Home Sports শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পাওয়া সাই সুদর্শনের বদলে সরফরাজ খান

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পাওয়া সাই সুদর্শনের বদলে সরফরাজ খান

Authored By নির্ণয় চট্টোপাধ্যায়
12 views 2 minutes read
A+A-
Reset

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন সাই সুদর্শন। তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন সরফরাজ খান। ১৫ আগস্ট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।

গত মাসে শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় পায়ের আঙুলে চোট পেয়েছিলেন সুদর্শন। নির্ধারিত সময়ের মধ্যে সেই চোট সারিয়ে উঠতে না পারায় তাঁকে গোটা টেস্ট সিরিজের বাইরে থাকতে হচ্ছে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর পরিবর্ত হিসেবে সরফরাজের নাম ঘোষণা করেছে।

শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টেই দুরন্ত ছন্দে ছিলেন সুদর্শন। দুই ম্যাচে দুটি শতরান করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সময় বলের আঘাতে পায়ের আঙুলে চোট পান। তার পর থেকেই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে তাঁর পুনর্বাসন চলছিল। আশা করা হয়েছিল, টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

সুদর্শনের চোট সরফরাজের সামনে ফের ভারতীয় দলে জায়গা করে নেওয়ার দরজা খুলে দিল। ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের রেকর্ড অত্যন্ত উজ্জ্বল। ৬২টি ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৬৪.৭৩। অথচ ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র ছ’টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন।

২০২৪-২৫ মরসুমে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় দলেও ছিলেন সরফরাজ। তবে সেই সফরে প্রথম একাদশে সুযোগ পাননি। তার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

ঘটনাচক্রে, শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে সুযোগ না পাওয়ার পর গত শুক্রবার সরফরাজ সমাজমাধ্যমে ২০১৯ সালের তেলুগু ছবি ‘জার্সি’-র একটি ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, ‘‘হয়তো আমি মানিয়ে নিতে পারি না, কিন্তু আমার যা কিছু আছে, তা নিয়েই লড়ব।’’ তার কয়েক দিনের মধ্যেই জাতীয় দলে প্রত্যাবর্তনের খবর এল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সংশোধিত দল: শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন, আকিব নবি এবং সরফরাজ খান।

বাংলাস্ফিয়ার

বাংলাস্ফিয়ার একটি স্বাধীন বাংলা সংবাদ ও মতামতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেশ, বিশ্ব, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Edtior's Picks

Latest Articles