পিঠে একবার হাত রাখা, গালে একটি চুমু। গত বছর তাইপেইয়ের এক রেস্তোরাঁয় জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের দেখা হওয়ার সেই ভিডিয়ো প্রথম দর্শনে আলাদা করে চোখে পড়ার মতো কিছু নয়। কিন্তু রবিবার এনভিডিয়ার প্রধান নির্বাহী স্বীকার করেছেন, অ্যালিসের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই স্বীকারোক্তির পরে দৃশ্যটি অন্য অর্থ পেয়েছে।

পদবি এক হলেও দু’জনের মধ্যে আত্মীয়তা নেই। অ্যালিস ছিলেন এনভিডিয়ার কাছ থেকে চিপ কেনে এমন এক সংস্থার পদস্থ কর্তা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তিরও অভিযোগ রয়েছে।

দুনিয়া জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপুল প্রসার, তার অন্যতম প্রধান স্তম্ভ এনভিডিয়া। সংস্থার কর্ণধারকে কোনও বিদেশি গোয়েন্দা সংস্থা নিশানা করেছিল কি না, তা জানতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া। পরিচালন পর্ষদ জানিয়েছে, “জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়েছে বা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে বলে মনে করার কোনও কারণ এই মুহূর্তে পর্ষদের নেই। তবু যত তথ্য পাওয়া যায়, তদন্তে সবই খতিয়ে দেখা হবে।”

চেনা চামড়ার জ্যাকেট গায়ে ৬৩ বছরের জেনসেন হুয়াং এআই বিপ্লবের মুখ হয়ে উঠেছেন। নিজের আচরণ সম্পর্কে তাঁর স্বীকারোক্তি, “এর কোনও অজুহাত নেই।” এই ঘটনায় তাঁর ব্যক্তিগত সুনাম ধাক্কা খেয়েছে। প্রশ্ন হল, এনভিডিয়ার কতটা ক্ষতি হয়েছে? আমেরিকার জাতীয় নিরাপত্তাই বা কতটা বিপন্ন হয়েছে?

ঘটনাটির প্রথম আভাস মেলে গত বছর। এআইয়ের এই সোনার খনিতে কোদালের জোগান দেয় এনভিডিয়া। তাদের তৈরি শক্তিশালী চিপের এক সিঙ্গাপুরি ক্রেতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল সংবাদ মাধ্যম। সন্দেহ ছিল, মেগাস্পিড নামে সংস্থাটি এনভিডিয়ার কাছ থেকে পাওয়া চিপের একাংশ ঘুরপথে চিনে পাঠাচ্ছে। তা হয়ে থাকলে চিনে এআই চিপ রপ্তানির উপরে আমেরিকার বিধিনিষেধ ভেঙেই সেই চিপ পৌঁছেছে এআইয়ের দৌড়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীর হাতে। এনভিডিয়া ও মেগাস্পিড, দু’পক্ষই অভিযোগ অস্বীকার করে।

গত মাসে একটি সংবাদ মাধ্যম আরও একটি চমকপ্রদ খবর প্রকাশ করে। মেগাস্পিডের কর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের “ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে উঠেছিল। মার্কিন আধিকারিকদের ধারণা ছিল, চিনা গোয়েন্দারা অ্যালিসকে তাঁদের কাজে লাগাতেন। খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে সে কথা জানানো হয়েছিল। তিনি কোনও পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। এখন জেনসেন নিজেই জানিয়েছেন, সেই ঘনিষ্ঠতা কত দূর গড়িয়েছিল।

অ্যালিসের সূত্রে চিন কী পেয়ে থাকতে পারে, সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছে আর একটি সম্পর্ক। এক দিকে বাজারমূল্যের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থার কর্ণধার, অন্য দিকে মার্কিন প্রেসিডেন্ট। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ব্যতিক্রমী।

সোমবার সংবাদ মাধ্যম–এর প্রতিবেদনে বলা হয়, মেগাস্পিড চিপ পাচারে জড়িত কি না, তা নিয়ে মার্কিন বাণিজ্য দপ্তরের তদন্ত বন্ধ করতে এনভিডিয়া চাপ দিয়েছিল এবং সেই চাপ কাজে এসেছিল বলেই মনে হচ্ছে। ট্রাম্পের নিয়োগ করা এক আধিকারিকের মাধ্যমে সেই চাপ পৌঁছেছিল। তদন্তটি নিয়ে এনভিডিয়াকে যোগাযোগ করার সুযোগ দিয়েছিলেন তিনিই।

গত বছর চিপের চালান ঘুরপথে অন্যত্র পাঠানোর খবর প্রকাশিত হলে মেগাস্পিড বলেছিল, “মেগাস্পিড সিঙ্গাপুরের সংস্থা। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ বিধি-সহ প্রযোজ্য সমস্ত আইন পুরোপুরি মেনেই আমরা ব্যবসা করি।”

দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প অন্তত সাত বার এনভিডিয়ার কর্ণধারের সঙ্গে দেখা করেছেন। প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে সফর করেছেন হুয়াং। প্রকাশ্য অনুষ্ঠানে থাকাকালীনও তাঁর কাছে প্রেসিডেন্টের ফোন এসেছে, তিনি তা ধরেছেন।

অন্তত চারটি বৈঠকে উঠেছে আমেরিকা-চিন সম্পর্কের অন্যতম স্পর্শকাতর প্রসঙ্গ। বিশ্বের সবচেয়ে উন্নত এআই চিপ রপ্তানির উপরে কতটা নিয়ন্ত্রণ রাখবে ওয়াশিংটন? এই চিপের প্রায় পুরোটাই বিক্রি করে এনভিডিয়া।

প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আমেরিকায় ‘চিপস অ্যাক্ট’ পাস হয়। সে সময় মার্কিন প্রযুক্তি সংস্থা এবং তাদের বিদেশি বাণিজ্যিক সহযোগীদের উপরে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কোন সেমিকন্ডাক্টর প্রযুক্তি মার্কিন সংস্থাগুলি বিদেশের কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবে, তা নিয়ন্ত্রণ করাই ছিল উদ্দেশ্য। বিশেষ নজর ছিল সেই সব প্রতিষ্ঠানের দিকে, যাদের উপরে ওই প্রযুক্তি চিনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ আসতে পারে। লাইসেন্সের কড়া শর্ত বেঁধে দেওয়ায় প্রযুক্তি কেনার পরেও তার ব্যবহারে বিদেশি ক্রেতাদের স্বাধীনতা সীমিত হয়।

এনভিডিয়ার ব্যবসার পক্ষে এ ছিল দুঃসংবাদ। তাদের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ চিপের বৃহত্তম বাজারগুলির একটি ছিল চিন। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংস্থার মোট আয়ের প্রায় এক-চতুর্থাংশই আসত সেখান থেকে। বিধিনিষেধ চালু হলে এনভিডিয়া তাদের সেরা চিপগুলির ক্ষমতা কিছুটা কমিয়ে চিনে বিক্রি করতে শুরু করে। এ৮০০ ও এইচ৮০০ তার উদাহরণ। পরে সেই সব চিপেরও কয়েকটির উপরে নিষেধাজ্ঞা জারি হয়। এনভিডিয়াকে ফের তড়িঘড়ি অন্য পথ খুঁজতে হয়।

ট্রাম্পের আমলে ছবিটা বদলাল। শপথ নেওয়ার মাত্র ছ’দিনের মাথায় এআই নীতি ও চিপ রপ্তানি নিয়ে আলোচনার জন্য হুয়াংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট। ২০২৫ সালের জুলাই ও অগস্টে দু’জনের আবার দেখা হয়। তার পরেই হুয়াংয়ের পক্ষে গেল সিদ্ধান্ত। আগে যে সব চিপ চিনে রপ্তানি করা নিষিদ্ধ ছিল, তার কয়েকটি বিক্রির অনুমতি দিলেন ট্রাম্প। বিনিময়ে ওই বিক্রির আয়ের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে রাজি হল এনভিডিয়া।

বিশেষজ্ঞদের মতে, এই সমঝোতা বেজিংকে এআই গবেষণার সামনের সারিতে পাল্লা দিতে সাহায্য করবে। অর্থাৎ অ্যানথ্রপিক বা ওপেনএআইয়ের মতো সংস্থা যে ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করছে, চিনও তাদের সমকক্ষ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পাবে।

পাঁচ মাস পরে ট্রাম্পের সঙ্গে আরও এক বৈঠকের কয়েক দিনের মধ্যেই হুয়াং আরও বড় ছাড় আদায় করলেন বলে মনে হল। এ বার চিনে এইচ২০০ রপ্তানির অনুমতি দিতে রাজি হলেন প্রেসিডেন্ট। এটি আগের চিপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিনিময়ে বিক্রির আয়ের ২৫ শতাংশ পাবে মার্কিন সরকার। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখলেন, “প্রেসিডেন্ট শি ইতিবাচক সাড়া দিয়েছেন!”

বড় প্রযুক্তি সংস্থাগুলি তাদের পছন্দের নীতির পক্ষে ওয়াশিংটনে দরবার করে, এ অস্বাভাবিক কিছু নয়। ট্রাম্পও তাঁর পছন্দের লোকেদের নিজের কাছে ঘেঁষতে দেন, তাঁদের সুবিধাজনক শর্তে চুক্তির সুযোগ দেন। এও পরিচিত ব্যাপার।

এখন এর সঙ্গে আরও একটি তথ্য জুড়ল। এনভিডিয়ার পক্ষে ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে হুয়াং এমন এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে ছিলেন, যাঁর বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। দু’জনকে প্রথম একসঙ্গে ছবিতে দেখা যায় ২০২৪ সালের মাঝামাঝি। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার কয়েক মাস পরে তাইপেইয়ের রেস্তোরাঁয় তাঁদের সেই ভিডিয়ো তোলা হয়। চিপ রপ্তানিতে ছাড় আদায়ের জন্য হুয়াং তখন জোর দরবার করছেন। চিনে এইচ২০০ বিক্রির অনুমতি দিতে ট্রাম্প তার পরে রাজি হন।

এই সম্পর্কের সুবাদে অ্যালিস কী কী জানতে পেরে থাকতে পারেন? তার কতটা তিনি অন্য কারও কাছে পৌঁছে দিয়ে থাকতে পারেন? জানার সুযোগ ছিল বিস্তর। মার্কিন নীতি যখন তৈরি হচ্ছে, তখনই তার আভাস মিলতে পারত। এআই নিয়ে ট্রাম্পের নিজের এলোমেলো চিন্তাভাবনারও আঁচ পাওয়া যেত। এমনকি হোয়াইট হাউসের বাইরের জগতেরও কত খবর তাঁর কানে এসে থাকতে পারে।

একের পর এক দেশের সরকার যখন নিজেদের এআই নীতি তৈরি করছিল, তাদের কাছে হুয়াং ছিলেন গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। সে বছর দক্ষিণ কোরিয়া থেকে সৌদি আরব, নানা দেশের নেতাদের সঙ্গে তিনি দেখা করেছেন। লন্ডনে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে একই মঞ্চে উঠেছেন।

পৃথিবীর বহু সরকারের কাছে প্রযুক্তিনীতি নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এআই নিয়ে তারা কত দূর যেতে চায়। সেই সব পরিকল্পনার খুঁটিনাটি হুয়াংয়ের জানার কথা। কারণ, অনেক ক্ষেত্রেই তাঁর সংস্থাই ছিল একমাত্র প্রতিষ্ঠান, যার পক্ষে সেই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। ব্রিটেনের ক্ষেত্রে অন্তত কথাটা নিঃসন্দেহে সত্যি।

এনভিডিয়ার প্রযুক্তিতে চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা যত অসাধ্যই সাধন করুক, আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের কাছে সবচেয়ে দামি হল হুয়াং নামের মানুষটির কাছে থাকা খবর।