২০২৪ সালে সিডনিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে এক কিশোর। আদালতে সে জানিয়েছে, টিকটকে প্রথম উগ্রপন্থী ভিডিয়ো দেখার পর অনলাইনেই সে ধীরে ধীরে উগ্রপন্থায় জড়িয়ে পড়ে। হামলার পরিকল্পনা করতে সে চ্যাটজিপিটিরও সাহায্য নিয়েছিল।

ঘটনার সময় তার সবে চোদ্দো বছর পূর্ণ হয়েছিল। এখন তার বয়স ষোলো। নাবালক হওয়ায় আদালতের নথিতে তার ছদ্মনাম ‘আরকে’। সন্ত্রাসী হামলার প্রস্তুতি বা পরিকল্পনার জন্য পদক্ষেপ করার অভিযোগে সে দোষ স্বীকার করেছে। সোমবার সাজা ঘোষণার সময় নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট তাকে তিন বছরের ‘কমিউনিটি কারেকশনস অর্ডার’-এর অধীনে রাখার নির্দেশ দেয়। ফলে সে জেলের বাইরে থেকেই আদালতের নির্ধারিত শর্ত মেনে চলবে।

বিচারপতি স্টিফেন ক্যাম্পবেল রায়ে লিখেছেন, “প্রথম দিকে সে ইতিহাস নিয়ে নানা বিষয় দেখত, যার কিছুতে হয়তো রাজনীতিরও প্রসঙ্গ ছিল। ক্রুসেডে অংশ নেওয়া যোদ্ধাদের আর ‘তাদের সাম্রাজ্য’ নিয়ে ভিডিয়ো দেখেছিল সে। এর পর সে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনা, তার জেরে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধগুলি নিয়ে ভিডিয়ো দেখতে শুরু করে।”

বিচারপতি জানান, এর পর আরকে ধর্মীয় বিষয় নিয়ে ভিডিয়ো দেখতে শুরু করে। সেখান থেকে সে এমন সব ভিডিয়োয় পৌঁছয়, যেগুলিতে হিংসার মাত্রা ক্রমেই বাড়ছিল। ইন্টারনেটে অন্যদের সঙ্গেও এ সব নিয়ে তার কথাবার্তা শুরু হয়।

আরকে আদালতে জানিয়েছে, অনলাইনে যাদের সঙ্গে তার আলাপ হয়েছিল, তাদের চোখে নিজেকে জাহির করতে চেয়েছিল সে। হামলার সম্ভাব্য জায়গা হিসেবে সিডনি অপেরা হাউসের কথা তার মাথায় আসে। তার কথায়, ইউটিউবে যখন সে বোমা তৈরির ভিডিয়ো খুঁজতে শুরু করে, তত দিনে সে উগ্রপন্থায় জড়িয়ে পড়েছিল। উগ্রপন্থীদের প্রচারে তার ‘মগজধোলাই’ হয়ে গিয়েছিল। বিচারপতি ক্যাম্পবেল অবশ্য জানান, সন্ত্রাসী হামলা চালানোর কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা আরকের ছিল না। বোমা তৈরির কোনও উপকরণও সে জোগাড় করেনি।

টেলিগ্রামে প্রেশার কুকার বোমা তৈরির নির্দেশনা চেয়েছিল আরকে। বস্টন ম্যারাথনে বোমা হামলাকারীদের মধ্যে যে বেঁচে আছে, সেই জোখার সারনায়েভের সঙ্গেও সে ইমেলে যোগাযোগের চেষ্টা করেছিল। সারনায়েভ সম্পর্কে তথ্য জানতে সে চ্যাটজিপিটির দ্বারস্থ হয়। বন্দিরা বাইরের দুনিয়ার খবর জানতে পারেন কি না, তা-ও সে ওই এআই চ্যাটবটকে জিজ্ঞেস করেছিল।

বিচারপতি রায়ে লিখেছেন, “আমার মনে হয়েছে, নিজের কাজের তাৎপর্য এই কিশোর একেবারেই বোঝেনি। জেল কর্তৃপক্ষের প্রকাশ্য ইমেল ঠিকানায় সে লিখে জানতে চেয়েছিল, সারনায়েভকে ইমেল পাঠানো যাবে কি না।” শেষ পর্যন্ত সারনায়েভের সঙ্গে আরকের কোনও যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন বিচারপতি।

সিডনি ম্যারাথনের দৌড় যেখানে শেষ হয়, সেই সিডনি অপেরা হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিল আরকে। সে আরও জানতে চেয়েছিল, নিউ সাউথ ওয়েলসে সন্ত্রাসীদের কোন জেলে রাখা হয়। ইউটিউবে সে সিডনি অপেরা হাউস নিয়ে ভিডিয়ো দেখেছিল। সমকামীদের নাইটক্লাব এবং অন্য যেসব জায়গায় তার ভাষায় ‘বিধর্মীরা’ জড়ো হন, সেগুলি নিয়েও খোঁজখবর নিয়েছিল।