খবর

অ্যানথ্রপিককে পেন্টাগনের কালো তালিকাভুক্ত করা বেআইনি, রায় মার্কিন বিচারকের

এক নজরে

যা জানা জরুরি

  • বাংলাস্ফিয়ার: কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বেআইনি বলে রায় দিলেন এক মার্কিন যুক্তরাষ্ট্রীয় বিচারক।
  • বৃহস্পতিবারের রায়ে তিনি জানান, পেন্টাগনের প্রকাশ্য সমালোচনা করায় সংস্থাটিকে শাস্তি দিয়েছে সরকার।
  • ৫৯ পাতার রায়ে বিচারক রিটা লিন বলেন, “জাতীয় নিরাপত্তার ফাঁপা দোহাই দিয়ে সরকারের সমালোচকদের শাস্তি দেওয়া ও তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অবাধ ছাড়পত্র পাওয়া…

বিস্তারিত প্রতিবেদন

বাংলাস্ফিয়ার: কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বেআইনি বলে রায় দিলেন এক মার্কিন যুক্তরাষ্ট্রীয় বিচারক। বৃহস্পতিবারের রায়ে তিনি জানান, পেন্টাগনের প্রকাশ্য সমালোচনা করায় সংস্থাটিকে শাস্তি দিয়েছে সরকার।

৫৯ পাতার রায়ে বিচারক রিটা লিন বলেন, “জাতীয় নিরাপত্তার ফাঁপা দোহাই দিয়ে সরকারের সমালোচকদের শাস্তি দেওয়া ও তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অবাধ ছাড়পত্র পাওয়া যায় না।”

ক্লড নামের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল নির্মাতা অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় বিবাদী হিসেবে থাকা কেন্দ্রীয় সংস্থাগুলিকে সেই নির্দেশ কার্যকর করা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ অ্যানথ্রপিককে ‘সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা-ও বাতিল করেছেন তিনি। এর আগে এই তকমা দেওয়া হত বিদেশি সংস্থাগুলিকেই।

মার্চে বিচারক ওই নিষেধাজ্ঞার প্রয়োগ সাময়িক ভাবে স্থগিত করেছিলেন। বৃহস্পতিবারের রায়ে সেই স্থগিতাদেশ স্থায়ী হল। রায় অবিলম্বে কার্যকর হচ্ছে। তবে সরকার এর বিরুদ্ধে আবেদন করতে পারে।

অ্যানথ্রপিকের এক মুখপাত্র বলেন, “আমাদের সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বেআইনি ছিল বলে আদালত যে রায় দিয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।”

আমেরিকার অভ্যন্তরে নজরদারি অথবা স্বয়ংক্রিয় অস্ত্রে ক্লড ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছিল অ্যানথ্রপিক। তার পরেই হেগসেথ এই নজিরবিহীন পদক্ষেপ করেন। এর ফলে নির্দিষ্ট কিছু সামরিক চুক্তিতে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায় সংস্থাটির। অ্যানথ্রপিকের কর্তাদের বক্তব্য, ব্যবসা হারানো এবং সুনাম ক্ষুণ্ণ হওয়ার জেরে সংস্থার কয়েকশো কোটি ডলারের ক্ষতি হতে পারে।

অ্যানথ্রপিকের অস্বীকৃতির পরে সংস্থাটির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছিলেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি একে “উগ্র বামপন্থী, ‘ওক’ সংস্থা” এবং “নিয়ন্ত্রণের বাইরে” বলে অভিহিত করেন।

অ্যানথ্রপিকের বক্তব্য, স্বয়ংক্রিয় অস্ত্রে নিরাপদে ব্যবহারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলি এখনও যথেষ্ট নির্ভরযোগ্য নয়। দেশের অভ্যন্তরে নজরদারিরও বিরোধী তারা, কারণ সংস্থার মতে তা মানুষের অধিকার লঙ্ঘন করে। অন্য দিকে, পেন্টাগনের যুক্তি, সামরিক বাহিনীর কাজকর্মের সীমা বেঁধে দেওয়ার ক্ষমতা বেসরকারি সংস্থার থাকা উচিত নয়।

বিদেশি নাশকতা থেকে সামরিক ব্যবস্থা রক্ষার উদ্দেশ্যে তৈরি সরকারি ক্রয়সংক্রান্ত একটি স্বল্পপরিচিত আইনের আওতায় অ্যানথ্রপিককে এই তকমা দেওয়া হয়েছিল। ওই আইনে এই প্রথম কোনও মার্কিন সংস্থাকে প্রকাশ্যে সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়।

জো বাইডেনের আমলে নিযুক্ত বিচারক লিন পেন্টাগনের সিদ্ধান্তকে “বেআইনি ও ভিত্তিহীন” বলে বর্ণনা করেছেন।

৯ মার্চ দায়ের করা মামলায় অ্যানথ্রপিক অভিযোগ করেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে তাদের মতামতের প্রতিশোধ নিতে গিয়ে সরকার সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। সংস্থাটির আরও অভিযোগ, এই তকমার বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগও তাদের দেওয়া হয়নি। এর ফলে সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

মামলায় সংস্থাটি দাবি করে, সিদ্ধান্তটি বেআইনি, তথ্যপ্রমাণের সমর্থনহীন এবং অতীতে ক্লড সম্পর্কে সামরিক বাহিনীর প্রশংসার সঙ্গেও অসংগতিপূর্ণ।

অন্য দিকে, আদালতে জমা দেওয়া নথিতে মার্কিন বিচার দফতর যুক্তি দেয়, ব্যবহারের বিধিনিষেধ তুলে নিতে অ্যানথ্রপিকের অস্বীকৃতি ক্লডের ব্যবহার নিয়ে পেন্টাগনের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে। এমনকি অভিযান চলাকালীন সামরিক ব্যবস্থা অচল হয়ে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে।

সরকারের বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে সংস্থার মতামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। চুক্তির শর্ত মানতে অ্যানথ্রপিক রাজি না হওয়াই এর কারণ।

ওয়াশিংটন ডিসিতে অ্যানথ্রপিকের আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। পেন্টাগনের পৃথক একটি সিদ্ধান্তে সংস্থাটিকে সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে ওই মামলা। সেই সিদ্ধান্তের জেরে অসামরিক সরকারি চুক্তি থেকেও অ্যানথ্রপিক বাদ পড়তে পারে।

সূত্র ও সম্পাদকীয় নোট

প্রতিবেদনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উৎস ও প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হতে পারে।

লেখক / সম্পাদকীয় ডেস্ক

বাংলাস্ফিয়ার ডেস্ক

বিশ্বস্ত উৎস যাচাই করে পাঠকের জন্য সংবাদ ও ব্যাখ্যা প্রস্তুত করে বাংলাSphere সম্পাদকীয় দল।

আরও লেখা →
সকালের খবর, একসঙ্গে

দিন শুরু হোক বাংলাSphere-এর সঙ্গে

বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে আমাদের নিউজলেটারে যুক্ত হন।

ইমেলে সাবস্ক্রাইব করুন →
বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles