Table of Contents
বাংলাস্ফিয়ার: মঙ্গলবার এক রাতের বিমান হামলায় ইরানের ক্ষমতার শীর্ষস্তরে দ্বিগুণ আঘাত হানল ইজরায়েল। নিহত হলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস-সংশ্লিষ্ট মিলিশিয়া বাহিনীর নেতা ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের কাছে রাতভর বিমান হামলায় লারিজানি নিহত হন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী লারিজানি কার্যত ইরানের অঘোষিত নেতা হয়ে উঠেছিলেন। পরে খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই পিতার উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম উভয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লারিজানিকে ‘শহিদ’ আখ্যা দিয়ে তাঁর ছবি নিহত সর্বোচ্চ নেতার সঙ্গে প্রকাশ করা হচ্ছে। রেভলিউশনারি গার্ডস-ঘনিষ্ঠ তাসনিম সংবাদসংস্থা জানিয়েছে, লারিজানির পুত্র মোর্তেজা লারিজানি — যিনি পিতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন — তিনিও এই হামলায় প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে, লারিজানির মৃত্যু ইরানের রাজনীতি থেকে একজন গুরুত্বপূর্ণ বাস্তববাদী কণ্ঠকে সরিয়ে দিল, যিনি আমেরিকার সঙ্গে আলোচনায় সক্ষম বলে বিবেচিত হতেন। তাঁর অনুপস্থিতি কট্টরপন্থী গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করতে পারে, যারা মনে করে ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাকতে পারবে কেবল সংঘর্ষ চালিয়ে যাওয়ার মধ্য দিয়েই।
ট্রাম্পের ক্ষোভ ও যুদ্ধের সাফাই
হত্যাকাণ্ডের খবর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে সহযোগিতা না করায় তিনি তাদের সমালোচনা করেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, এই প্রণালীতে আমেরিকার “কোনও সাহায্যের প্রয়োজন বা ইচ্ছা নেই।” সাম্প্রতিক জাহাজে হামলার জেরে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তায় পড়েছে। “আমি ন্যাটোকে নিয়ে হতাশ,” বলেন তিনি।
হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, লারিজানির “হাতে অনেক রক্ত লেগে আছে।” তিনি দাবি করেন, আমেরিকা ইরানের সামরিক শক্তি এবং পরমাণু হুমকি ধ্বংস করে দিয়েছে। প্রয়োজনে ইরানে মার্কিন সেনা মোতায়েন করতেও তিনি পিছপা হবেন না বলে জানান।
যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা যদি এখনই সরে যাই, তবে তাদের পুনর্গঠনে ১০ বছর লাগবে। আমরা এখনও সরে যাওয়ার জন্য প্রস্তুত নই, তবে খুব শিগগিরই চলে যাব।” ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘমেয়াদি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব, “আমি মোটেই তা নিয়ে ভয় পাচ্ছি না। আমি কোনও কিছু নিয়েই ভয় পাই না।”
ট্রাম্প প্রশাসনে প্রথম পদত্যাগ
ইরান যুদ্ধ নিয়ে নীতিগত বিরোধের জেরে মঙ্গলবার পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট। ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগকারী প্রশাসনের তিনিই প্রথম কর্মকর্তা। তাঁর পদত্যাগপত্রে লেখা ছিল, “ইরান আমাদের দেশের জন্য কোনও তাৎক্ষণিক হুমকি ছিল না, এবং স্পষ্ট যে আমরা এই যুদ্ধে জড়িয়েছি ইজরায়েল ও তার শক্তিশালী মার্কিন লবির চাপের কারণে।” পরে ট্রাম্প তাঁকে “নিরাপত্তা বিষয়ে দুর্বল” বলে আখ্যা দেন।
হরমুজে আবারও হামলা
সংযুক্ত আরব আমিরশাহির একটি বন্দরের কাছে নোঙর করা একটি তেলবাহী জাহাজে মঙ্গলবার ভোরে হামলা হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। গত পাঁচ দিনে হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলে এটিই প্রথম জাহাজে হামলা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১৭টি জাহাজ আক্রান্ত হয়েছে।
মৃত্যুর মিছিল
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ১,৩৪৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘে জানিয়েছে ইরানের প্রতিনিধি। লেবাননে নিহতের সংখ্যা ৯১২, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন।
বাসিজ বাহিনী: ভিন্নমত দমনের হাতিয়ার
নিহত জেনারেল সোলেইমানি ২০১৯ সাল থেকে বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন। প্রায় ১০ লক্ষ সদস্যের এই বাহিনী দেশে ভিন্নমত দমনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ইরানের প্রতিবাদ আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কারণে আমেরিকা ও ইউরোপ তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।