এক তরুণী অনুরাগীকে ধর্ষণ এবং পৃথক তিনটি ঘটনায় তিন মহিলাকে যৌন নিগ্রহের দায়ে ব্রিটিশ কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে সাড়ে দশ বছরের কারাদণ্ড দিল লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্ট। সোমবার সাজা ঘোষণার সময় বিচারপতি বেনাথান বলেন, ব্র্যান্ড ধরে নিয়েছিলেন, খ্যাতির জোরে তিনি যখন যা খুশি করতে পারেন। চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার জুরি ৫১ বছরের ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করে। ধর্ষণের আরও দু’টি অভিযোগ এবং শ্লীলতাহানির চেষ্টার একটি অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।

আদালতে সাক্ষ্যে ব্র্যান্ড দাবি করেছিলেন, কোনও মহিলার সম্মতি ছাড়া তিনি কখনও তাঁকে যৌন উদ্দেশ্যে স্পর্শ করেননি। জুরির রায়ের উল্লেখ করে বিচারপতি বলেন, বিচারের সময় ব্র্যান্ড যে একের পর এক মিথ্যা বলেছেন, এই দাবি তারই একটি। চার মহিলার সাহসের প্রশংসা করে তিনি মনে করিয়ে দেন, জেরায় তাঁদের প্রত্যেককে শুনতে হয়েছে, তাঁরা হয় মিথ্যা বলছেন, নয়তো ঘটনা বিকৃত করছেন, অথবা ব্র্যান্ড যা করেছিলেন তাতে তাঁদের সম্মতি ছিল।

বিচারপতি জানান, জেরায় মহিলাদের এই অভিজ্ঞতার জন্য তিনি ব্র্যান্ডের সাজা বাড়াচ্ছেন না। তবে তাঁদের সাক্ষ্য নিয়ে যে সব প্রশ্ন উঠেছে, সেগুলি ব্র্যান্ডের নির্দেশেই তাঁর আইনজীবীরা করেছেন।

প্রথম ঘটনাটি ২০০৪ সালে। লন্ডনের সোহোয় এক জন্মদিনের পার্টিতে এমটিভির এক কর্মী ব্র্যান্ডের সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন। ব্র্যান্ড তাঁর বুকে হাত দেন। বিচারপতির কথায়, মহিলা আলাপ করতে চেয়েছেন বলেই তাঁকে এ ভাবে ছোঁয়ার অধিকার জন্মেছে বলে ধরে নিয়েছিলেন ব্র্যান্ড। ওই মহিলা আদালতকে জানান, পরে বহুবার ব্র্যান্ডকে এমন ভঙ্গিতে ঘুরে বেড়াতে দেখেছেন যেন কেউ তাঁর কিচ্ছু করতে পারবে না। সেই দৃশ্য দেখলে তাঁর গা গুলিয়ে উঠত।

পরের বছর চয়েস এফএম রেডিও স্টেশনে কর্মরত আর এক মহিলাকে সঙ্গীদের সামনেই জোর করে চুমু খান ব্র্যান্ড, তাঁর বুক চেপে ধরেন। ওই মহিলা জানান, গায়ের জোরে তাঁকে কাবু করে ব্র্যান্ড হেসেছিলেন। ২০০৯ সালে চ্যানেল ফোরের একটি রেকর্ডিংয়ের সময়ও সঙ্গীরা উপস্থিত ছিলেন। সেখানে এক মহিলাকে দিয়ে জোর করে মালিশ করানো হয়। তার পর তাঁর কোলে মাথা রেখে তাঁকে যৌন নিগ্রহ করেন ব্র্যান্ড।

ধর্ষণের ঘটনাটিও ২০০৯ সালের। লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলোয় অনুষ্ঠান শেষে ভিড়ের মধ্যে থেকে একুশ বছরের এক অনুরাগীকে বেছে নেন ব্র্যান্ড। পরে লন্ডনে নিজের বাড়িতে তাঁকে ধর্ষণ করেন। আদালতে ওই তরুণী জানান, ঘটনার পরে খাওয়াঘুমের ছন্দ ভেঙে পড়েছিল। কিছুদিন কাজ থেকে ছুটি নিতে হয়। নিরাপদ বোধ করতেন না বলে বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছিলেন। এত বছর পরেও সেই রাতের স্মৃতি প্রতিদিন বয়ে বেড়ান তিনি।

মহিলাদের সম্মতি নিয়ে বিচারপতির বক্তব্য ছিল স্পষ্ট। এক জন মহিলা কী পরেছেন, কোথায় গিয়েছেন বা কী পান করেছেন, তার উপর তাঁর ‘না’ বলার অধিকার নির্ভর করে না। সেই অধিকার লঙ্ঘিত হলে তিনি আদালতে বিচার চাইতে পারেন।

সাজার শুনানিতে ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার দাবি করেন, তাঁর মক্কেল আজ বদলে গিয়েছেন। তাঁর পক্ষে চরিত্রের সাক্ষ্য দিয়েছেন ছ’জন। তাঁদের মধ্যে জর্জিনা বেইলি জানান, মদের আসক্তি কাটাতে ব্র্যান্ড তাঁকে সাহায্য করেছিলেন, পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার খরচও দিয়েছিলেন। উইন্টার আদালতকে আরও জানান, সদ্য দশে পা দেওয়া সন্তানকে কী ভাবে বাবার কারাবাসের কথা বোঝাবেন, তা নিয়ে ব্র্যান্ড ও তাঁর স্ত্রী লরা দিশাহারা। বিচারপতি বলেন, বাবার অনুপস্থিতিতে সন্তানদের কষ্ট হবে, তবে সেই কষ্টের জন্য ব্র্যান্ডের অপরাধই দায়ী।

সাজা শোনার সময় ব্র্যান্ডের মুখে কোনও ভাবান্তর দেখা যায়নি। কাঠগড়া থেকে নিয়ে যাওয়ার সময় স্ত্রীকে তিনি বলেন, তাঁরা ঠিক সামলে নেবেন। লরা তাঁকে ভালবাসার কথা জানিয়ে কাঁদতে কাঁদতে আদালত ছাড়েন। এদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণের আরও দু’টি অভিযোগের তদন্ত চলছে।