মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ১৮ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের যত জন মারা গিয়েছেন, তাঁদের প্রতি দশ জনে এক জনের মৃত্যুর কারণ ইউক্রেন যুদ্ধ। অথচ রাশিয়ার পূর্বাঞ্চলে বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি ক্রাইয়ে একই বয়সের পুরুষদের প্রতি তিনটি মৃত্যুর একটি যুদ্ধের সঙ্গে যুক্ত। হিসাবটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়া থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত। দেশের দরিদ্র, দূরবর্তী অঞ্চলের পরিবারগুলিকে যুদ্ধের কত বেশি মাশুল দিতে হয়েছে, রুশ সরকারেরই ফাঁস হওয়া নথিতে তার ছবি মিলেছে।
রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ওই নথি হাতে পেয়েছে বেলারুশের বিরোধীদের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’। ব্রিটিশ দৈনিক সহ কয়েকটি সংবাদমাধ্যমকে তারা নথিগুলি দিয়েছে। সেখানে এক কোটি দশ লক্ষেরও বেশি মৃত্যুসনদ রয়েছে। তাতে মৃতের বয়স, কোথায় তাঁর বাড়ি, কোথায় মৃত্যু হয়েছে, সে সবের উল্লেখ আছে। আক্রমণ শুরুর পর থেকে মোট ৪ লক্ষ ১২ হাজার ৫৭৬টি সনদে সরাসরি যুদ্ধের যোগ মিলেছে। কোনওটিতে মৃত্যুর কারণ বোঝাতে নির্দিষ্ট সরকারি কোড ব্যবহার করা হয়েছে, কোনওটিতে লেখা আছে লড়াই বা সামরিক অভিযানে মৃত্যু হয়েছে।
হ্যাকাররা ১ নভেম্বর প্রথম এই তথ্যভান্ডারে ঢোকার কথা জানায়। পরের সপ্তাহান্তে তারা নথি প্রকাশ করে। রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, হ্যাকারদের হাতে সংবেদনশীল তথ্য যায়নি। সংবাদ মাধ্যম জানিয়েছে, গোটা তথ্যভান্ডারের সত্যতা তাদের পক্ষে স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। মস্কো নিজে আক্রমণের গোড়ার কয়েক মাসের পর থেকে নিহত সেনার সংখ্যা আর প্রকাশ করেনি। সামরিক ক্ষয়ক্ষতির হিসাব সেখানে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় পড়ে।
মৃত্যুসনদের বাইরেও এই প্রাণহানির হিসাব রাখার চেষ্টা চলছে। সরকারি নথি, সমাজমাধ্যমে পরিবারের প্রকাশিত শোকবার্তা এবং সমাধিফলকের ছবি মিলিয়ে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ প্রায় ২ লক্ষ ৮৬ হাজার নিহত রুশ সেনার নাম শনাক্ত করেছে। তাদের অনুমান, প্রকৃত সংখ্যা পাঁচ লক্ষের কাছাকাছি। সেপ্টেম্বর মাসে ব্রিটিশ গোয়েন্দাদের দেওয়া হিসাবও প্রায় পাঁচ লক্ষ। ব্যবধানের একটি কারণ, বহু সেনা এখনও নিখোঁজ। যাঁদের দেহ উদ্ধার হয়েছে, তাঁদেরও সকলের পরিচয় জানা যায়নি।
জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের রাশিয়া বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করেছেন। তাঁর মতে, নথিগুলি বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে। তিনি আরও একটি কারণ দেখিয়েছেন। যুদ্ধক্ষেত্রে এক জন সেনার মৃত্যুর পরে সরকারি খাতায় তা উঠতে সাধারণত মাস ছয়েক লেগে যায়। তাঁর অনুমান, নিহতের সংখ্যা ইতিমধ্যেই পাঁচ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। নথিতে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার সময়টিও ধরা পড়েছে। ২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালের বেশ কয়েকটি মাসে নিহতের সংখ্যা মাসে ১৫ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ ওই সময়ে গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচশো রুশ সেনা।
এই হিসাব প্রকাশ্যে এল এমন সময়ে, যখন আবু ধাবিতে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিদের বৈঠকে বসার কথা। ন’মাস পরে আমেরিকার মধ্যস্থতায় দু’পক্ষ আবার আলোচনায় ফিরছে। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জ়েলেনস্কি কেউই যাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের যোগ দেওয়ার কথা। উইটকফ জানিয়েছেন, যুদ্ধের উত্তাপ কমানো, যুদ্ধোত্তর নিরাপত্তার ব্যবস্থা এবং মানবিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ইউরোপের কয়েকটি সরকারের উদ্বেগ, বৈঠকে কথা উঠতে পারে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলিতে নেটোর সামরিক উপস্থিতি কমানোর পুরনো দাবি নিয়েও। আগের দফাগুলিতে সমাধান অধরা থেকেছে। দনবাসের যে অংশ এখনও কিয়েভের নিয়ন্ত্রণে, সেখান থেকেও ইউক্রেনীয় সেনা প্রত্যাহার চায় মস্কো। পুতিনের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত এক ব্যক্তির ভাষ্য, এত প্রাণহানির পরে নিজের দাবি থেকে সরে আসাকে রুশ প্রেসিডেন্ট যুদ্ধ করতে পাঠানো মানুষগুলির প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে করতে পারেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।