রাজনীতিতে আসছেন না জুনিয়র এনটিআর, জল্পনায় ইতি টানল তাঁর অফিস
হাইলাইটস
- রাজনৈতিক অভিষেকের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাল জুনিয়র এনটিআরের অফিস।
- ‘RAW NTR’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানের সঙ্গে অভিনেতার কোনও সম্পর্ক নেই।
- সরকারি ঘোষণা শুধুমাত্র অভিনেতার অফিসের মাধ্যমেই জানানো হবে বলে স্পষ্ট বার্তা।
তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর রাজনীতিতে যোগ দিচ্ছেন— এমন জল্পনা গত কয়েক দিন ধরে জোরালো হয়েছিল। তবে মঙ্গলবার সেই গুঞ্জনে কার্যত ইতি টানল অভিনেতার অফিস। এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজনৈতিক ময়দানে নামার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি ‘RAW NTR’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ শীর্ষক একটি অনুষ্ঠানের ঘোষণা করে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়ায়, ওই মঞ্চ থেকেই নাকি নিজের রাজনৈতিক অভিষেকের ঘোষণা করবেন জুনিয়র এনটিআর।
তবে অভিনেতার দফতর সেই দাবি সরাসরি খারিজ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘RAW NTR’ নামে সংগঠনটির সঙ্গে জুনিয়র এনটিআর বা তাঁর অফিসের কোনও সম্পর্ক, অনুমোদন বা আনুষ্ঠানিক সংযোগ নেই। এমনকি অভিনেতার প্রতিনিধিত্ব করার বা তাঁর নামে কোনও বার্তা দেওয়ার অনুমতিও ওই সংগঠনকে দেওয়া হয়নি।
একই সঙ্গে এনটিআরের অফিস জানিয়েছে, অভিনেতাকে ঘিরে কোনও জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক উদ্যোগ বা গুরুত্বপূর্ণ ঘোষণা থাকলে তা শুধুমাত্র তাঁর বা তাঁর অফিসের সরকারি মাধ্যমেই প্রকাশ করা হবে। অন্য কোনও সূত্র থেকে ছড়ানো তথ্য বা গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই বিষয়েই এটিই তাঁদের চূড়ান্ত বক্তব্য এবং এর মাধ্যমে সমস্ত জল্পনার অবসান হবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জুনিয়র এনটিআরের পরিবার অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী। তাঁর ঠাকুরদা, কিংবদন্তি অভিনেতা এন. টি. রামা রাও (এনটিআর) ছিলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রতিষ্ঠাতা। সেই রাজনৈতিক উত্তরাধিকারের কারণেই সময়ে সময়ে অভিনেতাকে ঘিরে রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে।
তবে অন্তত আপাতত সেই সম্ভাবনায় স্পষ্টভাবেই ইতি টেনে দিয়েছে জুনিয়র এনটিআরের অফিস। অভিনেতার বার্তা একটাই— রাজনীতিতে যোগ দেওয়ার খবর সত্য নয়, সবটাই গুজব।