার অভিজ্ঞতা তাদের বহু দিনের। সংগঠনের দপ্তর সুরক্ষিত জায়গায়, তার ঠিকানা গোপন। প্রতিটি সাক্ষ্যপ্রমাণ যাচাই করে নেওয়া হয়। কেউ স্বেচ্ছায় প্রকাশ্যে আসতে না চাইলে তাঁর পরিচয় গোপন রাখা হয়। ওয়াইম্যান বললেন, “কিন্তু এখন যাঁরা সাক্ষ্য দেন, তাঁরা মুখ খোলার আগে অনেক বেশি আশ্বাস চাইছেন, আরও সুরক্ষা চাইছেন। সরকার ঠিক এই ভয়টাই ধরাতে চেয়েছিল। মুখ খুললে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকি নিতে হবে বলে মনে হচ্ছে।”

নীরবতা চাপিয়ে দেওয়ার এমন চেষ্টা সত্ত্বেও ইসরায়েলে প্রকাশ্য আলোচনার পরিধি আগেও বদলেছে। ওয়াইম্যানের ধারণা, আন্তর্জাতিক স্তরে কী নীতি নেওয়া হচ্ছে, কতটা চাপ তৈরি হচ্ছে, সাংবাদিকেরা কী তুলে আনছেন, এ সবই দেশের ভিতরে বদল ঘটাতে বড় ভূমিকা নিতে পারে। উদাহরণ দিলেন পশ্চিম তীরের হিংসায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার। “বাইডেন যেই নিষেধাজ্ঞা কার্যকর করলেন, অমনি সমস্যাটার উপর আলো পড়ল। এ দেশে তখন আর ব্যাপারটা অত সহজে উড়িয়ে দেওয়া গেল না।” এ সপ্তাহে ব্রিটেনও এক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

তবে পথ এখনও দীর্ঘ। গত মাসের শেষে ইসরায়েলের নির্বাচনে কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তা সত্ত্বেও সবচেয়ে বেশি আসন জিতেছে নেতানিয়াহুর অতি-দক্ষিণপন্থী জোট। বিরোধী দলগুলির নেতৃত্বেও যে খুব শান্তিকামীরা বসে আছেন, এমন নয়।

ওয়াইম্যানের আশা, অন্তত জনমত বদলানোর পিছনে ‘নাজা’রও কিছু ভূমিকা থাকবে। “গাজা নিয়ে প্রকাশ্যে ইতিমধ্যেই আগের চেয়ে অনেক বেশি তর্কবিতর্ক হচ্ছে,” বললেন তিনি। ‘নাজা’ শব্দটা ইসরায়েলিদের মুখের ভাষায় ঢুকে পড়েছে। “এ নিয়ে কথা বলার তাগিদ বাড়ছে।” শিগগিরই ইসরায়েলিরা নিজেরাই ছবিটি দেখতে পাবেন। যত বাধাই আসুক, ওয়াইম্যান আর তাঁর মতো অন্য কর্মীরা কথাটা চালিয়ে যাওয়ার জন্য থাকবেন। “আমার কাছে সবচেয়ে জরুরি হল ইসরায়েলিদের সঙ্গে কথা বলা। এ ছবি আমাদের নিয়ে। বদলাতে হবে আমাদেরই।”