সুরজ বরজাতিয়ার ছবিতে যৌথ পরিবার দর্শকের চেনা। বুধবার মুক্তি পাওয়া ‘ইয়ে প্রেম মোল লিয়া’র ট্রেলারে সেই চেনা সংসারেরই এক নতুন চেহারা দেখা গেল। আয়ুষ্মান খুরানা ও শর্বরী অভিনীত এই ছবিতে প্রেম আর পূর্বা বিয়ে করবে ঠিক করতেই দুই পরিবারের এক ছাদের নীচে থাকার প্রসঙ্গ ওঠে।
ট্রেলারের শুরুতেই প্রেম জানায়, তার বাবা পূর্বার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন। কী করে ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াল? প্রেম আর পূর্বা পরস্পরের প্রেমে পড়ার পর একটা প্রশ্ন সামনে আসে। বিয়ের পরে তারা থাকবে কোথায়? পূর্বার বাড়িতে পরিবারের আরও পাঁচজন মহিলা থাকেন। তাঁদের ভরণপোষণের দায়িত্ব পূর্বার। তাঁদের ছেড়ে সে যাবে কী করে? উপায় বার করে প্রেম। বিয়ের পর সে-ই পূর্বার বাড়িতে গিয়ে উঠবে, সঙ্গে নিয়ে যাবে নিজের গোটা পরিবারকেও।
গোড়ায় খানিক মতবিরোধ হয়। প্রেম আর পূর্বা জানায়, সংসারের খরচ তারা দু’জনে ভাগ করে নেবে। শেষ পর্যন্ত দুই পরিবারই রাজি হয়। কিন্তু একসঙ্গে থাকা শুরু হলে ঘরোয়া খিটিমিটি ক্রমেই তিক্ত হয়ে ওঠে। ট্রেলারে ইঙ্গিত, একসময় সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়।
২০২২ সালের ‘উঁচাই’-এর পর এই ছবি দিয়ে পরিচালনায় ফিরছেন সুরজ বরজাতিয়া। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’ ও ‘বিবাহ’ তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলির মধ্যে পড়ে। নতুন ছবিতে আয়ুষ্মান ও শর্বরীর সঙ্গে অভিনয় করেছেন অনুপম খের, সীমা পাহওয়া, সুপ্রিয়া পাঠক কাপুর, স্বানন্দ কিরকিরে, গীতা আগরওয়াল শর্মা, সৌম্যা ট্যান্ডন, সুরভি তিওয়ারি ও কৃষ রাও।
এ বছর এর আগে আয়ুষ্মানকে দেখা গিয়েছে ‘উড়তা তীর’ ও ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতে। গত বছর দীপাবলিতে বড় আকারে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের ‘থামা’। তাতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান। বিশ্বজুড়ে ছবিটির আয় অবশ্য ১৮৭ কোটি টাকাতেই থেমেছিল। অন্য দিকে, শর্বরী অভিনীত ইমতিয়াজ আলির ‘ম্যায় বাপস আউঙ্গা’ সম্প্রতি অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে।
‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাবে ২৭ নভেম্বর।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।