Home সংস্কৃতি ও বিনোদন দু’কাপ চা, এক প্রেমের জল্পনা!

দু’কাপ চা, এক প্রেমের জল্পনা!

Authored By বাংলাস্ফিয়ার ডেস্ক
11 views 2 minutes read
A+A-
Reset

হর্ষবর্ধন রানে ও সঞ্জিদা শেখকে ঘিরে ফের উসকে উঠেছে প্রেমের গুঞ্জন। কারণ, দু’জনেই সম্প্রতি ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ছবি আলাদা, পোস্ট আলাদা—কিন্তু ছবির জায়গা, রান্নাঘরের সরঞ্জাম থেকে শুরু করে চারপাশের পরিবেশ, বেশ কিছু ‘মিল’ যেন অনুরাগীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্ন উঠছে, তা হলে কি একই জায়গায়, একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন তাঁরা?

সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির একাধিক ছবি ভাগ করে নিয়েছেন হর্ষবর্ধন ও সঞ্জিদা। অনুরাগীদের অনুমান, ছবিগুলি পুণের কাছে পানশেত এলাকার কোনও নিরিবিলি জায়গায় তোলা। দু’জনের পোস্ট পাশাপাশি রাখতেই চোখে পড়েছে বেশ কিছু অদ্ভুত সাদৃশ্য।

হর্ষবর্ধনের ছবিতে দেখা যায়, তিনি চা বানাচ্ছেন, পাশাপাশি রান্না করছেন ডিম। যে বাড়িতে তিনি ছিলেন, তার বারান্দা ও আশপাশের সবুজ পরিবেশের ঝলকও দেখা যায়।

এ দিকে সঞ্জিদার পোস্টেও রয়েছে চায়ের ছবি। তাঁর টেবিলে রাখা দু’টি কাপ বিশেষ ভাবে নজর কেড়েছে অনুরাগীদের। শুধু তা-ই নয়, অন্য একটি ছবিতে কাউকে অমলেট বানাতেও দেখা যায়। সেই ছবির রান্নার পাত্র ও গ্যাসের উনুনের সঙ্গে হর্ষবর্ধনের পোস্টে দেখা সরঞ্জামের বেশ মিল রয়েছে বলে দাবি নেটিজেনদের। পিছনের বারান্দা, চারপাশের সবুজ আর বেজ রঙের টেবিলটিও নাকি একই!

ব্যস, এতেই শুরু ‘ডিটেকটিভগিরি’। দুই পোস্টের মিল খুঁজে পেয়ে মন্তব্যের ঘরে অনুরাগীদের প্রশ্ন—তাঁরা কি সত্যিই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন?

কেউ সরাসরি জানতে চেয়েছেন, ‘‘আপনি আর হর্ষবর্ধন একসঙ্গে?’’ অন্য এক জনের মন্তব্য, ‘‘আমার মনে হচ্ছে অন্য কাপটি সঞ্জিদার জন্য। ওঁর সাম্প্রতিক পোস্টটা দেখুন।’’ কেউ আবার ‘সনম তেরি কসম ২’-এর প্রসঙ্গ টেনে হর্ষবর্ধনের উপস্থিতির কথা বলেছেন। আর কেউ তো একেবারে সোজাসাপটা প্রশ্নই করে ফেলেছেন—‘‘তা হলে কি দু’জনে প্রেম করছেন?’’

তবে এমন জল্পনা এই প্রথম নয়। ২০২৩ সালেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। গির অরণ্যে ছুটি কাটানোর সময় হর্ষবর্ধন ও সঞ্জিদার আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু মিল খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা। তখনও তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল কানাঘুষো।

দু’জনের পরিচয় অবশ্য শুধুই গুঞ্জনের সূত্রে নয়। একসঙ্গে কাজও করেছেন হর্ষবর্ধন ও সঞ্জিদা। ২০২০ সালে বিজয় নাম্বিয়ারের প্রতিশোধের গল্প ‘তৈশ’-এ দেখা গিয়েছিল তাঁদের। এর পর ২০২১ সালে কুশন নন্দী পরিচালিত থ্রিলার ‘কুন ফায়া কুন’-এও একসঙ্গে কাজ করেন তাঁরা।

সঞ্জিদার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। অভিনেতা আমির আলির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। প্রায় ন’বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যে সঞ্জিদার সঙ্গেই থাকে।

তবে এ সবের মধ্যেও মূল প্রশ্নের উত্তর এখনও অধরা। একই জায়গার মতো দেখতে পরিবেশ, একই রান্নার সরঞ্জাম, দু’টি চায়ের কাপ—সব মিলিয়ে অনুরাগীদের সন্দেহ যতই ঘনীভূত হোক, হর্ষবর্ধন বা সঞ্জিদা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

তাই আপাতত প্রেমের প্রমাণ নয়, রহস্যের উপকরণই বেশি—আর সেই রহস্যের কেন্দ্রে রয়েছে দু’টি পোস্ট, এক রান্নাঘর আর… দু’কাপ চা!

বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles